পাকিস্তান থেকে পরোক্ষভাবে কোনো পণ্য যেন ভারতের বাজারে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে দেশটি এখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইরানসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং কিছু ট্রানশিপমেন্ট হাবে আসা আমদানি পণ্যের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে। ভারতের সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, এসব দেশের পণ্যের লেবেল এবং উৎপত্তির দেশ খুঁটিয়ে যাচাই করা হচ্ছে যাতে পাকিস্তান থেকে পণ্য আমদানির কোনো ফাঁকফোকর না থাকে।
সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা ইউএইকে জানিয়েছে, পাকিস্তানের খেজুর ‘মেইড ইন ইউএই’ ট্যাগ লাগিয়ে ভারতের বাজারে প্রবেশ করছে যা দুদেশের মধ্যে বিদ্যমান সেপা (Comprehensive Economic Partnership Agreement) চুক্তির অপব্যবহার বলে মনে করছে নয়াদিল্লি। ভারতের ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস এই তথ্য প্রকাশ করেছে।
২০২৪ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সব ধরনের পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে। শুধু সরাসরি নয় তৃতীয় কোনো দেশের মাধ্যমেও পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় দিল্লি। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও সরাসরি এবং তৃতীয় দেশের মাধ্যমে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে।
ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, ইউএইসহ কিছু ট্রানশিপমেন্ট হাব থেকে আসা পণ্য এখন বিশেষভাবে যাচাই করা হচ্ছে যাতে নিশ্চিত হওয়া যায় এগুলোর কোনো অংশ পাকিস্তান থেকে এসেছে কি না। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ‘রুলস অব অরিজিন’ বা পণ্যের উৎস নির্ধারণ বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পণ্যের উৎস দেশ ঠিকভাবে নির্ধারণ করা হলে তবেই তা নির্দিষ্ট বাণিজ্য সুবিধা বা শুল্ক ছাড় পেতে পারে।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে (এপ্রিল–ফেব্রুয়ারি) ইউএইতে ভারতীয় পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩৬ দশমিক ৬৩ বিলিয়ন ডলার আর আমদানি হয়েছে ৬৩ দশমিক ৪২ বিলিয়ন ডলারের পণ্য। এই সময়ের মধ্যে ভারত প্রায় ২৭০ দশমিক ৪ মিলিয়ন ডলারের খেজুর আমদানি করেছে যার মধ্যে ১২৩ দশমিক ৮২ মিলিয়ন ডলারের খেজুর এসেছে আরব আমিরাত থেকে। এর আগের অর্থবছর ২০২৩–২৪–এ ভারত শুকনা ও তাজা মিলিয়ে ২৭৭ দশমিক ২৫ মিলিয়ন ডলারের খেজুর আমদানি করেছিল।
এদিকে পরিসংখ্যানে আরও দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়কালে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ, যার আর্থিক পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার। এই প্রবৃদ্ধি ভারতকে আরও সন্দেহপ্রবণ করে তুলেছে, কেননা ভারতের আশঙ্কা এই রপ্তানির একটি অংশ হয়তো ইউএইকে ব্যবহার করে ভারতের বাজারে ঢুকছে।
ভারত সরকার গত ২ মে এক নির্দেশনায় জানিয়ে দেয়, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানি করা কোনো পণ্য সরাসরি হোক বা অন্য কোনো দেশের মাধ্যমে হোক কোনোটিই ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ‘জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের’ স্বার্থে নেওয়া হয়েছে এবং এর কোনো ব্যতিক্রম ঘটাতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন হবে।
তবে বাস্তবে এসব পণ্যের উৎস নির্ধারণ সবসময় সহজ হয় না। যদি কোনো পণ্য পুরোপুরি একটি দেশে তৈরি হয়ে থাকে তাহলে উৎস নির্ধারণ সহজ। কিন্তু যখন কোনো পণ্যে ‘মূল্য সংযোজন’ হয় অর্থাৎ অন্য দেশের কাঁচামাল ব্যবহার করে নতুনভাবে তৈরি হয় তখন উৎস নির্ধারণ জটিল হয়ে পড়ে। এমনকি ট্রানজিট হিসেবে যে পণ্যগুলো কেবল অন্য দেশের বন্দর ব্যবহার করে পাঠানো হয় সেগুলোও এখন ভারতীয় কর্তৃপক্ষের নজরদারির আওতায় রয়েছে। যদিও সরকারের দেওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়নি, এই ট্রানজিট পণ্য নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে কি না।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি সময় পর্যন্ত পাকিস্তান থেকে ভারত ২ দশমিক ৮৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যার মধ্যে রয়েছে গাছপালা ও বীজ, খেজুর, ডুমুর এবং মল্টের নির্যাস। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক অনেক আগেই দুর্বল হয়ে পড়েছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে, যা কার্যত সেই আমদানিকে অকার্যকর করে দেয়।
উল্লেখ্য, ভারত ১৯৯৬ সালে পাকিস্তানকে ‘সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত দেশ’ (MFN) হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে পাকিস্তান কখনোই ভারতকে সেই মর্যাদা দেয়নি।
এই পটভূমিতে ভারতের কৌশল এখন স্পষ্ট কেবল পাকিস্তান নয় বরং যেকোনো সম্ভাব্য মাধ্যমে দেশটির পণ্য ভারতের বাজারে ঢোকার সব পথ রুদ্ধ করা। এতে করে ভারতের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য স্বার্থ সুরক্ষিত রাখাই মূল উদ্দেশ্য বলে মনে করছে বিশ্লেষকেরা।

