Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চাকরি খুঁজে ক্লান্ত তরুণ সমাজ
    অর্থনীতি

    চাকরি খুঁজে ক্লান্ত তরুণ সমাজ

    কাজি হেলালমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কাজি হেলাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক চ্যালেঞ্জগুলোর একটি হলো শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সমস্যা। প্রতিবছর হাজার হাজার তরুণ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেও, তারা প্রত্যাশিত চাকরি খুঁজে পায় না। দিনের পর দিন ঘুরে বেড়ালেও মেলে না মনের মতো কাজ। এতে তারা মানসিকভাবে হতাশ হয়ে পড়ে এবং অনেক সময় হতাশা থেকে নানা নেতিবাচক পথে পা বাড়ায়। একদিকে যেমন দেশের সম্ভাবনাময় কর্মশক্তি অব্যবহৃত থেকে যাচ্ছে, অন্যদিকে রাষ্ট্রও হারাচ্ছে একটি উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ।

    চাকরি খুঁজে ক্লান্ত তরুণ সমাজ, একটি বাস্তব চিত্র:বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজের কর্মসংস্থান-সংক্রান্ত সমস্যা একটি জটিল ও বহুস্তরবিশিষ্ট বাস্তবতা। বাংলাদেশ একটি তরুণপ্রধান দেশ, যেখানে বড় একটি অংশ তরুণ জনগোষ্ঠী। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৮ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে অর্থাৎ তারা তরুণ শ্রেণিভুক্ত। আবার বিভিন্ন পরিসংখ্যান বলছে দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষই ১৫ থেকে ৩৪ বছর বয়সী।এই বিশাল যুবসমষ্টি দেশের জন্য এক বিশাল সম্ভাবনা হলেও সঠিক পরিকল্পনা ও সুযোগের অভাবে তা এখন এক গুরুতর চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের সার্বিক বেকারত্বের হার প্রায় ৪ দশমিক ২ শতাংশ। কিন্তু এই চিত্র তরুণদের ক্ষেত্রে অনেক বেশি উদ্বেগজনক—বিশেষ করে যারা উচ্চশিক্ষা সম্পন্ন করেছে, তাদের মধ্যে বেকারত্বের হার ১১-১২ শতাংশেরও বেশি। বাস্তবে এই হার আরও বেশি হতে পারে। কারণ অনেকেই “আংশিক কর্মসংস্থানে” থাকলেও কাজের মান, স্থায়িত্ব ও উপার্জন খুবই অপ্রতুল। অনেকেই অস্থায়ী বা চুক্তিভিত্তিক চাকরিতে যুক্ত থাকলেও সেটি দিয়ে পরিবার বা নিজের মৌলিক চাহিদাও ঠিকমতো পূরণ করা সম্ভব হয় না। প্রতিবছর হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাস করে কর্মজীবনে প্রবেশ করতে চাইলেও উপযুক্ত চাকরি খুঁজে পায় না। এতে তারা কেবল আর্থিক সংকটেই পড়ছে না বরং মানসিকভাবে ভেঙে পড়ছে, হতাশায় ডুবে যাচ্ছে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে।

    চাকরির বাজারে এই সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমতঃ দেশে যে হারে শিক্ষিত তরুণ তৈরি হচ্ছে, সেই হারে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না। অনেক ক্ষেত্রেই চাকরির যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য থাকে না। সরকারি চাকরির ক্ষেত্রে তো প্রতিটি পদে হাজার হাজার আবেদন পড়ে, যেখানে সুযোগ থাকে মাত্র কয়েকজনের। আবার বেসরকারি চাকরিগুলোর বড় অংশ হয় কম বেতনের, অথবা চাকরির পরিবেশ হয় অনিশ্চিত ও অস্থিতিশীল।

    এই সংকটের সঙ্গে যুক্ত আছে দক্ষতার অভাবও। অনেক সময় শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান চাকরির বাজারে প্রাসঙ্গিক নয়। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কাজের ক্ষেত্রের যে দূরত্ব তা এখনো দূর হয়নি। প্রযুক্তিগত জ্ঞান, ভাষা দক্ষতা, যোগাযোগ ক্ষমতা—এসব মৌলিক দক্ষতার ঘাটতির কারণে অনেক তরুণ চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না।

    এদিকে চাকরি না পাওয়ার কারণে তরুণ সমাজ মানসিকভাবে ভেঙে পড়ছে। প্রতিনিয়ত আবেদন, পরীক্ষা, সাক্ষাৎকার—এই চক্রে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে তৈরি হচ্ছে গভীর উদ্বেগ ও হতাশা। এর ওপর থাকে পারিবারিক চাপ—অভিভাবকরা আশা করেন শিক্ষাজীবন শেষে সন্তান আয় করা শুরু করবে। কিন্তু যখন সেটা সম্ভব হয় না, তখন পরিবারেও হতাশার ছায়া নেমে পড়ে। অনেক তরুণ সামাজিকভাবে নিজেকে হীনমন্যতায় ভোগে।

