যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের ধাক্কায় নতুন করে চাপে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্প। অর্ডার অনুযায়ী ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক এখন রপ্তানিকারকদের কাঁধে চাপিয়ে দিচ্ছেন বিদেশি ক্রেতারা। কোথাও কোথাও এই চাপ মিলিয়ন ডলারের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে বড় ধাক্কা খেতে পারে দেশের রপ্তানি খাত। আর এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে।
গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বাংলাদেশসহ কয়েকটি দেশের পোশাকসহ নানা পণ্যে সর্বোচ্চ ৩৭ শতাংশ শুল্ক বসান। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চিঠির পর তিন মাসের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত হয়। তবে ১০ শতাংশ বাড়তি শুল্ক বহাল থাকে। এখন সেই বাড়তি শুল্কই পুশ করা হচ্ছে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের ওপর।
বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বাণিজ্য মন্ত্রণালয় আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও কাজে আসছে না। মার্কিন ক্রেতারা এখনই অতিরিক্ত শুল্কের চাপ দিচ্ছেন। কেউ ৫ শতাংশ, কেউ ৩ শতাংশ—এই হার অর্ডারভেদে ভিন্ন। কারখানাগুলো বাধ্য হয়ে এই বাড়তি বোঝা বইছে।
তিনি জানান, চট্টগ্রামের একটি কারখানাকে শুধু শুল্ক বাবদ গুনতে হয়েছে ২ দশমিক ৪ মিলিয়ন ডলার। টাকায় যা প্রায় ২৯ কোটি।
এদিকে, মার্কিন বাণিজ্য দপ্তরের টেক্সটাইল শাখা ‘অটেক্সা’ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ২২২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬৪ শতাংশ বেশি। শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের মধ্যে এই সময় বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি।
তবে এপ্রিল থেকে বাড়তি শুল্ক কার্যকর হওয়ায় রপ্তানি কতটা কমেছে, সে তথ্য এখনো আসেনি। কিন্তু প্রস্তুতকারকরা বলছেন, মার্কিন বাজারে অর্ডার কমে যাওয়ার শঙ্কা বাড়ছে।
তারা বলছেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অনিশ্চয়তা, গ্যাস-বিদ্যুৎ সংকট, শ্রমিক অসন্তোষের কারণে চাপের মধ্যে রয়েছে তৈরি পোশাক খাত। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক। এখন এই চাপে উৎপাদন ও রপ্তানি দুটোই হুমকির মুখে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, তিন মাসের স্থগিতাদেশের পর কী হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। তবে আশঙ্কা রয়ে গেছে।
তিনি জানান, ট্রাম্পের শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পোশাকের খুচরা বিক্রি ৩২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। দাম বাড়লে ভোক্তারা পোশাক কেনা কমিয়ে দেবেন। ফলে বিক্রিও কমবে। তখন অর্ডারও কমে আসবে। আর এর ধাক্কা পড়বে সরাসরি বাংলাদেশের পোশাক খাতে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এখনই প্রয়োজন দ্রুত কূটনৈতিক পদক্ষেপ। নইলে রপ্তানি বাজারে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

