বাংলাদেশে ব্যাংকিং খাতের সম্প্রসারণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। মূলধারার ব্যাংকিং সেবার বাইরে থাকা গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়। এক দশক পার করে এই খাত এখন দেশের ব্যাংকিং ব্যবস্থার অন্যতম গতিশীল উপখাতে পরিণত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এজেন্ট ব্যাংকিং খাতে ঋণ বিতরণ, আমানত সংগ্রহ এবং রেমিট্যান্স এই তিনটি প্রধান সূচকেই নজরকাড়া প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে এ সেবার মাধ্যমে ঋণ বিতরণ বেড়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ বা ২ হাজার ৬০৯ কোটি টাকা। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চ এই এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ১০ হাজার ১৫৫ কোটি টাকা যা প্রবৃদ্ধির হারে ৬১ দশমিক ৬১ শতাংশ।

বর্তমানে দেশে ৩১টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকের শাখায় না গিয়ে স্থানীয় এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বায়োমেট্রিক যাচাই, আমানত গ্রহণ, টাকা উত্তোলন, ঋণ গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড ও চেকবই সরবরাহসহ প্রায় সবধরনের ব্যাংকিং সুবিধা মিলছে এই সেবার আওতায়। এতে একদিকে ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাস পাচ্ছে অন্যদিকে গ্রাহকদের জন্য সেবা গ্রহণ সহজ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেবার জন্য গ্রাহকদের অতিরিক্ত কোনো চার্জ দিতে হচ্ছে না যার ফলে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিং হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ৭১ হাজার যেখানে ২০২৪ সালের শেষে এই সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ ৭৮ হাজার। তিন মাসে নতুন গ্রাহক বেড়েছে প্রায় ৫ লাখ ৯৩ হাজার। এর মধ্যে গ্রামীণ এলাকায় হিসাবধারী গ্রাহক ২ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৮৫৩ এবং নারী গ্রাহকের সংখ্যা ১ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৪২৪ জন। নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ এই খাতকে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, “এজেন্ট ব্যাংকিং শুরু থেকেই গ্রামীণ জনগণের ওপর গুরুত্ব দিচ্ছে। যারা এতদিন ব্যাংকিং সুবিধার বাইরে ছিলেন, তারা এখন স্থানীয় পর্যায়ে সহজেই সেবা পাচ্ছেন। এতে গ্রামের মানুষ সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এ সেবা যদি ব্যাংকিং খাতের অন্যান্য নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাহলে সামষ্টিক অর্থনীতিতে এর প্রভাব হবে গুরুত্বপূর্ণ।”
প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৪ সালের শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার ৯৫৫ কোটি টাকা যা ২০২৫ সালের মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৬৩ কোটি টাকায়। ফলে তিন মাসে আমানত বেড়েছে প্রায় ১ হাজার ৭ কোটি টাকা বা ২ দশমিক ৪০ শতাংশ। একই সময়ে ঋণ বিতরণ বেড়ে হয়েছে ২৬ হাজার ৬৩৭ কোটি টাকা যা ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ২৪ হাজার ২৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বেড়েছে ২ হাজার ৬০৯ কোটি টাকা।
এক বছরের ব্যবধানে এ সেবায় ঋণ বিতরণের প্রবৃদ্ধি আরও বেশি। ২০২৪ সালের মার্চে ঋণের পরিমাণ ছিল ১৬ হাজার ৪৮২ কোটি টাকা যা ২০২৫ সালের মার্চে বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৩৭ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ১০ হাজার ১৫৫ কোটি টাকা যা প্রবৃদ্ধির হার ৬১ দশমিক ৬১ শতাংশ।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিতরণেও উল্লেক্ষযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। গত তিন মাসে রেমিট্যান্স বিতরণ হয়েছে ৭ হাজার ৮১৪ কোটি টাকা যা ২৪ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। এর মধ্যে শুধু মার্চ প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ৬ হাজার ৬৪০ কোটি টাকা বা ৪ দশমিক ৫১ শতাংশ।
২০২৫ সালের মার্চ শেষে আমানত সংগ্রহে সবচেয়ে এগিয়ে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। তাদের আমানতের পরিমাণ ১৭ হাজার ৫৯৯ কোটি টাকা, যা মোট আমানতের ৪০ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে ডাচ্-বাংলা ব্যাংক, যাদের আমানত ৫ হাজার ৮৪৬ কোটি টাকা (১৩ দশমিক ৬১ শতাংশ)। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়ার আমানতের পরিমাণ ৫ হাজার ৫৬৭ কোটি টাকা (১২ দশমিক ৯৬ শতাংশ)।
অন্যদিকে ঋণ বিতরণে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। তারা এককভাবে ১৮ হাজার ২৫৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে যা মোট বিতরণকৃত ঋণের ৬৮ দশমিক ৫৫ শতাংশ। এরপর রয়েছে সিটি ব্যাংক, যাদের ঋণ বিতরণের পরিমাণ ৩ হাজার ১২০ কোটি টাকা (১১ দশমিক ৭১ শতাংশ)। ব্যাংক এশিয়ার বিতরণকৃত ঋণের পরিমাণ ১ হাজার ৫৮৮ কোটি টাকা যা মোটের ৫ দশমিক ৯৬ শতাংশ।
সব মিলিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিং একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আগামী দিনে এই সেবার যথাযথ উন্নয়ন ও নিয়মতান্ত্রিক বিস্তারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারবে বলে আশা করা যায়।

