Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘চোরতন্ত্রে’ শক্তি হারিয়েছে রাজনীতি,ব্যবসায়ীরা কিন্তু দুর্বল উজ্জীবিত আমলারা
    অর্থনীতি

    ‘চোরতন্ত্রে’ শক্তি হারিয়েছে রাজনীতি,ব্যবসায়ীরা কিন্তু দুর্বল উজ্জীবিত আমলারা

    ইভান মাহমুদমে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘চোরতন্ত্রে’ শক্তি হারিয়েছে রাজনীতি, উজ্জীবিত আমলারা: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা পেয়েছিল যেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে এই কাঠামোর চেহারা রাজনীতিবিদরা আজ নিষ্ক্রিয় বা আত্মগোপনে, ব্যবসায়ীরা দুর্বল, আর আমলারা পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত হয়েছেন।

    সোমবার (১৯ মে) রাজধানীর লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬: নীতি সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. দেবপ্রিয় এই মন্তব্য করেন। প্রবন্ধে তিনি দেশের বাজেট কাঠামো, রাজস্ব নীতি, মুদ্রানীতি ও প্রশাসনিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন।

    তিনি বলেন, বাজেট ব্যবস্থায় দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো দুর্বল পরিকল্পনা এবং বাস্তবায়নের অযোগ্যতা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজনের সিদ্ধান্তকে তিনি যুক্তিযুক্ত মনে করলেও, বলেন যে, এই উদ্যোগ বাস্তবায়নে পেশাদারদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং অংশীজনদের নিয়ন্ত্রণে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আলোচনা ছাড়াই একটি ত্রুটিপূর্ণ পদ্ধতিতে এনবিআরকে ভাগ করা হয়েছে যা এখন সংশোধনের প্রয়োজন।

    রাজস্ব ব্যয়ের তথ্য তুলে ধরে ড. দেবপ্রিয় জানান, বাজেটে সবচেয়ে বড় দুটি ব্যয়ের খাত হলো সুদের পরিশোধ এবং ভর্তুকি। অর্থনীতি পরিচালনায় সরকারের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই সবকিছু চলছে তাৎক্ষণিক ও সিদ্ধান্তহীন ভিত্তিতে। তিনি বলেন, মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর প্রতিফলন নেই। দেশের মূল্যস্ফীতি যদি ৮ থেকে ৯ শতাংশে নেমে আসে তখন তা অর্থনৈতিক স্থিতিশীলতার একটি ইঙ্গিত হতে পারে। বর্তমানে দেশে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়ে গেছে এবং যুব জনগোষ্ঠীর দারিদ্র্য উদ্বেগজনক হারে বাড়ছে।

    ড. দেবপ্রিয় আরও বলেন, সরকারের কিছু সংস্কারমূলক উদ্যোগ দেখা গেলেও তা পর্যাপ্ত নয়। তিনি বলেন, টাস্কফোর্সের পক্ষ থেকে দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল। অথচ এখনো সেই প্রস্তাব বাস্তবায়নের কোনো গতি দেখা যাচ্ছে না। সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেও অর্থনৈতিক বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। বাজেট কাঠামোর যে সংস্কার প্রয়োজন ছিল তা পুরোনো কাঠামোর ‘মেকওভার’ করেই চালিয়ে নেওয়া হচ্ছে যা তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আনছে না। ভারতের সঙ্গে এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্কের জটিলতা ও বহুপাক্ষিক বৈদেশিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সংকট তুলে ধরে তিনি বলেন, এমন এক জটিল বাস্তবতায় সরকার আগামী বাজেট প্রস্তুত করছে।

    দেশের আমলাতন্ত্র যে ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে, সে বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, রাজনীতিকরা এখন ম্রিয়মাণ, ব্যবসায়ীরা কোণঠাসা আর আমলারা সমস্ত ক্ষমতা নিয়েই আবার মাথাচাড়া দিয়ে উঠেছেন।

    সেমিনারে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীও। তিনি বলেন, দেশের অর্থনীতির অগ্রগতিকে ‘বাস্কেট কেস’ বলে অবমূল্যায়ন করা থেকে বেরিয়ে আসতে হবে এবং জাতীয় সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর ভারসাম্যহীনতাকে উন্নয়নশীল দেশগুলোর জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু মুহাম্মদ ইউসুফ বলেন, বাজেটের কর-জিডিপি অনুপাত ২০৩৫ সাল পর্যন্ত মাত্র ১০ দশমিক ৫০ শতাংশ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা অত্যন্ত কম। এই লক্ষ্যমাত্রা বাড়াতে না পারলে রাজস্ব অর্জন আরও কমে আসবে।

    বিল্ড-এর সিইও ফেরদৌস আরা বেগম বলেন, দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা জরুরি। বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের প্রতি বাড়তি নজর না দিলে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হবে।

    সেমিনারে বক্তারা সম্মিলিতভাবে বলেন, ভবিষ্যৎ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল ঘোষণা নয় বরং বাস্তবভিত্তিক, অংশগ্রহণমূলক এবং সাহসী সংস্কারমূলক বাজেট প্রণয়ন এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.