সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে। গত ৮ এপ্রিল ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এক সপ্তাহ পর ১৫ এপ্রিল, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারতের সুতা আমদানি বন্ধ ঘোষণা করে। সর্বশেষ ১৮ মে ভারত সরকার বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কয়েকটি পণ্যের আমদানি নিষিদ্ধ করে। এতে সীমান্তে আটকে যায় পণ্যবাহী ট্রাক, বিপাকে পড়ে দুই দেশের ব্যবসায়ীরা। বিশ্লেষকদের মতে, গত পাঁচ দশকে এমন ধারাবাহিক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার নজির বিরল।
এ অঞ্চলের ভূগোলগত বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের পারস্পরিক নির্ভরতা স্বাভাবিক এবং গভীর। কিন্তু গত আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি ঘটতে শুরু করে। মাসের পর মাস চলা বাকযুদ্ধ এখন কার্যকরী বাণিজ্য সিদ্ধান্তে রূপ নিয়েছে যার প্রভাব পড়েছে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। এর ফলে সরাসরি ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়িক খাত।

উভয় দেশের ইতিহাসে নানা সময়ে একে অপরের পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভারতের পক্ষ থেকে তুলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য হঠাৎ করে রপ্তানি বন্ধের উদাহরণ রয়েছে। বাংলাদেশও কয়েক দফায় ভারতের সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। আবার ভারত বাংলাদেশের কাঁচা পাটের ওপর ২০১৭ সাল থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে রেখেছে, যা ২০২২ সালে নবায়ন করা হয়। বর্তমানে কোম্পানিভেদে এই শুল্ক দাঁড়িয়েছে প্রতি টনে ০ থেকে ৩৫১ দশমিক ৭২ ডলার পর্যন্ত।
সাবান রপ্তানির বিষয়েও দুই দেশের মধ্যে টানাপড়েন রয়েছে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ ভারতকে সাবান রপ্তানি করলেও ২০০৭ ও ২০১০ সালে ভারতের শুল্ক বিভাগ নিষেধাজ্ঞা দেয়। যদিও পরবর্তীতে আলোচনার মাধ্যমে তা শিথিল করা হয়।
বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শুধু বাজার সম্প্রসারণ নয়, খাদ্যনিরাপত্তা ও শিল্প উৎপাদনের নিরবচ্ছিন্নতার বিষয়েও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। একইসঙ্গে শুল্ক আরোপ ও সর্বনিম্ন রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়।
ভারতের তুলা রপ্তানিতে হঠাৎ নিষেধাজ্ঞার নজির ২০১২ সালের ৫ মার্চেও দেখা গেছে, যা বাংলাদেশের পোশাক খাতকে বিপদে ফেলেছিল। বিশ্লেষকদের মতে, এমন আকস্মিক সিদ্ধান্ত আস্থার সংকট তৈরি করছে। তারা বলছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক নিষেধাজ্ঞার ধারা এ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “ভারত ২০১১ সাল থেকে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এর ফলে রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি কোনো পক্ষের জন্যই উপযোগী নয়। দুই দেশই একে অপরের ওপর নির্ভরশীল। আমাদের ট্রানজিট সুবিধা, বিশেষ করে মাতারবাড়ী বন্দরের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পণ্য পরিবহন দুই দেশের জন্যই সম্ভাবনার ক্ষেত্র। অথচ এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে তা ওই বাণিজ্য কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”
ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের (এপ্রিল-ফেব্রুয়ারি) মধ্যে বাংলাদেশ-ভারতের বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে এ বাণিজ্য ১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময়ে ভারতের প্রতি বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ এবং ভারতের রপ্তানিতে প্রবৃদ্ধি ৪ দশমিক ৮৫ শতাংশ।
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ মনে করেন, দুই দেশের মধ্যকার বোঝাপড়ার ঘাটতির কারণেই এমন নিষেধাজ্ঞা আসছে। স্থলবন্দরের পরিবর্তে সমুদ্রবন্দর দিয়ে রপ্তানিতে সময় ও খরচ বাড়বে বিশেষ করে সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তার মতে, একটি নির্বাচিত সরকার ছাড়া পরিস্থিতির পরিবর্তন কঠিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান এ পরিস্থিতিকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। তার ভাষায়, “চীন ও যুক্তরাষ্ট্র যেমন একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ও ভারতও এখন সেই পথেই হাঁটছে। আমরা ওদের সুতা আটকাচ্ছি ওরা আমাদের পোশাক নিচ্ছে না। এটা একটি রাজনৈতিক সংকট। সমাধানের একমাত্র পথ হলো আন্তরিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।”
বাণিজ্যকে কেন্দ্র করে দুই দেশের অবস্থানকে অবন্ধুসুলভ বলেও মনে করছেন কূটনীতিকরা। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “দুই দেশের পারস্পরিক নির্ভরতার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আরও সতর্ক হয়ে কাজ করা প্রয়োজন। সরকারি পর্যায়ে না হলেও, বেসরকারি স্তরে দ্রুত আলোচনা শুরু হওয়া দরকার যাতে সম্পর্ক স্বাভাবিক করা যায়।”
বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবিকই রপ্তানিকারকদের উদ্বেগে ফেলেছে। এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ভারত নিজেরাও বস্ত্রশিল্পে শক্তিশালী। তারপরও বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা থাকায় রপ্তানি হয়ে থাকে।” তিনি আরও বলেন, “ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের এর সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। আমাদের নিজস্ব সক্ষমতার মাধ্যমেই সমস্যা মোকাবিলা করেছি।”
সব মিলিয়ে বাণিজ্যকে ঘিরে বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্ক রাজনৈতিক সংকটেরই প্রতিচ্ছবি। বিশেষজ্ঞদের মতে, পারস্পরিক বোঝাপড়ার অভাব না কাটলে এই টানাপড়েন বাড়তে পারে যার ক্ষতি দুই দেশের অর্থনীতির ওপরই বেশি পড়বে। কিন্তু তুলনামূলক ছোট ও আমদানিনির্ভর অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকেই এর মূল্য বেশি দিতে হচ্ছে। তাই অবিলম্বে আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

