বঙ্গোপসাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাসের জন্য প্রায় ৮ হাজার ২৯৮ কোটি টাকার ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ (এসপিএম) প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হয়েছে অনেক আগেই। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যকার সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং।
প্রকল্পটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে হস্তান্তর করা হয় প্রায় ১০ মাস আগে। তবে এখনো এর বাণিজ্যিক ব্যবহার শুরু হয়নি। অপারেশন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে থাকবে তা নির্ধারণ না হওয়ায় এক বছরের বেশি সময় ধরে অলস পড়ে আছে গুরুত্বপূর্ণ এ অবকাঠামোটি।
প্রথাগত লাইটারেজ জাহাজ ব্যবস্থার পরিবর্তে গভীর সমুদ্র থেকে ১১০ কিলোমিটার দীর্ঘ সমান্তরাল দুইটি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যেই নেয়া হয় এ প্রকল্প। এর মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল সরাসরি পৌঁছে যাবে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে। ফলে ১০-১২ দিনের পরিবর্তে মাত্র ৪৮ ঘণ্টায় তেল খালাস করা সম্ভব হবে, এবং বছরে সরকারের ৮০০ কোটি টাকার মতো খরচ সাশ্রয় হবে।
২০১৫ সালে প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হলেও ২০১৮ সালের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু নানা কারণে প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানো হয়। একই সঙ্গে ব্যয়ও বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ যা শেষ পর্যন্ত গিয়ে ঠেকে ৮ হাজার ২৯৮ কোটি টাকায়।
২০২৩ সালের মার্চ মাসে এসপিএম প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং সফলভাবে সম্পন্ন হয়। এরপর ৩০ নভেম্বর বড় জাহাজ থেকে সাগরের তলদেশে বসানো পাইপলাইনের মাধ্যমে প্রথম দফায় ৪০ হাজার টন অপরিশোধিত তেল কক্সবাজারের মহেশখালীতে নেওয়া হয়। এরপর ১ মার্চ দ্বিতীয় পাইপলাইনের মাধ্যমে ৩০ হাজার টন ডিজেল পরিবহন করে তা পাঠানো হয় পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে।
তবে এসব পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলেও এখনো প্রকল্পটি বাণিজ্যিকভাবে চালু হয়নি। বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের চুক্তিতে অপারেশনাল প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ সেবা অন্তর্ভুক্ত ছিল না। ফলে চীনা প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করলেও তারা পরবর্তী পরিচালনার দায়িত্ব নেয়নি। সাধারণত, যেসব প্রতিষ্ঠান এমন প্রকল্প নির্মাণ করে তারাই পরে স্থানীয় জনবলকে প্রশিক্ষণ দিয়ে পরিচালনার কাজটি এগিয়ে নেয়। কিন্তু এখানে সেই ধারাবাহিকতা অনুপস্থিত।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মাসুদ করিম বলেন, এসপিএমের দুটি পাইপলাইনের মাধ্যমেই পরীক্ষামূলকভাবে তেল পরিবহন করা হয়েছে। তবে বাণিজ্যিক ব্যবহার এখনো শুরু হয়নি কারণ চুক্তিতে কারা অপারেশন ও রক্ষণাবেক্ষণ করবে তা উল্লেখ ছিল না। এর ফলে এক বছর ধরে প্রকল্পটি অচল অবস্থায় পড়ে আছে এবং প্রতি মাসেই সরকার রাজস্ব হারাচ্ছে।
তিনি আরও জানান, আগে যে প্রতিষ্ঠান কাজটি করেছে, বিশেষ আইনের আওতায় তাদেরকেই পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখন সেই বিশেষ আইন বলবৎ না থাকায় নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে হয়েছে। গত ৩০ এপ্রিল টেন্ডার আহ্বান করা হয়েছে। মাসুদ করিম আশা প্রকাশ করেন, আগস্টে নতুন চুক্তি হলে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে প্রকল্পের বাণিজ্যিক অপারেশন শুরু করা সম্ভব হবে।
এসপিএমের সক্ষমতা অনুযায়ী, প্রকল্পটি চালু হলে বছরে ৪৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা যাবে। তবে বর্তমানে দেশে বার্ষিক মাত্র ১৫ লাখ টন তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। ফলে প্রকল্পটি সম্পূর্ণভাবে কার্যকর করতে পরিশোধন সক্ষমতা বাড়ানোও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অবহেলায় পড়ে থাকা এ প্রকল্পের জন্য বিপুল ব্যয়ের যন্ত্রপাতি দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। দেশের জ্বালানি নিরাপত্তা ও আমদানি ব্যয় হ্রাসে এসপিএম প্রকল্প গুরুত্বপূর্ণ হলেও তা পরিচালনার অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রতা এখন এ প্রকল্পের ভবিষ্যৎ কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

