সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং শাখাগুলো খোলা থাকবে। এর ফলে গ্রাহকরা নানা ধরনের লেনদেন করতে পারবেন। একই সাথে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চলবে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।
বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত সপ্তাহে আলাদাভাবে এমন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ মে শনিবার ও ১৭ মে শনিবারও সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।
সরকারি নির্দেশনায় পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পালন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৬ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঈদুল আজহার কারণে ১০ দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়। এই ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।
উপদেষ্টা পরিষদের আরেক সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটি শুরু হওয়ার আগে ১৭ ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সব সরকারি অফিস খোলা থাকবে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে।

