বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সাম্প্রতিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার রাতে জানিয়েছেন, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ আরও কম।
আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৭ কোটি ৫ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে ব্যয়যোগ্য রিজার্ভ বা ইউজেবল রিজার্ভ আরও কম মাত্র ১ হাজার ৬০০ কোটি ডলার। যা দিয়ে আমদানি ব্যয় বা বৈদেশিক ঋণ পরিশোধের মতো জরুরি অর্থনৈতিক চাহিদা পূরণ করা সম্ভব।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতিতে হিসাব করলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৫৪৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ দুই পদ্ধতির হিসাবের মধ্যে প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে।
এর আগে চলতি মাসের ৭ মে পর্যন্ত দেশের রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ছিল ২ হাজার ২৯ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার। তখন মোট রিজার্ভ ছিল ২ হাজার ৫৬৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার। তবে ওই সময় বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় হিসেবে ১৮৮ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করে যার প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের আমদানি সক্ষমতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম প্রধান নির্দেশক। আইএমএফের মানদণ্ডে হিসাব করলে বাংলাদেশের রিজার্ভ কমে আসা স্পষ্ট হলেও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তথ্য অনুযায়ী রিজার্ভ এখনও তুলনামূলক বেশি রয়েছে। তবে উভয় ক্ষেত্রেই ঋণ পরিশোধ, আমদানি ব্যয় এবং চলমান মুদ্রানীতির চাপে দেশের বৈদেশিক খাতকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

