Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যেখানে শ্রম, সেখানে শোষণ — অবহেলিত শ্রমিকের জীবনচিত্র
    অর্থনীতি

    যেখানে শ্রম, সেখানে শোষণ — অবহেলিত শ্রমিকের জীবনচিত্র

    কাজি হেলালমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যেখানে শ্রম, সেখানে শোষণ — অবহেলিত শ্রমিকের জীবনচিত্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি গড়ে উঠেছে কোটি কোটি শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমের ওপর। প্রতিদিন সূর্যোদয়ের আগেই যারা কাজে বেরিয়ে পড়েন, দিনশেষে যাদের শরীর অবসন্ন হলেও চোখে স্বপ্ন থাকে সন্তানের মুখে হাসি ফুটানোর—তাঁরাই এই দেশের প্রকৃত উন্নয়নযোদ্ধা। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই শ্রমিকরাই আজ সবচেয়ে বেশি অবহেলিত, শোষিত ও বঞ্চিত।

    গার্মেন্টস, নির্মাণ কাজ, কৃষি, পরিবহন, সেবা খাত—যে খাতেই চোখ রাখা হোক না কেন, শ্রমিকের প্রতি নিষ্ঠুর বাস্তবতা একই। দীর্ঘ সময় কাজ, অল্প মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং অধিকার আদায়ে বাঁধা নিত্য নৈমিত্তিক ব্যাপার। “যেখানে শ্রম, সেখানে শোষণ”—এই বাক্যটি যেন শুধু একটি উপমা নয়, বরং আমাদের শ্রম বাজারের এক নির্মম সত্যের প্রতিচ্ছবি।

    শ্রম শোষণের ধারণা: “যেখানে শ্রম, সেখানে শোষণ”—এই বাক্যটি আমাদের সমাজে একটি গভীর সত্য তুলে ধরে। এই থেকে বোঝা যায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রমের প্রকৃত মূল্য পান না। তারা দীর্ঘ সময় কাজ করলেও তাদের মজুরি হয় খুবই কম, কিংবা তাদের অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো উপেক্ষা করা হয়। ফলে শ্রমিকদের জীবন উন্নত না হয়ে বরং আরও কষ্টকর হয়ে ওঠে।

    শ্রমশোষণ মূলত তখনই ঘটে, যখন মালিক বা নিয়োগকর্তা তাদের অধিকতর ক্ষমতা ব্যবহার করে শ্রমিকদের দুর্বল অবস্থানকে কাজে লাগান। এই ক্ষমতার অসম ব্যবধানের কারণে শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ে পিছিয়ে পড়েন। অনেক সময় তারা ভয়, চাকরি হারানোর আশঙ্কা বা সংগঠিত হওয়ার সুযোগ না থাকায় কিছু বলতেও পারেন না।

    শ্রমিকদের কাজের মূল্য অনেক সময় ইচ্ছাকৃতভাবে কম রাখা হয়, যাতে কম খরচে বেশি মুনাফা অর্জন করা যায়। এতে মালিকপক্ষ লাভবান হলেও শ্রমিকরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন। শুধু মজুরি নয় কাজের সময়, বিশ্রামের সুযোগ, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা—এই মৌলিক প্রয়োজনগুলোকেও অবহেলা করা হয়।

    বিশেষ করে গার্মেন্টস, নির্মাণ বা কৃষিখাতের শ্রমিকরা প্রতিনিয়ত এই ধরনের শোষণের শিকার হচ্ছেন। তারা প্রায়ই ওভারটাইম কাজ করেন কিন্তু সঠিক পারিশ্রমিক পান না। অনেকে সপ্তাহে ছুটির দিন ছাড়াও কাজ করতে বাধ্য হন। ফলে এই অতিরিক্ত কাজের চাপ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে তোলে।

    বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ শ্রমিকের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। ন্যূনতম মজুরি দিয়েও তাদের পরিবার চালানো সম্ভব নয়। তারা ভালোভাবে খেতে পারেন না, সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে পারেন না, এমনকি চিকিৎসা নিতেও হিমশিম খেতে হয়।

    এই শোষণের চক্র ভাঙতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সবার আগে প্রয়োজন ন্যায্য মজুরি প্রদান, সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা। শ্রমিকদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ শুধু মানবিক দিক থেকেই জরুরি নয়, এটি একটি দেশের টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য।

    শ্রমশোষণের কারণ: বর্তমান ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসায়ের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন। এই মুনাফা বাড়াতে গিয়ে অনেক মালিক বা কোম্পানি শ্রমিকদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করে। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে খুব কম পারিশ্রমিকে দীর্ঘ সময় কাজ করায়। ফলে শ্রমিকরা তাদের শ্রমের প্রকৃত মূল্য পান না—এটাই শ্রমশোষণের প্রধান কারণ। বিশেষ করে গার্মেন্টস, নির্মাণ, কৃষি ও সেবা খাতের মতো ক্ষেত্রে শ্রমিকরা অত্যন্ত কঠোর পরিশ্রম করলেও তাদের জীবনধারণের মতো পর্যাপ্ত মজুরি নিশ্চিত করা হয় না।

