বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংক্ষেপে সিএমএসএমই খাত। জাতীয় আয়ের প্রায় এক চতুর্থাংশ আসে এই খাত থেকে। তবে প্রয়োজনীয় অর্থায়নের অভাবে এখনও কাঙ্ক্ষিত বিকাশ ঘটছে না। বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ এই খাতে বিতরণের নির্দেশ দিলেও ২০২৩ সাল পর্যন্ত তা ১৫ শতাংশেই সীমাবদ্ধ ছিল। জামানত জটিলতা ও আনুষ্ঠানিক পরিচয়ের অভাবে সিএমএসএমই উদ্যোক্তাদের একটি বড় অংশ এখনও ব্যাংকঋণের বাইরে রয়ে গেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ব্যাংকিংয়ের জন্য সিএমএসএমইর প্রস্তুতি: সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব চিত্র উঠে আসে। গতকাল অনুষ্ঠিত এই আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসেন। তিনি বলেন, সিএমএসএমই খাতের অধিকাংশ উদ্যোগ এখনও অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হয়। উদ্যোক্তাদের অনেকেরই নেই ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট নিবন্ধন বা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র। ফলে তারা ব্যাংকিং সুবিধা বা সরকারি প্রণোদনা স্কিমের আওতায় আসতে পারছেন না। তাদের অনেকেই আর্থিক তথ্য যেমন নগদ প্রবাহের হিসাব ব্যয় সংরক্ষণ বা আনুষ্ঠানিক চুক্তিপত্র রাখেন না। যার ফলে ঋণ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক বিবরণী প্রস্তুত সম্ভব হয় না এবং ব্যাংকগুলো ঋণ প্রদানে আগ্রহ হারায়।
গবেষণায় আরও উঠে এসেছে, জামানতের জটিলতার কারণে ৬৬ দশমিক ৮৬ শতাংশ উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ পান না। ৫৭ দশমিক ৬৯ শতাংশ উদ্যোক্তার নেই প্রয়োজনীয় জামিনদার বা গ্যারান্টার। উচ্চ সুদের কারণে সমস্যায় পড়েন ৩২ দশমিক ২৫ শতাংশ। আবার ১৮ দশমিক শূন্য ৫ শতাংশ উদ্যোক্তা ঋণ প্রক্রিয়া সম্পর্কেই জানেন না। ব্যবসায়িক পরিকল্পনার অভাব রয়েছে ৫ দশমিক শূন্য ৩ শতাংশ উদ্যোক্তার মধ্যে।
গবেষণাটি আরো জানায়, গ্রামীণ এলাকার অনেক উদ্যোক্তা কর ও আইনি জটিলতার ভয়ে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চান না। অনেকেই মনে করেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে অতিরিক্ত ডকুমেন্ট দিতে হয় যা তাদের পক্ষে সংগ্রহ করা কঠিন। ফলে সহজ শর্তে ঋণ পাওয়া যায় এমন এনজিওর দ্বারস্থ হন তারা।
সিএমএসএমই খাতের এগিয়ে যাওয়া আটকে আছে আরো কিছু কাঠামোগত জটিলতায়। গবেষণা অনুযায়ী, এই খাতের ৬২ শতাংশ উদ্যোক্তার নেই কার্যকর বিপণন ও বিতরণ ব্যবস্থা। বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে উৎপাদন ব্যাহত হয়। নারী উদ্যোক্তারা আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়েন। ব্যবসায়িক ও আর্থিক বিষয়ে পুরুষ সদস্যদের ওপর নির্ভরশীলতা, সীমিত প্রশিক্ষণ এবং নেটওয়ার্কিংয়ের অভাব তাদের আরও পেছনে ফেলে রাখছে।
গোলটেবিল আলোচনায় বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা জানান, ট্রেড লাইসেন্স ছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকেই এসব জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিআইবিএমের সাবেক পরিচালক ও টেকসই অর্থনীতি বিশেষজ্ঞ মোর্শেদ মিল্লাত ব্যাংকগুলোতে পৃথক এসএমই ডেস্ক চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসএমই, কৃষি ও টেকসই অর্থায়ন নিয়ে ব্যাংকগুলোতে আলাদা ডেস্ক থাকতে হবে যাতে উদ্যোক্তারা প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় পান।
বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘ব্যাংকগুলো বলছে তারা ঋণ দিতে চায় কিন্তু দিতে পারছে না। উদ্যোক্তারা বলছেন তারা ঋণ নিতে চান, কিন্তু পাচ্ছেন না। এখানে দুপক্ষের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে যা দূর করতে হবে। সিএমএসএমই খাতে ঋণপ্রক্রিয়াকে আরো সহজ ও তথ্যসমৃদ্ধ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই সিএমএসএমই খাতকে এগিয়ে নিতে হবে এবং এর জন্য ব্যাংকিং খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় আরও বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক হাসান খালেদ এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন।
সবার মতেই স্পষ্ট, বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হলে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রয়োজন উদ্যোক্তাদের জন্য তথ্যপ্রযুক্তি নির্ভর সহায়তা, নীতি সহায়তা এবং আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার বাস্তবমুখী পদক্ষেপ।

