গাজীপুরে ভয়াবহ গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এলাকার হাজার হাজার শিল্পকারখানার উৎপাদন। বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও সিরামিক শিল্পখাতের কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। গ্যাস সংকটের পাশাপাশি বেড়েছে লোডশেডিংও। উৎপাদন সচল রাখতে জেনারেটর চালাতে হচ্ছে ডিজেলে, ফলে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়, আর কমে যাচ্ছে সামগ্রিক উৎপাদন সক্ষমতা।
কারখানাগুলোর মালিকেরা বলছেন, চলমান পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া, ক্রেতার কাছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা—সবকিছুই এখন হুমকির মুখে।
কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য যেখানে প্রয়োজন কমপক্ষে ৩ পিএসআই গ্যাস সরবরাহ, সেখানে এখন পাওয়া যাচ্ছে মাত্র ০.৫ থেকে ১ পিএসআই। ফলে অধিকাংশ সময় শ্রমিকদের কর্মহীন অবস্থায় বসে থাকতে হচ্ছে।
এছাড়া গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কমে যাওয়ায় শিল্প এলাকার বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে। আর এই ঘাটতি পুষিয়ে নিতে ব্যবহার করা ডিজেলচালিত জেনারেটর খরচ বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে।
শিল্প মালিকেরা কারখানায় সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য সরকারের সহায়তা কামনা করেছেন। পাশাপাশি দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানিয়ে আসছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট নিরসনে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্যাস লাইনে সরবরাহ বাড়লেই ধীরে ধীরে সমস্যা কেটে যাবে।
উল্লেখ্য, গাজীপুরে বর্তমানে প্রায় ৫ হাজার ছোট-বড় কারখানা রয়েছে, যেগুলোর অধিকাংশই গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীল। তাই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে স্থায়ী সমাধান না হলে দেশের অন্যতম বৃহৎ শিল্প অঞ্চল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

