ভ্যাট ফাঁকি রোধে রাজধানীসহ সারা দেশের সিটি করপোরেশন ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট স্মার্ট চালানের ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের ভ্যাট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ভ্যাট ফাঁকি কমাতে এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার যে প্রতিষ্ঠানগুলো বাধ্যতামূলকভাবে ইএফডির আওতায় আনা হয়েছে তার মধ্যে রয়েছে আবাসিক হোটেল, সামাজিক ও ক্রীড়াভিত্তিক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড দোকান, তৈরি পোশাক বিপণন প্রতিষ্ঠান, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স বিক্রয়কেন্দ্র এবং বিজ্ঞাপনী সংস্থা। এছাড়া শপিং সেন্টার, বিপণিবিতান ও মার্কেটভিত্তিক ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই প্রতিষ্ঠান, ডিপার্টমেন্টাল স্টোর, কমিউনিটি সেন্টার, ফার্মেসী (যেখানে শুধু আমদানিকৃত ওষুধ বিক্রি হয়), মিষ্টির দোকান, জেনারেল স্টোর, সুপারশপ, স্বর্ণ ও রৌপ্যকারিগরের দোকান এবং স্বর্ণ বিক্রেতারাও এ নিয়মের আওতায় পড়েছেন।
একইসঙ্গে ইএফডি ব্যবহারের আওতায় আনা হয়েছে বড় ও মাঝারি ব্যবসায়ী, যাঁরা পাইকারী ও খুচরা পণ্য বিক্রি করেন। তাদের পাশাপাশি আসবাবপত্র বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং বা অনলাইন ভর্তি প্রসেসিং প্রতিষ্ঠান, এবং অন্যান্য ভ্যাটযোগ্য পণ্য ও সেবার ব্যবসায়ীদের জন্যও ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে ইএফডি, এসডিসি বা পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন হবে স্বচ্ছ ও নির্ভরযোগ্য। এর ফলে ভ্যাট ফাঁকির সুযোগ কমবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। যদি কোনো প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দেয় তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা থেকে শুরু করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একাধিকবার একই অপরাধ করলে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
এনবিআর ইতোমধ্যে ইএফডি ও ভ্যাট সংক্রান্ত অনিয়মে সম্পৃক্ত সফটওয়্যারগুলোকে বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট কমিশনাররা এসব অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানানো হয়েছে। ভ্যাটযোগ্য পণ্যের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ইএফডি বা এসডিসি কিংবা পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহার করার আহ্বান জানিয়েছে এনবিআর।
ভ্যাট ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ হিসেবে ২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং চট্টগ্রাম এই পাঁচটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এলাকায় ইএফডি স্থাপনের কাজ শুরু হয়। এরপর ২০২২ সালের ৩ নভেম্বর খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহ আরও কার্যকর করতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করে এনবিআর।
২০২৩ সালের ২২ আগস্ট থেকে জেনেক্স আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে। তাদের লক্ষ্য ছিল অন্তত ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনের তথ্য ডিজিটালি সংরক্ষণ এবং সঠিকভাবে ভ্যাট আদায় নিশ্চিত করা। তবে প্রত্যাশিত সাড়া না মেলায় এবার এসব খাতে ইএফডি ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকার শুধু রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে চায় না বরং ব্যবসা ও ভোক্তার মধ্যে আস্থা গড়ে তুলে কর ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে চায়।

