আগামী এক দশকে যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১৫ মে) এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আবুধাবির কাসর আল ওয়াতানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক আলোচনার সময় এ তথ্য জানান তিনি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
শেখ মোহাম্মদ জানান, এই বিপুল বিনিয়োগ বাস্তবায়ন করবে আমিরাতের বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান। মূল লক্ষ্য থাকবে নতুন অর্থনীতি, জ্বালানি, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিল্প খাত।
তিনি বলেন, মহাকাশ কার্যক্রমেও আমিরাত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের মধ্যে রয়েছে মঙ্গল গ্রহ অনুসন্ধান, মহাকাশচারী মিশন এবং গ্রহাণু বেল্টে গবেষণার মতো প্রকল্প।
ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে শেখ মোহাম্মদ বলেন, “গত মার্চে আপনি বলেছিলেন, আমিরাত ও যুক্তরাষ্ট্র সবসময় শান্তি ও নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করে। আমি আজ সেই প্রতিশ্রুতি আবার নিশ্চিত করছি। আমরা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “এই সফর আমাদের সম্পর্ককে আরও গভীর করবে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।”
এদিকে, আবুধাবি বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। সফরের অংশ হিসেবে তিনি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদের সঙ্গে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদও পরিদর্শন করেন।
উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের সফরের এটি ছিল শেষ গন্তব্য। এর আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেন। ২০০৮ সালের পর এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট আবুধাবি সফর করলেন। সে সময় এসেছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

