ভারতের সীমান্ত দিয়ে নির্দিষ্ট কিছু পণ্যের রপ্তানি বন্ধ থাকায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশের বাণিজ্য। তৈরি পোশাক, ফল, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক সামগ্রী, সুতা ও আসবাবের মতো গুরুত্বপূর্ণ পণ্য আর রপ্তানি করা যাচ্ছে না।
আগে এসব পণ্য নিয়ে যেসব স্থলবন্দরে ট্রাকের দীর্ঘ লাইন দেখা যেত, এখন সেখানে সুনসান নিরবতা। দুই-একটি পণ্যবাহী ট্রাক ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা চলতে থাকলে রপ্তানি বাণিজ্যে বড়সড় ধস নামতে পারে।
যশোরের বেনাপোল বন্দরে তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে গেছে। সোমবার ৩৬টি রপ্তানিমুখী ট্রাকের মধ্যে ১২টি ঢাকায় ফিরে গেছে। বাকি ২৪টি এখনো বন্দরের কার্গো ইয়ার্ডে দাঁড়িয়ে আছে। ভারতের পেট্রাপোল কাস্টমস এখনো আগের এলসি ও টিটির পণ্য নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে এসব পণ্য চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে রপ্তানির চিন্তা করা হচ্ছে।
সিলেট অঞ্চলের ছবিটাও প্রায় একই। শনিবার কিছু পণ্য গেলেও রোববার থেকে বন্ধ হয়ে গেছে শেওলা, চাতলাপুর, বটুলী ও তামাবিল স্থলবন্দরগুলোর রপ্তানি কার্যক্রম।
শেওলা কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ সরকার জানিয়েছেন, শনিবার সাতটি ট্রাক পণ্য গিয়েছিল। এরপর থেকে কিছুই যায়নি।
চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে সোমবার কিছু মাছ রপ্তানি হলেও অন্য পণ্য আটকে আছে। জুড়ীর বটুলী শুল্ক স্টেশন দিয়ে গত দুই দিন ধরে কোনো রপ্তানি হয়নি। তামাবিল স্থলবন্দর থেকেও কোনো ট্রাক ভারতে যায়নি বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
কাস্টমস কমিশনার তাহসিনুর রহমান অবশ্য দাবি করেছেন, এই নিষেধাজ্ঞার প্রভাব সিলেট অঞ্চলে খুব একটা পড়বে না।
এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার মাছ, তেল ও পাটজাত দ্রব্য পাঠানো গেছে ত্রিপুরার আগরতলায়। তবে অন্য সব পণ্যের রপ্তানি বন্ধ।
বন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানিয়েছেন, একদিনেই অর্ধকোটি টাকার পণ্য রপ্তানি কম হয়েছে। তিনি বলেন মাছ, পাথর ও তেল ছাড়া কিছুই নিচ্ছে না ভারত। এতে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরেও একই অবস্থা। পোশাক রপ্তানিকারকরা সবচেয়ে বেশি বিপাকে।
তবে আমদানি কার্যক্রম স্বাভাবিক আছে। সোমবার দুপুর ৩টা পর্যন্ত কাস্টমস কর্মকর্তারা কলমবিরতিতে থাকলেও বিকেলে আবার ছাড়পত্র দেওয়া শুরু হয়।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরেও সোমবার পাঁচটি বিস্কুটবাহী ও ১৭টি তুলা-সুতাবাহী ট্রাক আটকে যায়। আগের দিন রোববারও ২০টি পণ্যের ট্রাক আটকে ছিল।
স্থলবন্দরে জমে থাকা এসব পণ্য নিয়ে এখন চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ। দুই দেশের সরকারের দ্রুত হস্তক্ষেপই এখন একমাত্র আশা।

