চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) বৈশ্বিক বাজারে বাংলাদেশ ৩ হাজার ২৬৪ কোটি ১ লাখ ২০ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রফতানির মধ্যে ১৫টি অপ্রচলিত বা উদীয়মান বাজারে রপ্তানির পরিমাণ ও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। এসব নতুন বাজারে বাংলাদেশের পণ্য গ্রহণযোগ্যতা বাড়ছে যা বৈচিত্র্যময় রফতানি কাঠামো গঠনে ইতিবাচক বার্তা দিচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, অপ্রচলিত বাজারের মধ্যে ভারত ও চীনের অবস্থান অনেকটা সম্ভাবনাময়। চলতি অর্থবছরে ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ। অর্থমূল্যে এর পরিমাণ ৫৬ কোটি ৩৮ লাখ ১০ হাজার ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।
একই সময়ে চীনে পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৯০ লাখ ৩০ হাজার ডলারে। এতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮২ শতাংশ। আর জাপানের বাজারে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৪১ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় ১ দশমিক শূন্য ৪ শতাংশ। এ ছাড়া মেক্সিকোতে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৮৯ শতাংশ, সৌদি আরবে ৫ দশমিক শূন্য ১ শতাংশ, তুরস্কে ৩২ দশমিক ৩৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৬ দশমিক ২৪ শতাংশ, চিলিতে ১২ দশমিক ৬৭ শতাংশ এবং ব্রাজিলে ২২ দশমিক ২৯ শতাংশ।
তবে সব দেশেই চিত্রটা এতটা ইতিবাচক নয়। রাশিয়ায় পোশাক রপ্তানিতে ১০ দশমিক ৩১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। একই ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া এবং নিউজিল্যান্ডেও। এই দেশগুলোর রপ্তানি কমেছে যথাক্রমে ৬ দশমিক শূন্য ৬, ১১ দশমিক ৫৪, ১৩ দশমিক ৫৪ এবং ৫ দশমিক ৫৭ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ অপ্রচলিত এই ১৫টি গন্তব্যসহ অন্যান্য বাজারে মোট ৫৪৭ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের পোশাক রপ্তানি করেছে। এ প্রবণতা রফতানি বহুমুখীকরণের জন্য আশাব্যঞ্জক।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা মোট রপ্তানির ১৬ দশমিক ৭৯ শতাংশ। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যে চলমান সংকট বাংলাদেশের জন্য নতুন বাজার ধরার সুযোগ তৈরি করছে। তাই রপ্তানি নির্ভর অর্থনীতিকে আরও টেকসই করতে এই অপ্রচলিত বাজারগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
সার্বিকভাবে বৈশ্বিক চাহিদার পরিবর্তন, ভৌগোলিক বৈচিত্র্য এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও অপ্রচলিত বাজারে বাংলাদেশের অবস্থান উন্নয়নশীল। তবে কিছু বাজারে প্রবৃদ্ধি নেতিবাচক হওয়ায় এগুলোর সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধানের উপায় খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

