যুক্তরাষ্ট্রের শুল্কনীতির ফলে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমদানিনির্ভর পণ্যের ওপর শুল্ক আরোপের কারণে কোম্পানিটির খরচ বেড়ে গেছে। সেই বাড়তি খরচ সামলাতে প্রতিষ্ঠানটি এখন পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে।
বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে ওয়ালমার্টের প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলান জানান, প্রশাসনের সাম্প্রতিক শুল্ক আরোপ আপাতত স্থগিত হওয়ায় তাঁরা কৃতজ্ঞ। তবে ইতিমধ্যেই যেসব শুল্ক কার্যকর হয়েছে তা কোম্পানির উপর বাড়তি খরচের চাপ তৈরি করেছে। ফলে অনেক ক্ষেত্রেই পণ্যের দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই।
ডগ ম্যাকমিলান বলেন, ‘আমরা সব সময় পণ্যের দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করি। কিন্তু এবারের শুল্কের চাপ এতটাই বেশি যে আমরা পুরোটা নিজেদের কাঁধে নিতে পারছি না।’ তিনি আরও জানান, কোস্টারিকা, কলম্বিয়া ও পেরুর মতো তুলনামূলক কম আলোচনায় আসা দেশ থেকে আমদানি করা কলা, অ্যাভোকাডো, কফি ও গোলাপের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সরাসরি শুল্কের প্রভাবে বেড়েছে।
ওয়ালমার্টের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তারা যে পণ্য বিক্রি করে, তার প্রায় দুই-তৃতীয়াংশই দেশেই উৎপাদিত বা সংযোজিত। তবে ইলেকট্রনিক পণ্য ও খেলনার মতো কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে প্রধান সরবরাহকারী দেশ চীন। এসব পণ্যের ক্ষেত্রে শুল্ক বাড়ায় সরাসরি খরচও বেড়েছে।
ওয়ালমার্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জন ডেভিড রেইনি জানান, চলতি মাস থেকেই তাঁদের বিক্রয়কেন্দ্রে পণ্যের দাম বাড়ার প্রভাব দৃশ্যমান হতে পারে। জুন মাসে এই প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করেন।
শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবেশী কানাডাও ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এর ফলে সেখানকার বড় খুচরা বিক্রেতারা ভোক্তাদের ওপর প্রভাব পড়ার বিষয়ে আগেভাগেই সতর্ক করছে। কানাডার অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা লবলউসের প্রধান নির্বাহী পের ব্যাংক সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে শুল্ক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কানাডার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। ফলে মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশটির নাগরিকরা মুক্তি পাচ্ছেন না।
এই পরিস্থিতি সামনে এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্পের নেতৃত্বাধীন বাণিজ্যযুদ্ধ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশ্লেষকদের মতে, ভোক্তাপর্যায়ে মূল্যবৃদ্ধি বাড়ার প্রেক্ষাপটে প্রশাসনের এই পাল্টা শুল্কনীতি কতটা টিকবে এবং এতে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে।
ওয়ালমার্টের কর্মকর্তারা জানিয়েছেন, তারা খাদ্যদ্রব্যকে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে রক্ষার চেষ্টা করছেন। একইসঙ্গে বাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত সরবরাহব্যবস্থায় পরিবর্তন আনতে প্রস্তুত রয়েছেন। তবে আগামী তিন মাসের লাভের বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না কারণ পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যাচ্ছে।
বাজারে সামগ্রিকভাবে পণ্য বিক্রি এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ওয়ালমার্ট। ফেব্রুয়ারি মাসে কিছুটা মন্দাভাব থাকলেও মার্চ ও এপ্রিল মাসে বিক্রি বেড়েছে। কর্মকর্তারা মনে করছেন, ফেব্রুয়ারির ধীরগতির জন্য খারাপ আবহাওয়াই মূলত দায়ী।
ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই তিন মাসে ওয়ালমার্টের মোট রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ১৬ হাজার ৫৬০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে যেসব স্টোর এক বছরের বেশি সময় ধরে খোলা, সেখানে পণ্য বিক্রি বেড়েছে সাড়ে ৪ শতাংশ। তবে এই সময়ে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন বা ৪৪০ কোটি ডলার যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ কম।
এই চিত্র থেকেই স্পষ্ট, আন্তর্জাতিক বাণিজ্যনীতির প্রভাব এখন সরাসরি বিশ্বের বড় খুচরা বাজারেও পড়ছে। মূল্যস্ফীতির চাপে ভোক্তা, ব্যবসায়ী ও উৎপাদক সব পক্ষই এক ধরনের অনিশ্চয়তার মুখোমুখি।

