বাংলাদেশের পুঁজিবাজারে আবারও বড় ধস। একের পর এক দরপতনে বাজারে নেমেছে চরম অস্থিরতা। প্রতিদিন নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। অথচ বহুদিন ধরেই বিতর্কিত থাকা আবুল খায়ের হিরুর মতো চিহ্নিত ব্যক্তিরা এখনো চালিয়ে যাচ্ছেন তাদের কারসাজি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এখনো সালমান এফ রহমানের মতো প্রভাবশালী ব্যক্তির ছায়া থেকে বের হতে পারছে না।
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) জানায়, দেশের ৯০ শতাংশ বিনিয়োগকারী ইতোমধ্যেই পুঁজি হারিয়েছেন। সংগঠনের দাবি, সোশ্যাল মিডিয়ার এক জরিপে দেখা গেছে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকে বাজার মূলধন কমেছে প্রায় ৯০ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। সেই চক্রে আছেন সালমান এফ রহমান, লোটাস কামাল, শিবলী রুবাইয়াত ও আবুল খায়ের হিরু। জানা গেছে, ২০১০ সালের কেলেঙ্কারিতেও লোটাস কামাল সিএমসি কামালের শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন। তখনও সরকারে ছিল আওয়ামী লীগ। কিন্তু এত বড় কেলেঙ্কারির পরও কেউ শাস্তি পাননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।
শেয়ার কারসাজি বা জালিয়াতির অভিযোগ উঠলেই ঘুরেফিরে আসে এই চারজনের নাম। অভিযোগ রয়েছে, তাঁরা নিজেদের লোকদের বসিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ পদে। এরপর চালিয়েছেন পুরোদমে শেয়ারবাজার নিয়ন্ত্রণ। এই কারসাজিতে শেষ হয়ে গেছে লাখ লাখ বিনিয়োগকারীর সঞ্চয়। কেউ রক্ষা পাননি।
বিএসইসির অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সাঈদ বলেন, ১৯৯৬ ও ২০১০ সালের কেলেঙ্কারিতে বহু তথ্য প্রকাশ পেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সেই ‘দরবেশ-পীর’ নামে পরিচিত ব্যক্তিরাই চালিয়ে গেছেন নিয়ন্ত্রণ। এখন তাঁদের অনেকে সরলেও অনুসারীরা এখনো সক্রিয়।
সালমান এফ রহমান, যিনি শেখ হাসিনার সরকারে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন, তাঁর নাম একাধিকবার এসেছে কেলেঙ্কারির সঙ্গে। ১৯৯৬ সালের পতনের সময়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, তাঁর কোম্পানির বিরুদ্ধে ওঠে জালিয়াতির অভিযোগ। বিএসইসির তদন্তেও তা উঠে আসে।
ডিএসইএক্স সূচক যখন আওয়ামী লীগ সরকারের পতনের সময় দাঁড়ায় ৫৪২৬ পয়েন্টে, তখন কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১১ আগস্ট সূচক বেড়ে দাঁড়ায় ৬০১৬ পয়েন্টে। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। বাজার আবারও ধসে পড়ে। সর্বশেষ গতকাল রবিবার সূচক দাঁড়িয়েছে মাত্র ৪৭৯১ পয়েন্টে। ৯ মাসে সূচক কমেছে ১২২৫ পয়েন্ট। লেনদেনও নেমে এসেছে মাত্র ২৯২ কোটি টাকায়। বিনিয়োগকারীদের আস্থার অভাবই এই পতনের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই ধসের নেপথ্যে আছেন আবুল খায়ের হিরু। একসময় সমবায় অধিদপ্তরের উপরেজিস্ট্রার ছিলেন তিনি। সেখান থেকে রাতারাতি হয়ে উঠেছেন শেয়ারবাজারের এক প্রভাবশালী খেলোয়াড়। তিনি কোনো শেয়ার কিনলেই অনেকে তা অনুসরণ করেন। কারণ, বিনিয়োগকারীদের মধ্যে হিরু সম্পর্কে একটি বিশ্বাস তৈরি হয়েছে—যে শেয়ারে তিনি হাত দেন, সেটি মুনাফা এনে দেয়।
তাঁর নামে একাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট রয়েছে। শুধু নিজের না, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং নানা সামাজিক সংগঠনের নামেও অ্যাকাউন্ট খুলে লেনদেন চালিয়ে যান তিনি। বিএসইসির এক এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়েছে, প্রতিটি অভিযোগের শুনানিতে কখনো নিজে, কখনো পরিবারের সদস্যদের হয়ে উপস্থিত থাকতেন হিরু।
শিবলী রুবাইয়াতের সময় থেকেই হিরুর নাম ঘুরেফিরে আলোচনায় আসতে থাকে। ২০২২ সাল থেকে বিএসইসি তাঁকে এবং তাঁর সহযোগীদের ডজনখানেক কোম্পানির শেয়ার কারসাজির দায়ে জরিমানা করে। সময়মতো জরিমানা না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে করা হয় চারটি মামলা।
বিএসইসির তথ্যে দেখা যায়, হিরু এবং তাঁর সিন্ডিকেট গ্রুপ গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, ঢাকা ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংক, বিডিকম অনলাইন, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, প্যারামাউন্ট ইনস্যুরেন্সসহ একাধিক প্রতিষ্ঠানে শেয়ার কারসাজিতে যুক্ত।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আস্থাহীনতার কারণে পুঁজিবাজারে বারবার দরপতন হচ্ছে। বাজার মূলধনও কমে যাচ্ছে। অথচ এখনো কারসাজি বন্ধ হয়নি। বিএসইসি জানে কারা এই কাজ করছে কিন্তু সঠিক ব্যবস্থা না নেওয়ায় সন্দেহ তৈরি হচ্ছে যে সংস্থার ভেতর থেকেই কেউ জড়িত থাকতে পারে।
সবশেষ ১৫ মে, বিএসইসি এক সিন্ডিকেটকে ২৯ কোটি টাকা জরিমানা করে। এই দলে ছিলেন আবুল খায়ের হিরু, তাঁর ব্যবসায়িক অংশীদার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৩ জন। সাকিবকে জরিমানা করা হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। বিএসইসির এপ্রিলের ‘এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্টে’ এই তথ্য প্রকাশ পায়।
সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেটের দাপটে সাধারণ বিনিয়োগকারীরা পড়েছেন চরম ক্ষতির মুখে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে বিনিয়োগকারীদের আস্থা আর ফিরবে না। বরং পুঁজিবাজার আরও গভীর সংকটে পড়বে।

