বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। তিনি মনে করেন, এই পদক্ষেপ কেবল দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্যই নয় বরং গোটা অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
গত শনিবার (১৭ মে) লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বাস করে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন যৌথভাবে সম্ভব। এ অঞ্চলে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হাইকমিশনার ইকবাল হুসেইন খান আরও বলেন, “বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার একটি সম্ভাবনাময় প্রবেশদ্বার হিসেবে দেখে। সেই ভাবনা থেকেই দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া বিশেষ করে ব্যবসায়ীদের জন্য সহজ করা হচ্ছে।”
তিনি জানান, দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আরও বেশি বাণিজ্যিক সহযোগিতার পথ খুলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এ উদ্যোগের অংশ হিসেবেই চলতি বছরের ডিসেম্বর মাসে ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন ভিসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিটিসিসিআই-এর সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর। তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা প্রসার এবং সম্পর্ক উন্নয়নে এমন পদক্ষেপকে স্বাগত জানান।
বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় পারস্পরিক ভিসা জটিলতা বাণিজ্যের অন্যতম বড় অন্তরায় হিসেবে কাজ করেছে। এখন সেটি কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশ ও পাকিস্তান উভয়েরই অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

