যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন অভাবনীয় অর্থনৈতিক অর্জনের মধ্য দিয়ে। পেট্রো ডলারের প্রবল বন্যায় ভেসে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় ২০০ বিলিয়ন ডলারের একাধিক বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি করেছেন। সফরের শেষ দিনে আবুধাবিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই দেশের সম্পর্ককে আরও গভীরতর করবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আবুধাবিভিত্তিক জাতীয় বিমান সংস্থা ইত্তিহাদ এয়ারওয়েজ ১৪.৫ বিলিয়ন ডলার ব্যয়ে বোয়িং কোম্পানির ২৮টি নতুন বিমান কেনার চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে বোয়িং ৭৮৭ এবং ৭৭৭এক্স সিরিজের বিমান, যেগুলোতে ব্যবহৃত হবে জিই এরোস্পেসের তৈরি উন্নত প্রযুক্তির ইঞ্জিন। এই বিশাল অর্ডার যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণ ও রপ্তানিখাতে বড় ধরনের গতি আনবে বলে মনে করছে হোয়াইট হাউস।
শুধু বিমান খাতেই নয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়েও দুই দেশের মধ্যে নতুন যুগের সূচনা হয়েছে। আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে এআই খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও গবেষণা সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়। এর আওতায় যুক্তরাষ্ট্র ও আমিরাত ‘এআই অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ নামে একটি যৌথ কাঠামো গঠনে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী এক দশকে আমিরাত ব্যাপক বিনিয়োগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে।
বৈঠকের পর ট্রাম্প ও শেখ মোহামেদ আল নাহিয়ান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস যা যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের উন্নতমানের এআই চিপ ও প্রযুক্তিতে আরও বেশি প্রবেশাধিকার পাবে। এতদিন আমিরাত থেকে এই প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র কিছু বিধিনিষেধ বজায় রেখেছিল। তবে এবার তা শিথিল করে দ্বিপাক্ষিক সহযোগিতার পথ উন্মুক্ত করা হলো।
মধ্যপ্রাচ্য সফরের পর প্রেসিডেন্ট ট্রাম্প ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি জানান, ইরানের কাছে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে এবং এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘তারা জানে, দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটতে পারে।’ তবে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যুদ্ধ ছাড়াই আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারব।’ ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সফরের শেষ দিনে ট্রাম্পের এই কূটনৈতিক ও অর্থনৈতিক ঘোষণা শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা মধ্যপ্রাচ্যেই নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে এআই প্রযুক্তিতে এমন অংশীদারিত্ব ভবিষ্যতের বৈশ্বিক প্রযুক্তিগত ভারসাম্যে বড় ভূমিকা রাখতে পারে।

