ভারত সরকারের নতুন আমদানি বিধিনিষেধের কারণে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে প্রাণ আরএফএল গ্রুপের ১৭টি খাদ্যপণ্যবোঝাই ট্রাক। এসব ট্রাক রবিবার (১৮ মে) সকালে সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত হঠাৎ করে কিছু পণ্যের স্থলপথে আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করায় সেগুলো আর পার হতে পারেনি।
প্রাণ গ্রুপের এসব পণ্যবাহী ট্রাক শনিবারই বুড়িমারী সীমান্তে পৌঁছেছিল। তবে শনিবারই ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্যের ওপর স্থলপথে আমদানিতে বিধিনিষেধ জারি করে এবং সঙ্গে সঙ্গেই ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ তা কার্যকর করে। ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পণ্যগুলো সীমান্ত পার হতে না পেরে বাংলাদেশ অংশেই আটকে পড়ে।
এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল গণমাধ্যমকে জানান, ভারত সরকারের সিদ্ধান্তের কারণে তাদের খাদ্যপণ্য রপ্তানির ১৭টি ট্রাক বুড়িমারী বন্দরে আটকে যায়। তিনি বলেন, “ট্রাকগুলোতে প্রায় সোয়া এক কোটি টাকার পণ্য ছিল। এখন আমরা বাধ্য হয়ে ট্রাকগুলো ফিরিয়ে আনছি। পরিস্থিতি কীভাবে এগোয়, তা বিবেচনা করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আপাতত নতুন করে আর কোনো পণ্য স্থলপথে পাঠানো হচ্ছে না।”
এই নিষেধাজ্ঞা হঠাৎ কার্যকর হওয়ায় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে খাদ্যপণ্য ও অন্যান্য ভোগ্যপণ্য রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বুড়িমারী সীমান্ত ব্যবহৃত হয়। ফলে ভারতের একতরফা সিদ্ধান্ত ভবিষ্যতে রপ্তানিতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তবে ঠিক কী কী পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা কতদিন বহাল থাকবে সে বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এতে দুই দেশের স্থলবন্দর ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগও উঠছে। পরিস্থিতির সমাধানে কূটনৈতিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

