ভারতের হঠাৎ করে জারি করা আমদানি নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ভোমরা স্থল বন্দরে। মাত্র একদিনের ব্যবধানে এ বন্দরে রপ্তানির পরিমাণ ও মূল্য প্রায় পুরোপুরি কমে এসেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা ও সরকারী রাজস্ব আহরণ।
ভোমরা কাস্টমস স্টেশনের তথ্য অনুযায়ী, ১৭ মে বন্দর দিয়ে ভারতে পাঠানো হয় ১০৬ ট্রাক পণ্য। এসব ট্রাকে ৮৩৫ দশমিক ৪৪৬ মেট্রিক টন মালামাল ছিল, যার মধ্যে ছিল ৩২ ট্রাক জুট ইয়ার্ন, ১৫ ট্রাক খাদ্যপণ্য (টোস্ট, জুস, চিপস, লিচু), চার ট্রাক ইয়ার্ন ওয়েস্ট, দুই ট্রাক ক্যাপ, নয় ট্রাক রেডিমেড গার্মেন্টস, ৩২ ট্রাক ট্রাভেল ব্যাগ এবং দুই ট্রাক আসবাবপত্র। ওই দিনের মোট রপ্তানি মূল্য ছিল ১৩ লাখ ৪৪ হাজার ৩ মার্কিন ডলার।
কিন্তু ঠিক পরদিন ১৮ মে ভারতের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা জারি করার পর রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধস নামে। সে দিন মাত্র ২৮টি ট্রাকে ২৭৫ দশমিক ৭৬৩ মেট্রিক টন পণ্য ভারতে পাঠানো হয়। রপ্তানিকৃত পণ্যের তালিকায় ছিল তিন ট্রাক ইয়ার্ন ওয়েস্ট, দুই ট্রাক রিপ্রোসেসড প্লাস্টিক, তিন ট্রাক কটন নিটেড ফেব্রিক্স, ১২ ট্রাক জুট ইয়ার্ন এবং আট ট্রাক ট্রাভেল ব্যাগ। রপ্তানির অর্থমূল্য নেমে আসে মাত্র দুই লাখ ৪৩ হাজার ৯৪৬ মার্কিন ডলারে।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানিয়েছেন, ১৭ মে ভারতের পক্ষ থেকে হঠাৎ করে গার্মেন্টস ও প্লাস্টিকজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে এসব পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত বন্দরে কোনো রপ্তানিযোগ্য পণ্যবাহী ট্রাক আটকে নেই তবে ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার স্থায়িত্বের ওপর নির্ভর করবে সার্বিক পরিস্থিতি।
তিনি বলেন, নিষেধাজ্ঞার ফলে একদিকে যেমন ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে তেমনি রাজস্ব আদায়েও বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়বে। এই প্রভাবের পরিপূর্ণ চিত্র বুঝতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন তিনি।
বিশ্লেষকদের মতে, ভোমরা স্থল বন্দরে এমন রপ্তানি হ্রাস স্থানীয় রপ্তানিকারকদের পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপরও চাপ তৈরি করবে। বিশেষ করে ভারতের সঙ্গে বাণিজ্যে নীতিগত পরিবর্তন হলে তার প্রভাব সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে তাৎক্ষণিকভাবে প্রতিফলিত হয়। ফলে পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

