সরকারি ব্যয় ক্রমেই বাড়ছে বিশেষ করে প্রশাসন ও সাধারণ সেবা খাতে। কিন্তু একই সঙ্গে সরকারি কর্মীদের জবাবদিহিতা ও জনসেবার মান বাড়ছে কি না, সে প্রশ্ন রয়ে গেছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সচিবের সংখ্যা কমিয়ে ৬০-এ নামিয়ে আনা এবং প্রশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানানো হলেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিন মাস পেরিয়ে গেলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
অথচ চলতি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সময়েই সাধারণ সেবা খাতে সরকারের ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। অর্থ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে সাধারণ সেবা খাতে ব্যয় হয়েছে ৪৭ হাজার ৯৯০ কোটি টাকা, যেখানে আগের বছর এই সময় পর্যন্ত ব্যয় ছিল ৩২ হাজার ৮৪ কোটি টাকা। শুধু কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাতেই ব্যয় হয়েছে ৩৭ হাজার ৪৭ কোটি টাকা, যা গত বছর ছিল ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা। শৃঙ্খলা ও জননিরাপত্তা খাতেও ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯৭ কোটি টাকায়।

চুক্তিভিত্তিক নিয়োগ, ভূতাপেক্ষ পদোন্নতি এবং সামনে ঘোষিত মহার্ঘ ভাতা বাস্তবায়িত হলে এ ব্যয় আরও বাড়বে। কিন্তু ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হচ্ছে না। জনপ্রশাসন বিশ্লেষকদের মতে, প্রশাসনের খরচ বাড়লেও এর সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না।
জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমানকে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম বলেন, ‘‘খরচ বৃদ্ধির বিষয়টি একক কোনো মন্ত্রণালয়ের নয় এটা সার্বিক বিষয়। কিছু কিছু সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষে রিপোর্ট দিলে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’’
গবেষণা ও জরিপের ভিত্তিতে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনে ব্যাপক সংস্কারের সুপারিশ করে। কমিশনের পরিচালিত জরিপে অংশ নেয়া ৮৪ শতাংশ নাগরিক মনে করেন, প্রশাসনে সংস্কার জরুরি। ৮০ শতাংশ মনে করেন, প্রশাসন জনবান্ধব নয়। ৬৯ শতাংশের মতে, গত ১৫ বছরে প্রশাসনে নিরপেক্ষতা ছিল না। জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ মনে করেন, রাজনৈতিক হস্তক্ষেপ সংস্কারের পথে প্রধান বাধা। দুর্নীতিকে প্রধান প্রতিবন্ধকতা বলে চিহ্নিত করেছেন ৪২ শতাংশ। আর ৯৬ শতাংশ উত্তরদাতার অভিজ্ঞতায়, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব প্রকট।
কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘‘আমাদের দায়িত্ব ছিল রিপোর্ট তৈরি করে জমা দেয়া। আমরা তা করেছি। সংস্কার কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত সরকারের।’’ বাস্তবে এখন পর্যন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে তেমন কোনো অগ্রগতি নেই বলেই বিশ্লেষকদের অভিমত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান মনে করেন, প্রশাসনিক সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, ‘‘ক্ষমতায় যারাই আসুক, প্রশাসনকে যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এমন প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা থাকতে হবে। তা না হলে কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়।’’
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বশেষ পে-স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। ২০১৩ সালে ২০ শতাংশ মহার্ঘ ভাতা চালু করা হয়েছিল, যার আওতায় সর্বোচ্চ ৬ হাজার এবং সর্বনিম্ন ১ হাজার ৩০০ টাকা বেতন বৃদ্ধি পেয়েছিল। তবে সে সময় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয়। যদিও প্রতি বছর বেতন-ভাতা বাবদ বড় অংকের বাজেট রাখা হয়, তবু সব অর্থ ব্যয় হয় না। ২০২৩-২৪ অর্থবছরে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮০ হাজার ৪৬৩ কোটি টাকা, যা পরে কমিয়ে ৭৭ হাজার ৮৯৪ কোটি করা হয়। বাস্তবে ব্যয় হয় ৬৮ হাজার ৭৪৯ কোটি টাকা।
সাবেক সচিব একেএম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘‘জনগণকে যেসব সেবা (যাতায়াত, চিকিৎসা, নিরাপত্তা, খাদ্য) দেওয়া হয় সেটাই জেনারেল পাবলিক সার্ভিস। বাজেট বাড়লেও সেই সেবা মানুষের কাছে সেভাবে পৌঁছায় না। জবাবদিহি না থাকলে নৈতিক প্রেরণা না থাকলে শুধু বেতন বাড়িয়ে লাভ হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘দুর্নীতি এখন স্বভাবে পরিণত হয়েছে। শুধু অভাবের কারণে নয় বরং সংস্কারহীনতার কারণেই এটি বেড়েছে। বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি কঠোর প্রশাসনিক শৃঙ্খলা না থাকলে সরকারের খরচ বাড়বে, কিন্তু জনগণ তার সুফল পাবে না।’’
জনপ্রশাসন কমিশন শতাধিক সুপারিশ করলেও সেগুলোর বাস্তবায়ন বিচ্ছিন্নভাবে না করে সামগ্রিকভাবে পর্যালোচনা করা জরুরি বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। তিনি বলেন, ‘‘বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ সমন্বিতভাবে গ্রহণ করতে হবে। তা না হলে সংকট নিরসন সম্ভব নয়।’’
প্রশাসনকে রাষ্ট্র কাঠামোর অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘সরকার চাইছে সামগ্রিক কাঠামোগত সংস্কার। প্রশাসন তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই জাতীয় ঐকমত্য ও সমন্বিত সংস্কার ছাড়া টেকসই সমাধান আসবে না।’’
সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরে যদি প্রশাসনিক সংস্কার নিশ্চিত করা না যায় তাহলে বাজেট বরাদ্দ যতই বাড়ানো হোক না কেন সাধারণ জনগণের কাছে তার সুফল পৌঁছাবে না এই বাস্তবতা এখন দিনের আলোর মতো স্পষ্ট।

