দেশীয় ও বৈদেশিক উভয় ধরণের বিনিয়োগকে উৎসাহিত করতে বিনিয়োগ-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই উদ্দেশ্যে সম্প্রতি তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সব উপদেষ্টা, সচিব, বিশেষ সহকারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যানদের কাছে একটি চিঠি পাঠান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশে একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ৭ থেকে ১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫’। এই সামিটে অংশ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন এবং বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমুদ্র বন্দর, টেলিযোগাযোগ ও পরিবেশসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
সামিটে সরকারের পক্ষ থেকে বিনিয়োগবান্ধব নীতি সহায়তা, প্রয়োজনীয় ক্ষেত্রে আইন ও বিধিমালা সংস্কার, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ও ওয়ান স্টপ সার্ভিস চালুর মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে না উঠলে নীতিগত উদ্যোগগুলোর বাস্তব প্রতিফলন ঘটবে না যা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
লুৎফে সিদ্দিকী চিঠিতে উল্লেখ করেন, যেকোনো বিনিয়োগ-সম্পর্কিত নীতি নির্ধারণের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ আলোচনা অপরিহার্য। তিনি বলেন, অংশীজনদের মতামত ও সুপারিশ উপেক্ষা করে নীতি তৈরি করলে তা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিকে ব্যাহত করতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হতে পারে। বিনিয়োগকারীরা এখন ‘হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচ’-এর মতো সমন্বিত সরকারি উদ্যোগ দেখতে চান। এককভাবে কোনো দপ্তরের পক্ষ থেকে নীতিমালা ঘোষণা করলে তাতে বিনিয়োগের গতি থমকে যেতে পারে।
চিঠিতে আরও বলা হয়, ‘রুলস অব বিজনেস’-এর ১০(১) বিধিতেও রাষ্ট্রীয় জরুরি ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ বাধ্যতামূলক হিসেবে উল্লেখ আছে। সুতরাং ভবিষ্যতে বিনিয়োগ সম্পর্কিত যেকোনো নীতি প্রণয়নের ক্ষেত্রে এই বিধান মেনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।
এই প্রেক্ষাপটে শিল্প, বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নৌপরিবহন, পরিবেশ ও বন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের তাগিদ দিয়েছেন লুৎফে সিদ্দিকী। তিনি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

