বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানিতে হঠাৎ কিছু বিধিনিষেধ আরোপ করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ সরকার। রোববার (১৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি জানান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেই ভারত সরকারের নতুন বিধিনিষেধ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। এখন বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং সম্ভাব্য করণীয় নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে।
ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে ভারতে যতটা না আসবাবপত্র রপ্তানি হয়, তার চেয়ে অনেক বেশি পরিমাণে পোশাক পণ্য যায়। বাংলাদেশের রপ্তানির প্রধান ভিত্তি হলো প্রতিযোগিতামূলক সক্ষমতা। তিনি আশাবাদী যে, উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ বিবেচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় বাণিজ্য উদারীকরণে বিশ্বাস করে এবং ব্যবসায়িক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করছে। তবে এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করা। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কাঠামো এখনো অসম যেখানে ভারতের পাল্লাই বেশি ভারী। এ ঘাটতি একদিনে কাটিয়ে ওঠা সম্ভব নয় এবং এর জন্য সময় ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
সাম্প্রতিক ট্রান্সশিপমেন্ট চুক্তি বন্ধের প্রেক্ষিতে ভারতের এই নতুন বিধিনিষেধ জারি হয়েছে কিনা জানতে চাইলে শেখ বশিরউদ্দীন বলেন, তার মতে এটি সেই ধারাবাহিকতার অংশ নয়। বরং এই সিদ্ধান্তে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন। ভৌগোলিক অবস্থানগত কারণে দুই দেশ পরস্পরের ওপর নির্ভরশীল। ফলে দুই দেশের মধ্যে এমন যে কোনো পরিবর্তনের প্রভাব উভয়ের ওপরই পড়বে।
তিনি জানান, পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে বুঝতে এক-দুই দিন সময় লাগবে। এরপর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক বহুমাত্রিক এবং পারস্পরিক নির্ভরতার ওপর গড়ে উঠেছে। তাই হঠাৎ কোনো বিধিনিষেধ একপক্ষীয়ভাবে কার্যকর হলে, তা কেবল এক দেশের নয় বরং উভয় দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে এমনটাই মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।

