দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫২ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। আজ ১৬ মে, শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকায়। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকা। ১৮ ক্যারেট সোনার এক ভরির দাম ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ১২ হাজার ৩৩ টাকায়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচা সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দাম কমানো হয়েছে। তবে এই মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে ১৩ মে সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল, তখন ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৪ বার সোনার দাম পরিবর্তন হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

