সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার মতো দেশে চাকরির খোঁজে যাওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য বিদেশ যাত্রার খরচ অন্যান্য দক্ষিণ এশীয় দেশের তুলনায় অনেক বেশি। এমনকি নেপাল, ভারত ও পাকিস্তানের তুলনায়ও তাদের ব্যয় অনেক বেশি হয়ে থাকে। শুধু নিয়োগ প্রক্রিয়াতেই নয় বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠানোর সময়ও তাদের গুণতে হয় অতিরিক্ত খরচ।
বিদেশে কঠোর পরিশ্রমের পর প্রায়শই এসব শ্রমিক পরিবারের চালানো, সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যতের সঞ্চয়ের জন্য দেশে টাকা পাঠান। কিন্তু রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত খরচের কারণে তাদের উপার্জনের একটি বড় অংশ মূলত নষ্ট হয়ে যায়।
২০২৪ সালে ১০০ ডলার দেশে পাঠাতে গড়ে খরচ হয়েছে ৯ ডলার ৪০ সেন্ট যা মাত্র তিন বছর আগের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লেনদেন ফি গড়ে ছিল ৩ ডলার, আর বাকিটা, প্রায় ৬ ডলার ৩০ সেন্ট, গেছে প্রতিকূল বিনিময় হারের কারণে। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেমিট্যান্স খরচের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় রয়েছে। একই পরিমাণ অর্থ পাঠাতে ভারতে গড় খরচ ছিল মাত্র ২ ডলার ৮০ সেন্ট, পাকিস্তানে ৫ ডলার ১০ সেন্ট এবং বৈশ্বিক গড় ছিল ৬ ডলার ৫০ সেন্টের কাছাকাছি।
এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত একটি গবেষণায়। গবেষণাটি করেছেন বিশ্বব্যাংকের পরামর্শদাতা ও বাংলাদেশি গবেষক হুসেইন সামাদ। তারা বিশ্বব্যাংকের রেমিট্যান্স প্রাইসেস ওয়ার্ল্ডওয়াইড (আরপিডব্লিউ) ডেটাবেইজ ব্যবহার করে ৪৮টি প্রেরণকারী এবং ১০৫টি গ্রহণকারী দেশের ৩৬৭টি রেমিট্যান্স করিডোরের খরচ বিশ্লেষণ করেছেন। এই তথ্যগুলো বাংলাদেশের জন্য এক কঠিন বাস্তবতা তুলে ধরেছে।
শুধু সংখ্যাতেই নয় ২০২৪ সালে লেনদেন ফি ও প্রতিকূল বিনিময় হারের কারণে বাংলাদেশি অভিবাসীরা মোট প্রায় ১৫ হাজার ৮৬০ কোটি টাকা (১.৩ বিলিয়ন ডলার) অতিরিক্ত ব্যয় করেছেন। এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে কুমিল্লার কোনো পরিবারের যাবতীয় মৌলিক চাহিদা মেটানো যেত বা চাঁপাইনবাবগঞ্জের একটি স্কুলের সারা বছরের খরচ দেওয়া সম্ভব ছিল। কিন্তু এই অর্থ হারিয়েছে অদক্ষ ও সুবিধাবাদী মূল্য নির্ধারণ ব্যবস্থার কারণে।
প্রায় ৬৫ লাখ প্রবাসী যদি গড়ে মাত্র ২০০ ডলার করে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন তবে এই অতিরিক্ত ১.৩ বিলিয়ন ডলার তাদের ওপরের অতিরিক্ত খরচ হিসেবে দাঁড়ায়। এই অর্থ দেশের অন্যতম বৃহৎ বৈদেশিক আয়ের উৎস সৌদি আরব থেকে আসা তিন মাসের রেমিট্যান্সের সমান। লেনদেন ফি এবং প্রতিকূল বিনিময় হারের কারণে দেশের অর্থনীতির বিনিয়োগ, সঞ্চয় এবং রেমিট্যান্স প্রাপ্ত পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায় উল্লেখযোগ্য প্রভাব পড়ছে।
এই সমস্যা হঠাৎ তৈরি হয়নি। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশি অভিবাসীরা মোট ২.৩ বিলিয়ন ডলার অতিরিক্ত রেমিট্যান্স ফি দিয়েছেন, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ খরচের চেয়েও বেশি।
বিশ্বব্যাংকের আরপিডব্লিউ ডেটা অনুসারে, রেমিট্যান্স খরচ মূলত দুটি উপাদান দ্বারা নির্ধারিত হয়- লেনদেন ফি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের মার্জিন। এই মার্জিন নির্ধারিত হয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নির্ধারিত বিনিময় হার এবং সরকার ঘোষিত বিনিময় হারের পার্থক্য থেকে।
ত্রৈমাসিক তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেনদেন ফি মোটামুটি স্থিতিশীল ছিল গড়ে প্রায় ৩ শতাংশ। কিন্তু খরচ বৃদ্ধির প্রধান কারণ হলো বৈদেশিক মুদ্রার মার্জিন, যা ২০২১ সালে মাত্র ০.৯ শতাংশ ছিল, কিন্তু ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৩ শতাংশে। এর ফলে মোট রেমিট্যান্স খরচ ৪ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশের বেশি হয়েছে।
গবেষণায় উৎস দেশের দিক থেকে খরচের তারতম্যের কথাও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের শীর্ষ পাঁচ রেমিট্যান্স উৎস দেশ হলো সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ২০২৪ অর্থবছরে তারা মোট রেমিট্যান্সের ৬০ শতাংশের বেশি পাঠিয়েছে। এই দেশগুলো থেকে রেমিট্যান্স খরচ ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে অনেক বেড়েছে।
