শরীয়তপুর শহরের প্রধান সড়ক ঘেঁষে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমিতে গড়ে উঠেছে অন্তত ১৪৬টি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা। সওজ কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সফল হয়নি। জমিগুলো দখলে থাকায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে যার ফলে শহরের মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে যানজট এবং ঘটছে দুর্ঘটনা।
সওজের শরীয়তপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই অধিগ্রহণ করা জমিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলদারিত্ব চলছে। তিনি বলেন, ‘এসব অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে যা যানবাহন চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে।’
সওজ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা গঠনের পর ১৯৮৬-৮৭ অর্থবছরে মনোহর বাজার মোড় থেকে প্রেমতলা পর্যন্ত সড়কের জন্য ধানুকা, তুলাশার ও পালং মৌজায় জেলা প্রশাসনের মাধ্যমে ১২ একর ১২ শতাংশ জমি অধিগ্রহণ করে সওজ। দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি তখন ছিল মাত্র ১২ ফুট প্রশস্ত যা পরবর্তীতে ২৪ ফুটে উন্নীত করা হয়। এটি বর্তমানে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অধিগ্রহণকৃত জমিতে ড্রেন, ফুটপাত, যাত্রী ছাউনি, সৌন্দর্যবর্ধন ও সড়কবাতির মতো নাগরিক সুবিধা তৈরির কথা থাকলেও বাস্তবে এর কিছুই হয়নি। বরং অবকাঠামো না গড়ার সুযোগে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই জমি দখল করে নিয়েছে। কেউ পাকা ভবন তুলেছে, কেউ আবার সীমানা প্রাচীর ও প্রবেশপথ নির্মাণ করেছে।
এমনকি জমি দখলের পর অনেকেই বিভিন্ন জরিপে নিজেদের নামে নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে। ফলে বিআরএস পর্চায় সওজের জমি বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় সওজ ২০১৭ সালে শরীয়তপুর জজ আদালতে ১৮টি মামলা করে, যেগুলোর এখনো নিষ্পত্তি হয়নি।
সওজের হিসাবে, অধিগ্রহণ করা ১২ একর ১২ শতাংশ জমির মধ্যে ইতোমধ্যে ৮৭ শতাংশ জমি দখল হয়ে গেছে। দখলদারদের মধ্যে রয়েছেন ব্যক্তিমালিকের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোও। বিদ্যুৎ বিভাগ (ওজোপাডিকো), জেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা, সিভিল সার্জনের কার্যালয় এবং আনসার ও ভিডিপি কার্যালয় সড়কের জমিতে স্থাপনা গড়ে তুলেছে।
চলতি বছরের ৯ জানুয়ারি এসব অবৈধ দখলদারের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে সওজ বিভাগ। এতে ১৪৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত রয়েছে। ওই জমি উদ্ধারে জেলা প্রশাসনের সহায়তাও চাওয়া হয়েছে।
জেলা শহরের বাসিন্দা শাহিন ঢালি বলেন, ‘প্রতিদিনই যানজটে পড়ে নাকাল হতে হয়। শরীয়তপুরে গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু সড়কের জায়গা বাড়েনি। এখনই যদি সড়ক দ্বিগুণ না করা যায়, তবে এই ভোগান্তি আরও বাড়বে।’ একই অভিমত দেন ব্যাংক কর্মকর্তা আকরাম হোসেন। তিনি বলেন, ‘সড়কের জন্য নির্ধারিত জমিতে ফুটপাত ও পার্কিং না থাকায় দুর্ঘটনা বাড়ছে। স্কুল ও অফিসগামী মানুষরা প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন।’
ঢাকা-শরীয়তপুর রুটে চলাচলকারী শরীয়তপুর সুপার সার্ভিসের চালক মোহাম্মদ আলী বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর শহরে গাড়ির চাপ অনেক বেড়েছে। সরু রাস্তার কারণে আমাদের সময় বেশি লাগে, ট্রিপ মিস হয়। দুর্ঘটনাও হয়। অথচ যাত্রী ওঠানামার জন্য আলাদা কোনো জায়গা নেই।’
জমি দখলের অভিযোগ রয়েছে স্থানীয় আলমগীর মুন্সির বিরুদ্ধেও। তিনি বলেন, ‘আমি আমার জমিতেই ভবন করেছি। তবে যদি প্রমাণ হয় এটা সড়ক বিভাগের জমি তাহলে আমি স্থাপনা সরিয়ে নেব।’
সরকারি সংস্থা ওজোপাডিকো নিজেও সড়কের জমিতে স্থাপনা করেছে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ‘সওজের সঙ্গে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) শাহাদাত হোসেন বলেন, ‘অধিগ্রহণ করা জমি অন্য কারও নামে রেকর্ড হওয়ার সুযোগ নেই। যারা দখল করেছেন, তারা হয়তো যোগসাজশে করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’ তিনি মনে করেন, এই মামলাগুলোর দীর্ঘসূত্রিতা কাম্য নয়। জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় দ্রুত নিষ্পত্তি জরুরি।
সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘যদি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা যায় তবে সড়ক প্রশস্ত করা যাবে। এতে যানজট নিরসন হবে। সেই সঙ্গে যাত্রী ছাউনি ও সৌন্দর্যবর্ধনের সুযোগও তৈরি হবে।’ তিনি জানান, লিখিতভাবে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং শিগগিরই যৌথভাবে অভিযান চালানো হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ‘শহরের জনসংখ্যা ও যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। সড়ক সম্প্রসারণ এখন জরুরি প্রয়োজন। যেসব জমি নিয়ে মামলা চলছে সেগুলোর ক্ষেত্রে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যেসব জমি এখনো মামলায় যায়নি বা সরাসরি দখল রয়েছে সেগুলো উদ্ধার করতে জেলা প্রশাসন ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছে।’
অপরিকল্পিত দখলদারিত্ব, দীর্ঘসূত্রিতাময় মামলা আর কর্তৃপক্ষের সীমিত উদ্যোগের কারণে শহরের প্রধান সড়কটির ভবিষ্যৎ আজ অনিশ্চিত। অথচ এই সড়কই হতে পারত নগর উন্নয়নের মেরুদণ্ড। এখন প্রয়োজন দ্রুত, সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ যাতে জনগণের ভোগান্তি কমে এবং শহরের পরিবেশ ফিরে পায় শৃঙ্খলা।