    তবে আশার কথা হলো অনেক তরুণ এখন বিকল্প পথে হাঁটতে শুরু করেছে। অনেকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা অনলাইন ব্যবসার মতো নতুন ক্ষেত্রগুলোকে বেছে নিচ্ছে। এর ফলে তারা যেমন নিজের আয় করছে, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

    এই সমস্যা সমাধানে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মধ্যে সংযোগ স্থাপন করা জরুরি। শিক্ষাব্যবস্থায় আধুনিক ও কর্মমুখী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা, উদ্যোক্তা বিকাশ ও চাকরির বাজারের তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে তরুণদের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন। তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ। তাদের ক্লান্তি নয়, উদ্যম ও সম্ভাবনার দিকে এগিয়ে নিতে রাষ্ট্র, পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। তাহলে এই বড় ও শক্তিশালী তরুণ জনগোষ্ঠীই একদিন হবে জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

    সমাধান ও করণীয়: তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের পথ সুগম করতে হবে। তরুণ সমাজের কর্মসংস্থান সংক্রান্ত সংকট কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি জাতীয় উন্নয়ন চ্যালেঞ্জ। এই সংকট কাটিয়ে উঠতে হলে বহুমাত্রিক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যা তরুণদের জন্য বাস্তবভিত্তিক ও টেকসই সমাধান দেবে।

    প্রথমতঃ দেশের চাকরির বাজারে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে নতুন খাত চিহ্নিত করে সেখানে বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে উৎপাদনশীল শিল্প, কৃষিভিত্তিক প্রযুক্তি, পরিষেবা ও পরিবেশবান্ধব খাতে নতুন কর্মসংস্থানের দিগন্ত খুলে দেওয়া প্রয়োজন।

    দ্বিতীয়ত: শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা পদ্ধতিকে সময়োপযোগী করতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যে ধরণের সাধারণ শিক্ষা দেওয়া হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে। কারিগরি প্রশিক্ষণ, সফট স্কিলস, আইটি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কৃষি প্রযুক্তি ও ই-কমার্সসহ বিভিন্ন আধুনিক খাতে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করে শিক্ষার্থীদের বাস্তবমুখী করে গড়ে তুলতে হবে।

    তৃতীয়ত: তরুণদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। চাকরি না পাওয়ার হতাশা অনেকের মানসিক চাপ বাড়ায়, যা আত্মবিশ্বাস ও উৎপাদনশীলতা কমিয়ে দেয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো, কাউন্সেলিং সেবা নিশ্চিত করা এবং পারিবারিক ও সামাজিক সহায়তামূলক মনোভাব গড়ে তোলা জরুরি।

    তরুণদের চাকরির পেছনে না ছুটে চাকরি সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকেও মনোযোগ দিতে হবে। সরকার ও বেসরকারি খাতে স্টার্টআপ উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসায়িক পরামর্শ, প্রশিক্ষণ ও বাজার সহায়তা প্রদান করে তাদের উৎসাহিত করা যায়। এতে তরুণরা নিজেরাই কর্মসংস্থানের পথ খুলে দিতে পারবে এবং অন্যদের জন্যও তৈরি হবে নতুন চাকরির সুযোগ।

    তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। ডিজিটাল বাংলাদেশের ধারণাকে বাস্তবে রূপ দিতে হলে আইটি পার্ক, ইনোভেশন হাব, ফ্রিল্যান্সিং সেন্টার ও টেকভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে দেশের শহর ও গ্রামাঞ্চলে। এতে তরুণদের আধুনিক ডিজিটাল দুনিয়ায় দক্ষ করে তোলা যাবে।

    যারা বিদেশে কাজ করতে আগ্রহী, তাদের জন্যও প্রয়োজন কার্যকর প্রস্তুতি। ভাষা শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও সাংস্কৃতিক উপযোগিতা শেখানোর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে তারা আরও ভালো অবস্থান অর্জন করতে পারবে। এতে দেশের রেমিটেন্স আয় বাড়বে এবং তরুণদের জন্য আরও দিগন্ত উন্মোচিত হবে।

    সবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগসূত্র তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইন্ডাস্ট্রি লিঙ্কড প্রোগ্রাম চালু করে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। যাতে তারা স্নাতক হওয়ার আগেই চাকরির জন্য প্রস্তুত হয়ে ওঠে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তরুণ সমাজের জন্য একটি ইতিবাচক, সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ গড়ে তোলা। রাষ্ট্র, পরিবার ও সমাজকে একযোগে এই দায়িত্ব নিতে হবে, যাতে প্রতিটি তরুণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে তার স্বপ্ন ও লক্ষ্যের পথে। এই সম্ভাবনাময় জনগোষ্ঠী যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তবে তারাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিশ্বদরবারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.