    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে অনেক দেশি প্রতিষ্ঠান খরচ কমানোর জন্য শ্রমিকের মজুরি কেটে দেয়, ওভারটাইমের টাকা দেয় না, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে না। মালিকপক্ষের হাতে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বেশি, আর শ্রমিকেরা থাকে দুর্বল ও নির্ভরশীল অবস্থায়—এই শক্তির অসম বিভাজন থেকেই মূলতঃ শ্রমশোষণ সৃষ্টি হয়।

    ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গার্মেন্টস খাতের একজন শ্রমিক গড়ে মাসে ১২ হাজার ৫০০ টাকা পান, অথচ রাজধানী ঢাকায় একটি পরিবার পরিচালনার জন্য প্রয়োজন ন্যূনতম ২৫ – ৩০ হাজার টাকা। এই ব্যবধানই শ্রমশোষণের বাস্তব চিত্র তুলে ধরে। তাছাড়া শ্রমিকদের সংগঠন গঠনে বাঁধা, শ্রম আইন সঠিকভাবে বাস্তবায়নের অভাব এবং পর্যাপ্ত সরকারি নজরদারির ঘাটতিও শ্রমশোষণকে দীর্ঘস্থায়ী করে তুলছে।

    শ্রমশোষণের প্রভাব: শ্রমশোষণের প্রভাব শ্রমিকদের জীবনে বহুমাত্রিক ও গভীর। এটি শুধু তাদের আয় কমিয়ে দেয় না বরং তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে।

    প্রথমতঃ আর্থিক দিক থেকে শ্রমিকরা ন্যায্য মজুরি না পাওয়ায় তাদের পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের আয় বাড়ে না, ফলে অনেকেই বাধ্য হয়ে ধারদেনা করেন বা সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেন। এভাবে প্রজন্মের পর প্রজন্ম দরিদ্রতার চক্রে আটকে পড়ে।

    দ্বিতীয়ত: শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। দৈনিক ১০-১২ ঘণ্টারও বেশি কাজ, নিরাপত্তাহীন কর্মপরিবেশ, বিশ্রামের অভাব—এসব কারণে শ্রমিকরা নানা রোগে ভোগেন। মানসিক চাপ, হতাশা ও বিষণ্নতাও শ্রমশোষণের একটি বাস্তব ফলাফল। গার্মেন্টস খাতে কর্মরত অনেক নারী শ্রমিকই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, যা তাদের জীবনের ঝুঁকি বাড়ায়।

    তৃতীয়ত: সামাজিক দৃষ্টিকোণ থেকে শ্রমশোষণ শ্রমিকদের মর্যাদা ও অধিকারকে লঙ্ঘন করে। তারা নিজেদের সমাজে অবমূল্যায়িত ও অবহেলিত মনে করেন। এই বঞ্চনা থেকে তৈরি হয় অসন্তোষ, সামাজিক বৈষম্য ও মাঝে মাঝে শ্রমবিরোধ।

    ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে শ্রমিকদের প্রায় ৭০ শতাংশই মনে করেন তারা তাদের কাজের তুলনায় কম পারিশ্রমিক পান।এছাড়া প্রতি ১০ জন শ্রমিকের মধ্যে ৬ জন বলেছেন, তারা কাজের পরিবেশকে অনিরাপদ মনে করেন। সব মিলিয়ে শ্রমশোষণ শুধু একটি শ্রমিকের ব্যক্তিগত ক্ষতি নয়—এটি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকেও ব্যাহত করে। কারণ বঞ্চিত ও অসন্তুষ্ট একটি শ্রমশক্তি কখনোই দীর্ঘমেয়াদে একটি দেশের টেকসই উন্নয়নের ভিত গড়ে তুলতে পারে না।

    শ্রম শোষণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ: শ্রমশোষণ প্রতিরোধের জন্য সর্বাগ্রে প্রয়োজন শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলা। এর জন্য শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের মাধ্যমে শ্রমিকরা একত্রিত হয়ে নিজেদের অধিকারের পক্ষে কথা বলতে পারে, দাবি জানাতে পারে এবং শোষণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে।

    শ্রম আইন সঠিকভাবে প্রয়োগ না হলে শ্রমিকদের অধিকার শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। তাই আইনকে কার্যকর করার পাশাপাশি শোষণের শিকার শ্রমিকদের জন্য সহজলভ্য ও বিনামূল্যের আইনি সহায়তা নিশ্চিত করা দরকার। এতে করে তারা নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিচার চাইতে পারবেন।

    শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোও অত্যন্ত জরুরি। অধিকাংশ শ্রমিক তাদের অধিকার সম্পর্কে অবগত না থাকায় সহজেই প্রতারণার শিকার হন। এই কারণে সরকার, গণমাধ্যম এবং বেসরকারি সংস্থাগুলোকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

    এছাড়া কর্মপরিবেশকে নিরাপদ ও মানবিক করে গড়ে তোলা জরুরি। পর্যাপ্ত আলো-বাতাস, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশ্রাম ও ছুটির সুবিধা এবং নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতেই হবে। একইসঙ্গে শ্রমিকদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষার ব্যবস্থা এবং দুর্ঘটনার ক্ষেত্রে বীমার সুযোগ নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    বর্তমান সময়ে শ্রমশোষণ শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, প্রবাসী শ্রমিকরাও এর শিকার হন। তাই আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। অভিবাসী শ্রমিকদের জন্য কাজের পূর্বে ভাষা ও সংস্কৃতি সংক্রান্ত প্রশিক্ষণ, চুক্তিভিত্তিক স্বচ্ছ নিয়োগ এবং সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। এছাড়াও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা দ্রুত নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট অভিযোগ ব্যবস্থা ও দ্রুত বিচার প্রক্রিয়া চালু করা যেতে পারে। শ্রমশোষণ সম্পর্কিত যেকোনো অভিযোগ যাতে দ্রুত তদন্ত ও সমাধান পায়, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

    অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন ন্যায্য বেতন, কাজের উপযুক্ত পরিবেশ ও অন্যান্য মৌলিক সুবিধা পান সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কাজের জায়গায় তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষাও জরুরি। এছাড়াও অভিবাসী শ্রমিকরা যেন নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারেন, সে জন্য ভাষা ও সংস্কৃতি সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এতে তারা নিজেদের কাজ আরও দক্ষভাবে করতে পারবেন এবং স্থানীয় সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন।

    অতএব শ্রমশোষণ প্রতিরোধ কেবল একটি নীতিগত বিষয় নয়, এটি একটি মানবিক দায়িত্ব। রাষ্ট্র, সমাজ এবং প্রত্যেক নাগরিকের সম্মিলিত চেষ্টার মাধ্যমেই একটি শোষণমুক্ত, মর্যাদাসম্পন্ন ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

    শ্রমশোষন প্রতিরোধে সরকারের ভূমিকা: শ্রমশোষণ রোধে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই সমস্যা মোকাবিলায় প্রথমত প্রয়োজন সঠিক ও কার্যকর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন। শ্রমিকদের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, সে জন্য নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ জরুরি।

    সরকারের উচিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, যাতে তারা কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা রোগে আক্রান্ত হলে পর্যাপ্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ পেতে পারেন। পাশাপাশি বীমা সুবিধা চালু করে শ্রমিকদের জীবনের নিরাপত্তা বৃদ্ধি করা যেতে পারে। শ্রমিকদের আবাসনের ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও তাদের পরিবারের জন্য শিক্ষা সুবিধা নিশ্চিত করাও একটি বড় দায়িত্ব। এসব সুবিধা না থাকলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। যার ফলে তারা সহজেই শোষণের শিকার হন।

    আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিভিন্ন শ্রম-সংক্রান্ত চুক্তি ও কনভেনশনে স্বাক্ষর করেছে। এসব চুক্তির শর্তগুলো বাস্তবে প্রয়োগের মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। এছাড়া শ্রমিকদের প্রতিবাদ করার, সংগঠন গড়ে তোলার এবং ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করার অধিকারকে সম্মান জানানো উচিত। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শ্রমশোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে।

    বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের জন্য একটি ডিজিটাল অভিযোগ ব্যবস্থাও চালু করা যেতে পারে, যাতে তারা সহজেই তাদের সমস্যার কথা জানাতে পারেন।
    সার্বিকভাবে বলা যায় শ্রমিকদের প্রতি দায়িত্ববান, মানবিক ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের এগিয়ে আসা এখন সময়ের দাবি।

    শ্রমিকেরা একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। অথচ বাস্তবে তাদের জীবনে শোষণ, অবহেলা ও অনিশ্চয়তা নিত্যসঙ্গী। “যেখানে শ্রম, সেখানে শোষণ” — এই বাক্যটি যেন অনেক ক্ষেত্রেই আমাদের সমাজ ও অর্থনীতির নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক আচরণ পাওয়া শ্রমিকদের অধিকার হলেও তা থেকে তারা এখনও অনেকটাই বঞ্চিত। তাই সময় এসেছে শ্রমিকদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর, তাদের শ্রমের ন্যায্য মূল্য দেওয়ার এবং একটি ন্যায্য ও সম্মানজনক সমাজ গঠনের। শ্রমিকদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে হলে শুধু আইন নয়, দরকার নৈতিক সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত প্রয়াস। তবেই এই অবহেলিত জীবনচিত্র একদিন আশার রঙে রঙিন হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.