২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে সরকার পরিচালন ব্যয়ের বড় একটি অংশই ব্যয় করেছে ঋণের সুদ, ভর্তুকি ও চাকরিজীবীদের বেতন-ভাতা পরিশোধে। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই তিন খাতেই পরিচালন বাজেটের ৯১ শতাংশের বেশি ব্যয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ভর্তুকি, প্রণোদনা ও নগদ সহায়তা খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় সুদ পরিশোধে আর তৃতীয় স্থানে রয়েছে বেতন-ভাতা।
জাতীয় বাজেট বাস্তবায়ন সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, সংশোধিত বাজেটে ২০২৪-২৫ অর্থবছরের জন্য পরিচালন খাতে মোট ৫ লাখ ৬ হাজার ৯৭২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে প্রথম সাত মাসেই ব্যয় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৩১০ কোটি টাকা, যা পরিচালন বাজেটের ৪৪ শতাংশ। এই ব্যয়ের মধ্যে সুদ, ভর্তুকি ও বেতন-ভাতায় গেছে ২ লাখ ৩ হাজার ৯৯৪ কোটি টাকা অর্থাৎ পরিচালন ব্যয়ের ৯১ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে শুধু ভর্তুকি, প্রণোদনা ও নগদ সহায়তায় খরচ হয়েছে ৯১ হাজার ১৪ কোটি টাকা, সুদ পরিশোধে ৭৫ হাজার ৯০২ কোটি টাকা এবং বেতন-ভাতায় ব্যয় হয়েছে ৩৭ হাজার ৭৮ কোটি টাকা।
অর্থনীতিবিদ ও সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বিষয়টি নিয়ে বলেন, সরকারের সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল থেকে নেওয়া ঋণের কারণে সুদের ব্যয় বাড়ছে। এ ব্যয় সামলাতে হলে সরকারের আয় বাড়াতে হবে আর তার জন্য প্রয়োজন রাজস্ব ব্যবস্থায় সংস্কার। তার মতে, সুদ ও ভর্তুকির ব্যয় অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে কারণ রাজস্ব আদায়ে আশানুরূপ অগ্রগতি নেই। সাত মাসে পরিচালন বাজেটের ৪৪ শতাংশ ব্যয় হয়ে যাওয়ার পর বছরের বাকি অংশে হঠাৎ খরচ বেড়ে গেলে তা ব্যয়ের গুণগত মান রক্ষায় বাধা হয়ে দাঁড়ায়।
সরকার কেন এত বেশি ভর্তুকি দিচ্ছে, তারও কিছু কারণ স্পষ্ট করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে উচ্চ ব্যয় হলেও গ্রাহকদের কম মূল্যে সরবরাহ, বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানি করে সাশ্রয়ী মূল্যে বিতরণ, কৃষকদের কাছে কম মূল্যে সার সরবরাহ এবং রপ্তানি খাতে প্রণোদনা দিতে গিয়ে সরকারকে ব্যাপক অর্থ ব্যয় করতে হচ্ছে। এছাড়া জ্বালানি তেল আমদানিতে নগদ সহায়তাও প্রদান করা হচ্ছে। মার্কিন ডলার দেশে আনার জন্য রপ্তানিকারকদেরও নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
এমন ব্যয়ের পেছনে বড় কারণ ভর্তুকির চাহিদা বেড়ে যাওয়া। চলতি বাজেটে ভর্তুকির জন্য প্রাথমিকভাবে ৬৩ হাজার ৫২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৩ হাজার ৭৫০ কোটি টাকা করা হয়েছে অর্থাৎ অতিরিক্ত ২০ হাজার ২২৬ কোটি টাকা যুক্ত হয়েছে। অথচ আইএমএফ-এর দেওয়া ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত অনুযায়ী, বাংলাদেশকে ভর্তুকি ক্রমান্বয়ে কমিয়ে আনার কথা। ইতিমধ্যে এ ঋণের দুই কিস্তি ছাড় করেছে সংস্থাটি। তবুও সরকার শর্ত অগ্রাহ্য করে ভর্তুকির পরিমাণ বাড়িয়েছে।
বিশেষ করে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ অনেক বেড়েছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, এ খাতে শুরুতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, এ বছর ভর্তুকির চাপ থাকলেও আগামী অর্থবছরে তা কিছুটা কমবে। কারণ বর্তমানে বরাদ্দের সঙ্গে আগের বকেয়াও পরিশোধ করতে হচ্ছে যা ভবিষ্যতে আর থাকবে না।
অন্যদিকে ঘাটতি বাজেট পূরণে সরকার প্রতিবছর অভ্যন্তরীণ উৎস যেমন ব্যাংক, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ও বন্ড থেকে ঋণ নেয়। পাশাপাশি বিদেশ থেকেও ঋণ নেওয়া হয়। তবে এ বছর সুদ পরিশোধে ব্যয় বেড়েছে আগের তুলনায়। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৪০ হাজার ৭৮৬ কোটি টাকা। অথচ একই সময়ে সুদ পরিশোধ করতে হয়েছে ৬৫ হাজার ৮৫ কোটি টাকা। বিদেশি ঋণের সুদ পরিশোধেও গুণতে হয়েছে ১০ হাজার ৮১৬ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, সরকার চলতি বছর সঞ্চয়পত্র থেকে বেশি ঋণ নিয়েছে, যার একটি বড় কারণ হচ্ছে মূল্যস্ফীতির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মানুষ বেশি হারে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছে। ফলে সরকারকে উচ্চ হারে সুদ দিতে হচ্ছে যা বাজেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সব মিলিয়ে সুদ ও ভর্তুকির চাপ, রাজস্ব আয় বৃদ্ধির ধীরগতি এবং ঘাটতি বাজেটের কারণে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্লেষকরা রাজস্ব ব্যবস্থায় দ্রুত সংস্কার, ভর্তুকি ব্যয়ের যৌক্তিকতা পর্যালোচনা এবং সুদের বোঝা কমাতে ধার গ্রহণের নীতি পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছেন।

