যুক্তরাষ্ট্রের সার্বভৌম ঋণমান কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক মুদ্রাবাজারে। সোমবার এশিয়ার লেনদেন শুরু হতেই ডলারের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী ধারা হঠাৎ থমকে যায়। গত চার সপ্তাহ ধরে ডলার শক্তিশালী থাকলেও ঋণমান কমার খবরে মুদ্রাবাজারে পরিবর্তন আসে।
বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তনের পেছনে একাধিক কারণ সক্রিয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অস্থায়ী বাণিজ্য সমঝোতার ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা কিছুটা প্রশমিত হয়। এতে ডলারের মান প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ০.৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে সাম্প্রতিক অর্থনৈতিক তথ্যে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে আস্থা কমছে যা ডলারের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান মুডিস গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সার্বভৌম ঋণমান এক ধাপ কমিয়ে দেয়। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট ঋণ বর্তমানে ৩৬ ট্রিলিয়ন বা ৩৬ লাখ কোটি ডলারে পৌঁছেছে যা ভবিষ্যতের আর্থিক ব্যবস্থাপনার জন্য বড় ঝুঁকি। মুডিস ছাড়াও এর আগে আরও দুটি আন্তর্জাতিক সংস্থা একই ধরনের রেটিং কমানোর সিদ্ধান্ত নেয় যা বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এর ফলে এশিয়ার মুদ্রাবাজারে ডলারের মানে বড় ধাক্কা লাগে। সোমবার সকালে জাপানি ইয়েনের বিপরীতে ডলার শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ১৪৫.২২ ইয়েনে। একই সময় সুইস ফ্রাঁর বিপরীতেও ডলার শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস পায়।
অন্যদিকে কিছু মুদ্রা ডলারের এই দুর্বলতার সুযোগ নিতে শুরু করেছে। টানা তিন দিন দরপতনের পর অস্ট্রেলীয় ডলারের মান সামান্য বেড়ে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার নীতি সুদহার ০.২৫ শতাংশ কমাতে পারে, যা বর্তমানে ৪.১০ শতাংশে রয়েছে।
ইউরোপের মুদ্রাবাজারেও কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গেছে। ইউরোর মান ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.১১ ডলারে, আর ব্রিটিশ পাউন্ড ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৩২ ডলারে। নিউজিল্যান্ডের কিউই ডলারও ০.১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫৯ সেন্টে।
এএনজেড ব্যাংকের বৈদেশিক মুদ্রা গবেষণা বিভাগের প্রধান মাহজাবীন জামান এ পরিস্থিতিকে মূল্যায়ন করে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে বর্তমান অনিশ্চয়তা ও নীতিগত দিকনির্দেশনার কারণে বিনিয়োগকারীরা ডলারের ওপর থেকে আস্থা হারাতে পারেন। নিরাপদ লেনদেনের মাধ্যম হিসেবে ডলারের যে শক্তিশালী অবস্থান ছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে পড়ছে।
এদিকে রোববার একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বাণিজ্য অংশীদার দেশগুলো যদি ‘সদ্বিশ্বাসে’ আলোচনার টেবিলে না আসে তাহলে তাদের পণ্যে যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল তা স্থায়ীভাবে বহাল রাখা হতে পারে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাইকারি হারে করছাড় সংক্রান্ত বিলটি রিপাবলিকান দলের অভ্যন্তর থেকেই সমর্থন পাচ্ছে না। অনুমান করা হচ্ছে, এই বিল বাস্তবায়িত হলে পরবর্তী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও তিন থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার বাড়বে। সেই ঋণের চাপ সরাসরি ডলারের দরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সার্বিকভাবে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান, নীতিগত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা সব মিলিয়ে বৈশ্বিক মুদ্রাবাজারে অনিশ্চয়তা বেড়েছে। এই প্রেক্ষাপটে ডলার কতটা টিকে থাকবে, তা এখন শুধু যুক্তরাষ্ট্রের ভেতরের অর্থনৈতিক ব্যবস্থাপনাই নয় বৈশ্বিক আস্থার ওপরও নির্ভর করছে।

