পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) জন্য বরাদ্দ দেওয়া প্রায় ৯ হাজার ৪৬৭ একর জমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে দ্বীপটির পরিবেশ রক্ষা ও বনভূমি সংরক্ষণের কার্যক্রমে গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর।
গত ৫ মে ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-২ শাখা থেকে উপসচিব মাসুদ কামালের স্বাক্ষরে এক সরকারি স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, মহেশখালী উপজেলার সোনাদিয়া মৌজার ২ হাজার ৭১২ একর, প্রস্তাবিত সমুদ্র বিলাস মৌজার ৪ হাজার ৮৩৯ একর এবং প্রস্তাবিত চর মকবুল মৌজার ১ হাজার ৯১৮ একর এই তিনটি মৌজার মোট ৯ হাজার ৪৬৭ একর খাসজমির বন্দোবস্ত বাতিল করা হলো। পূর্বে কেস নম্বর ৫/২০১৬-এর অধীনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য এই জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জমি বরাদ্দের পর সেখানে ইকো-ট্যুরিজম পার্ক গঠনের উদ্দেশ্যে কার্যক্রম শুরু হলেও বাস্তবে পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ড চালানো হয়। গাছ কাটা, চিংড়ির ঘের নির্মাণ ও খাল ভরাটের মতো কার্যকলাপে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতি পূরণে এখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন পরিকল্পনা গ্রহণ করছে।
সোনাদিয়া দ্বীপ পুনরুদ্ধারে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা, দ্বীপের খালের মুখ ও শাখা-প্রশাখাগুলোর ওপর নির্মিত বাঁধ অপসারণ করে স্বাভাবিক জোয়ার-ভাটার পানি প্রবাহ নিশ্চিত করা, বালিয়াড়ি ও সৈকত পুনরুদ্ধার এবং তা সংরক্ষণ করা। এছাড়াও কেওড়া, কেয়া, নিশিন্দা, নারকেল ও তালগাছসহ ম্যানগ্রোভ ও নন-ম্যানগ্রোভ প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনাও রয়েছে। দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হবে।
এর আগে ২০১৭ সালে কক্সবাজার জেলা প্রশাসন মাত্র ১ হাজার ১ টাকার সেলামিতে সোনাদিয়া দ্বীপের এই বিশাল ভূমি বেজাকে বরাদ্দ দিয়েছিল। তখন বেজা দেশের সবচেয়ে বড় ইকো-ট্যুরিজম পার্ক গড়ার লক্ষ্যে ভারতের মাহিন্দ্র ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে মাস্টারপ্ল্যান তৈরির দায়িত্ব দেয়।
তবে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের আলোকে ইকো-ট্যুরিজম পার্কের আড়ালে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম রোধে হাইকোর্টে রিট দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। হাইকোর্ট জমির বরাদ্দ স্থগিত করে দেয় এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকেও বন রক্ষার স্বার্থে বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ আট বছর পর এই জমি ফের বন বিভাগের অধীনে চলে আসছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বীপটির ৯ হাজার ৪৬৭ একর বনভূমিকে ‘রক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করা হবে। এ পদক্ষেপের ফলে দ্বীপে অবৈধ কার্যক্রম বন্ধের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক একটি পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বেজার অধীনে এতদিন থাকা জমির মালিকানা এখন ফেরত পাচ্ছে বন বিভাগ এবং ইতোমধ্যে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বেজার পরিচালক (বিনিয়োগ উন্নয়ন ও মনিটরিং) শাহীন আক্তার সুমি জানান, জমির হস্তান্তর কার্যক্রম নির্বিঘ্ন করতে কক্সবাজার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও বনজ সম্পদের পুনরুদ্ধারই এখন প্রধান অগ্রাধিকার যা সোনাদিয়া দ্বীপকে একটি টেকসই ও সংরক্ষিত জীববৈচিত্র্যের আশ্রয়স্থলে রূপ দিতে সহায়ক হবে।

