Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতিশ্রুতি ভেঙে অন্তর্বর্তী সরকারের বড় প্রকল্প অনুমোদন
    অর্থনীতি

    প্রতিশ্রুতি ভেঙে অন্তর্বর্তী সরকারের বড় প্রকল্প অনুমোদন

    ইভান মাহমুদমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চা বাগানের ফাঁকা জমিতে নবায়নযোগ্য জ্বালানি ও ইকো-ট্যুরিজম উদ্যোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেগা প্রকল্প থেকে সরে এসে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পে মনোনিবেশের কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বছরের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম একনেক সভায় এই ঘোষণা দিয়ে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে বড় প্রকল্প না নিয়ে ছোট ও বাস্তবসম্মত প্রকল্প হাতে নেয়া হবে। একই সুরে পরবর্তীতে সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টারাও বড় প্রকল্প এড়িয়ে চলার পক্ষে মত দেন।

    তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। চলতি বছরের ২০ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে ১৩ হাজার ৫২৫ কোটি টাকার একটি বৃহৎ অবকাঠামো প্রকল্প ‘বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি)’। চট্টগ্রামের হালিশহর উপকূলে বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে নির্মাণাধীন এ টার্মিনাল প্রকল্পে ৯ হাজার ৩৩৩ কোটি টাকা ঋণ নেয়া হচ্ছে বিশ্বব্যাংকের কাছ থেকে এবং বাকি ৪ হাজার ১৯২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হবে সরকারি তহবিল থেকে।

    এই প্রকল্প অনুমোদনের মাত্র ছয় মাস আগেই গত বছরের ২ সেপ্টেম্বর পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রকাশ্যে বলেছিলেন, ‘ঋণ করে অবকাঠামো নির্মাণ কোনো সক্ষমতার প্রমাণ নয়।’ তিনি আরও সতর্ক করেছিলেন, একের পর এক বৃহৎ প্রকল্পের পেছনে ঋণ গ্রহণের কারণে বৈদেশিক ঋণ ৫০ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়নে পৌঁছেছে এবং অদূর ভবিষ্যতে প্রতিবছর ৫ বিলিয়ন ডলার করে ঋণ পরিশোধের চাপ তৈরি হবে। সেজন্য, লাভ-ক্ষতি বিবেচনা করেই নতুন প্রকল্প নেয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেছিলেন।

    এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার এবার নতুন করে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকার আরেকটি বড় প্রকল্প হাতে নিচ্ছে, যা ভোলা-বরিশালের মধ্যে ১১ কিলোমিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত। এ প্রকল্প নিয়ে সরকার ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। এক সভায় জানানো হয় আগামী জানুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হতে পারে।

    এই প্রকল্পের বিষয়ে জানতে চাইলে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোমধ্যে জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আশাবাদী, প্রতিষ্ঠানটি শিগগির বাংলাদেশে এসে পরবর্তী কার্যক্রম শুরু করবে। জাপান আগ্রহ না দেখালে কোরিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হবে। শেষ পর্যন্ত কেউ এগিয়ে না এলে প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়নের দিকেও নজর দেয়া হবে।

    ভোলা-বরিশাল সেতুর পাশাপাশি আরও বড় কিছু প্রকল্পের উদ্যোগ ও অনুমোদনের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ৭ মে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই মধ্যে ১ হাজার ৮৬৭ কোটি টাকার জমি অধিগ্রহণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

    এর আগে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক সভায় অনুমোদন দেয়া হয় কালুরঘাট রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৬০ কোটি টাকা এবং এর জন্য দক্ষিণ কোরিয়া থেকে নেয়া হচ্ছে ৮১ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ঋণ। পাশাপাশি মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন (৪ হাজার ৬৮ কোটি টাকা), চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প (৩ হাজার ৯২১ কোটি টাকা) এবং চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী স্যানিটেশন প্রকল্প (২ হাজার ৭৯৭ কোটি টাকা) অনুমোদন পেয়েছে। এসব প্রকল্পের প্রতিটির ব্যয়ই ২ হাজার কোটি টাকার বেশি।

    এদিকে, অন্তর্বর্তী সরকারের এক অর্থনৈতিক শ্বেতপত্রে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বড় প্রকল্পের নামে বিপুল অর্থ অপচয় ও লুটপাটের অভিযোগ তোলা হয়েছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়, উন্নয়ন প্রকল্পে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা অপচয় হয়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ব্যয় করা ৭ লাখ ২০ হাজার কোটির মধ্যে প্রায় ৪০ শতাংশ লুটপাট হয়েছে।

    শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নতুন প্রকল্পগুলোও অপচয় বা অনিয়ম থেকে মুক্ত থাকবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার ভাষায়, “এর আগে এডিপির প্রকল্পগুলোই ছিল দেশীয় সম্পদ লুণ্ঠনের প্রধান উৎস। এখনো আমরা জানি না আগের অপ্রয়োজনীয় ও অতিমূল্যায়িত প্রকল্প বাতিল করার বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে।” তিনি অভিযোগ করেন, নতুন ও পুরনো প্রকল্পের মধ্যে কোনটি রাখা হবে, কোনটি বাদ পড়বে তা নিয়ে কোনো স্বচ্ছতা বা নীতিমালা নেই।

    তিনি আরও বলেন, “যেসব প্রকল্প এখন নেয়া হচ্ছে সেগুলোর বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের মেয়াদে হবে না। তাহলে এই প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা কী? আগের প্রকল্পগুলোর অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত কারিগরি মূল্যায়ন বা সমীক্ষা ছিল না। এখন যে নতুন প্রকল্পগুলো অনুমোদন দেয়া হচ্ছে, সেগুলোর প্রাক-মূল্যায়ন যথাযথভাবে হয়েছে কিনা তাও নিশ্চিত নয়।”

    অন্যদিকে, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারের গৃহীত প্রকল্পগুলোকে ‘দূরদর্শী’ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, “সব মেগা প্রকল্প আমরা নিচ্ছি না। কিছু দূরদর্শী প্রকল্প নেয়া হয়েছে মাত্র।” তিনি বলেন, “আমরা বাজেট ঘাটতি জিডিপির ৪ শতাংশের নিচে রাখার চেষ্টা করছি। ইচ্ছা করলে জনতুষ্টিমূলক অনেক কিছু করা যেত কিন্তু সেগুলো থেকে বিরত থাকছি। আমরা ভবিষ্যতের জন্য নতুন দায় তৈরি করছি না বরং আগের দায় পরিশোধে মনোযোগী।”

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য পরিকল্পনা কমিশন ইতোমধ্যে এডিপির খসড়া চূড়ান্ত করেছে, যার আকার ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন এবং ৮৬ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা থেকে। এই বাজেটে মোট ১ হাজার ১৪৩টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যার একটি বড় অংশ বরাদ্দ পাবে নতুন ও পুরনো মেগা প্রকল্পগুলোতে।

    তবে এসব প্রকল্প দেশের অর্থনীতির জন্য আদৌ কতটা কার্যকর হবে, সে প্রশ্ন তুলেছেন ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির। তিনি মনে করেন, সরকার হয়তো চট্টগ্রাম বন্দর ও আশপাশের অবকাঠামোগুলোকে মেগা হাব হিসেবে গড়ে তুলতে চাচ্ছে যাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়। কিন্তু এতে একটি ঝুঁকি আছে। তার ভাষায়, “সরকারের বোঝাপড়ার ভুল হতে পারে। যে উদ্দেশ্য নিয়ে প্রকল্পগুলো নেয়া হচ্ছে তা বাস্তবে কতটা পূরণ হবে তা এখনও পরিষ্কার নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.