জনপ্রশাসনে সংস্কারের ডাক দেওয়া হয়েছিল অনেক আগেই। কমিশন সুপারিশ করেছিল, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সচিবদের সংখ্যা কমিয়ে আনা হোক ৬০ জনে। বাড়ানো হোক স্বচ্ছতা, জবাবদিহিতা। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কিছুই হয়নি।
এদিকে, সরকারি ব্যয় বেড়েই চলেছে। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ব্যয় বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। বেতন, ভাতা, চুক্তিভিত্তিক নিয়োগ আর পদোন্নতির চাপে এই ব্যয় আরও বাড়বে বলেই আশঙ্কা।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় বাড়লেও কাঠামোগত কোনো সংস্কার না হওয়ায় জনগণ সেবা পাচ্ছে না। বরং সেবার মান নিয়েই উঠছে প্রশ্ন।
‘সাধারণ সেবা খাত’ নামে পরিচিত এই খাতেই বরাদ্দ হয় বাজেটের বড় অংশ। এখানে অন্তর্ভুক্ত রাষ্ট্রপতি কার্যালয়, সংসদ, প্রধানমন্ত্রীর দফতর, মন্ত্রণালয়, কমিশন ও পরিসংখ্যান বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা।
অর্থ বিভাগের তথ্য বলছে, চলতি অর্থবছরের সাত মাসেই এই খাতে ব্যয় হয়েছে ৪৭ হাজার ৯৯০ কোটি টাকা। গত বছর ছিল ৩২ হাজার ৮৪ কোটি। এক বছরে বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।
এর মধ্যে শুধু বেতন-ভাতায় গেছে ৩৭ হাজার কোটি টাকার বেশি। আইনশৃঙ্খলা রক্ষায় খরচ হয়েছে প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকা। সবখানেই ব্যয়ের ঊর্ধ্বগতি।
এই পরিস্থিতিতে প্রশাসনের সংস্কার আরও জরুরি হয়ে উঠেছে। কিন্তু বাস্তবে তার কোনো আলামত নেই।
যদিও জনপ্রশাসন সচিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনো প্রতিক্রিয়া। তবে অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম জানিয়েছেন, এটা একক কোনো মন্ত্রণালয়ের কাজ নয়। কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসন সংস্কার কমিশনের জরিপ বলছে, দেশের ৮৪ শতাংশ মানুষ প্রশাসনে সংস্কার চান। ৮০ শতাংশ মনে করেন, প্রশাসন এখনো জনবান্ধব নয়। ৬৯ শতাংশের মতে, গত ১৫ বছরে প্রশাসনে ছিল না নিরপেক্ষতা। রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতিকে প্রধান বাধা মনে করেন অধিকাংশ মানুষ।
জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। ৯৬ শতাংশের অভিজ্ঞতা, প্রশাসনে নেই স্বচ্ছতা।
কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলছেন, তাদের কাজ ছিল রিপোর্ট তৈরি করা। এখন দায়িত্ব সরকারের।
কিন্তু বাস্তবতা বলছে, সংস্কার নিয়ে সরকারের আগ্রহ এখনও অনুপস্থিত। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক সদিচ্ছার অভাব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদিক হাসান বলেন, বড় ধরনের সংস্কারে দরকার রাজনৈতিক ঐকমত্য। না হলে শুধু সুপারিশ দিয়েই লাভ নেই।
এদিকে, সরকারি কর্মচারীদের সর্বশেষ পে-স্কেল আসে ২০১৫ সালে। এরপর নতুন করে বেতন বাড়েনি। যদিও মহার্ঘ ভাতা চালু নিয়ে আলোচনা চলছে। তবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এখনো বন্ধ।
অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাড়লেও খরচের অনেকটাই অকার্যকর। যেমন ২০২৩-২৪ অর্থবছরে বেতন খাতে বরাদ্দ ছিল ৮০ হাজার কোটি টাকা। খরচ হয়েছে মাত্র ৬৮ হাজার কোটি।
সাবেক সচিব একেএম আবদুল আউয়াল মজুমদার বলেন, বেতন বাড়িয়ে সেবা বাড়বে না, যদি জবাবদিহিতা না থাকে। দুর্নীতি এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বেতন-ভাতা বাড়াতে হবে কিন্তু একই সঙ্গে চাই কঠোর নজরদারি।
আরেক সাবেক সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, সুপারিশগুলো আলাদাভাবে নয়, একসঙ্গে পর্যালোচনা করতে হবে। প্রশাসন রাষ্ট্র কাঠামোরই অংশ। তাই সার্বিক সংস্কার ছাড়া ফল মিলবে না।
এখন প্রশ্ন, প্রশাসনে যে সংস্কারের ডাক বহুদিন ধরে শোনা যাচ্ছে, তা আদৌ বাস্তবায়ন হবে তো?

