Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বজুড়ে ট্যাবলেট বিক্রিতে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ৮.৫%
    অর্থনীতি

    বিশ্বজুড়ে ট্যাবলেট বিক্রিতে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ৮.৫%

    ইভান মাহমুদমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বজুড়ে ট্যাবলেট বিক্রিতে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ৮.৫%
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে বিশ্বজুড়ে ট্যাবলেট বিক্রিতে আশাব্যঞ্জক প্রবৃদ্ধি দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ যা তিন কোটিরও বেশি ইউনিট বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে। পুরনো ডিভাইস বদলে নতুন ট্যাবলেট কেনার প্রবণতা এবং শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে এ প্রবৃদ্ধি প্রায় সব অঞ্চলেই লক্ষণীয় হয়েছে।

    চীনে লুনার নিউ ইয়ার উপলক্ষে সরকারি খুচরা ভর্তুকির সুবিধা ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা সৃষ্টি করে। ফলে ওই দেশে ট্যাবলেট বিক্রিতে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যায়। অপরদিকে যুক্তরাষ্ট্রে বছরের শুরুতে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা ট্যাবলেট আমদানিতে প্রভাব ফেললেও ফেব্রুয়ারিতে শুল্ক ছাড়ের ঘোষণা আসার পর আমদানিতে দ্বিগুণ হারে পতন ঘটে।

    ক্যানালিসের গবেষণা ব্যবস্থাপক হিমানি মুক্কা জানান, চীনের সরকারের দেওয়া ভর্তুকি এবং লুনার নিউ ইয়ার উপলক্ষে দেওয়া ছাড় ট্যাবলেট সরবরাহে বড় ধরনের প্রবৃদ্ধি এনেছে। যেসব ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠান উৎসব উপলক্ষে বাড়তি ছাড় দিয়েছে, তারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এর ফলে চীন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ট্যাবলেট বাজার। যদিও অ্যাপল সেখানে তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে, চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে হুয়াওয়ে ও শাওমির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে হুয়াওয়ে ও শাওমি এ সময় ব্যাপক গ্রাহক আকর্ষণ করতে সক্ষম হয়েছে আর অনর সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে জনপ্রিয়তা অর্জন করেছে। এসব ব্র্যান্ড কেবল চীনেই নয় দেশের বাইরের বাজারগুলোতেও দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে।

    যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতি নিয়ে ক্যানালিসের আরেক গবেষণা ব্যবস্থাপক কিয়ারেন জেসপ জানান, দেশটির ট্যাবলেট বাজার মৌসুমি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে। ট্রাম্প প্রশাসনের শুল্কসংক্রান্ত ঘোষণাগুলোর প্রাথমিক প্রভাব থাকলেও, পরে বেশির ভাগ ব্যক্তিগত ইলেকট্রনিক পণ্যকে শুল্কমুক্ত করার কারণে দীর্ঘমেয়াদি কোনো উল্লেখযোগ্য চাহিদা তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রে মূলত করোনাকালে কেনা পুরোনো ডিভাইস প্রতিস্থাপনের জন্যই ট্যাবলেট কেনা বাড়ছে, যেগুলোর বয়স এখন চার-পাঁচ বছর হয়ে গেছে। এ ছাড়া নতুন মডেলের ডিভাইস বাজারে আসাও চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

    তবে কিয়ারেন জেসপ সতর্ক করে দিয়ে বলেন, অনেকের জন্য ট্যাবলেট এখন অগ্রাধিকার নয়, কারণ জীবনের অন্যান্য খাতে খরচ বেড়েছে। যদিও ইলেকট্রনিক পণ্য শুল্কমুক্ত রয়েছে, তারপরও সামগ্রিকভাবে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি ধীর হবে বলেই তার পূর্বাভাস।

    বিশ্ববাজারে ট্যাবলেট বিক্রির শীর্ষে রয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি আইপ্যাড সিরিজের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বার্ষিক হিসাবে ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে, যার মাধ্যমে বিক্রি দাঁড়ায় ১ কোটি ৩৭ লাখ ইউনিটে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের সরবরাহ এ সময় ৫ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ৬৬ লাখ ইউনিটে নেমে আসে। চীনে শক্ত অবস্থান কাজে লাগিয়ে শাওমি প্রথমবারের মতো লেনোভোকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

    ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ার পেছনে অন্যতম কারণ হলো এর বহনযোগ্যতা এবং ব্যবহারিক সুবিধা। ল্যাপটপের তুলনায় এটি হালকা ও ছোট হওয়ায় ভ্রমণ, ক্লাস কিংবা অফিসের পথে সহজেই বহন করা যায়। আবার স্মার্টফোনের তুলনায় বড় স্ক্রিনে ভিডিও দেখা, বই পড়া বা গেম খেলা অধিক আরামদায়ক হওয়ায় অনেকেই ট্যাবলেট ব্যবহারকে পছন্দ করছেন। অনলাইন ক্লাস ও দূরপাল্লার কাজের (রিমোট ওয়ার্ক) ব্যাপক প্রসারও এই ডিভাইসের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

    ক্যানালিসের তথ্য অনুযায়ী, এর আগের প্রান্তিকে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রায় ৪ কোটি ইউনিটে পৌঁছে। এর ফলে ২০২৪ সালে মোট ট্যাবলেট বিক্রি ছাড়িয়েছে ১৪ কোটি ইউনিট, যা ২০২৩ সালের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

    বিশ্বব্যাপী প্রযুক্তিপণ্যের বাজারে ট্যাবলেট এখন একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। বিভিন্ন অঞ্চলের ভোক্তা প্রবণতা, সরকারি ভর্তুকি, নতুন মডেলের বাজারে আগমন এবং পুরনো ডিভাইস প্রতিস্থাপনের কারণে আগামী বছরগুলোতেও এই প্রবণতা বজায় থাকতে পারে, যদিও কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে প্রবৃদ্ধির গতি কিছুটা শ্লথ হতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.