সৌদি আরবে লেনদেন ফি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে এটি ছিল ২.৪ শতাংশ যা ২০২৪ সালে বেড়ে ৪.২ শতাংশের বেশি হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে এই ফি কিছুটা কমে ১.৪ শতাংশে নেমে এসেছে। অন্যান্য উৎস দেশগুলোতে লেনদেন ফিতে তেমন পরিবর্তন হয়নি।
বৈদেশিক মুদ্রার বিনিময় হারের মার্জিনের ক্ষেত্রে মালয়েশিয়া ও সৌদি আরব শীর্ষে অবস্থান করছে। মালয়েশিয়ায় এই মার্জিন বেড়েছে ৭.৭ শতাংশ পয়েন্ট এবং সৌদি আরবে ৬.৭ শতাংশ পয়েন্ট। ২০২১ সালের ১ শতাংশ থেকে ২০২৪ সালে সৌদি আরবের রেমিট্যান্স খরচ পৌঁছেছে প্রায় ১১.৯ শতাংশে, যা এটিকে অভিবাসী কর্মীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল উৎস দেশ হিসেবে দাঁড় করিয়েছে। মালয়েশিয়ায় খরচ বেড়ে হয়েছে ১০.৮ শতাংশ, আর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ শতাংশের কাছাকাছি।
গবেষক হুসেইন সামাদ বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতাকেও রেমিট্যান্স খরচ বৃদ্ধির পেছনে আংশিক কারণ হিসেবে দেখান। ২০২১ সালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সময়ে টাকার মান মার্কিন ডলারের বিপরীতে ৪১ শতাংশ কমেছে, যার মধ্যে শুধু ২০২৪ সালের ৮ মে একদিনে টাকার মান ৬ শতাংশ পতন হয়েছে।
হুসেইন সামাদ বলেন, ‘বিনিময় হারের ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে রেমিট্যান্স সেবা প্রদানকারীরা অতিরিক্ত ফি নেয় কারণ ঝুঁকি তাদের বহন করতে হয়।’ তবে তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও অর্থনৈতিক চাপ থাকলেও তাদের রেমিট্যান্স খরচে তেমন প্রভাব পড়েনি। উদাহরণস্বরূপ, ভারতের রুপির মান ২৪ শতাংশ কমলেও তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ শতাংশ বেড়ে গেছে যা রেমিট্যান্স ব্যয় নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে।
তাছাড়া তিনি কিছু অন্তর্নিহিত সমস্যার কথাও তুলে ধরেন, যেমন বিনিময় হারের ভেতরে লুকানো অতিরিক্ত ফি, আন্তর্জাতিক নির্দেশনার পরও খরচের স্বচ্ছতার অভাব এবং একচেটিয়া চুক্তির কারণে প্রতিযোগিতার ঘাটতি। সামাদ সতর্ক করেন যে, সরকারের ২.৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা কখনো কখনো কিছু সেবা প্রদানকারীকে তাদের মার্জিন বাড়াতে উৎসাহিত করতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের এক্সচেঞ্জ হাউসে কর্মরত অভিজ্ঞ রেমিট্যান্স বিশেষজ্ঞ মুন্সি মো. আশফাকুল আলম ২০২২ সালের বিনিময় হারের অস্থিরতা নিয়ে গবেষকের মতামতকে সমর্থন করেন। তিনি তার অভিজ্ঞতা থেকে আরও দুই বিষয় তুলে ধরেন বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য এক্সচেঞ্জ হাউসগুলোর অতিরিক্ত খরচ এবং অনিবন্ধিত অভিবাসীরা আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল ব্যবহার করতে না পারা। তার মতে, শুধুমাত্র সৌদি আরবেই প্রায় ১০ থেকে ১২ লাখ বাংলাদেশি অনিবন্ধিতভাবে অবস্থান করছেন, যারা সরকারি নিয়ম অনুযায়ী রেমিট্যান্স পাঠাতে পারেন না।
বিশ্বব্যাপী রেমিট্যান্স ফি সম্পূর্ণরূপে তুলে ফেলা এখনো কঠিন হলেও কিছু দেশ নির্দিষ্ট ক্ষেত্রে তা কমাতে বা বাতিল করতে সফল হয়েছে। পাকিস্তানের ‘পিআরআই’ (পাকিস্তান রেমিট্যান্স ইনিশিয়েটিভ) এমন একটি উদাহরণ, যেখানে ১০০ ডলারের বেশি রেমিট্যান্স পাঠালে কোনো ফি আরোপিত হয় না। মুন্সি আশফাকুল আলম জানান, এই উদ্যোগ রেমিট্যান্স পাঠানো সহজ করেছে, খরচ কমিয়েছে এবং অনানুষ্ঠানিক হুন্ডির মতো চ্যানেলের ব্যবহার অনেকাংশে কমিয়েছে।
হুসেইন সামাদ তার গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের জন্যও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জোর দিয়ে বলেছেন, সরকারের উচিত লেনদেন ফি ও বৈদেশিক মুদ্রা মার্জিনসহ রেমিট্যান্সের মোট খরচ একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ রাখা। তিনি আরও প্রস্তাব দিয়েছেন, বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলো যেন অভিবাসী শ্রমিকদের জন্য সাশ্রয়ী রেমিট্যান্স সেবার দিকনির্দেশনা দেয় এবং প্রস্থান-পূর্ব প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই খরচ সম্পর্কে সচেতন ও দক্ষ করে তোলে।
বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অতিরিক্ত রেমিট্যান্স খরচ তাদের অর্থনীতির সুফলকে সীমিত করছে। তাই এই খরচ কমানো এবং রেমিট্যান্স সেবার স্বচ্ছতা নিশ্চিত করা সময়ের দাবি।

