সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়ে সক্রিয়ভাবে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “মহার্ঘ ভাতা চালুর বিষয়টি আমরা সক্রিয়ভাবে বিবেচনায় নিয়েছি। এজন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, “বাজেট সামনে তাই হয়তো একটু সময় লাগবে। তবে আমি বিষয়টি ওয়ার্ক আউট করছি কবে থেকে এবং কত পরিমাণ দেওয়া সম্ভব হবে তা যাচাই করছি।”
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান উপদেষ্টা।
মহার্ঘ ভাতার হার সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু বলা যাবে না। বললেই তো সব বলা হয়ে যাবে।” যদিও ১০ থেকে ১৫ শতাংশ ভাতার কথা ঘুরেফিরে আসছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি এখনো বিষয়টি ওয়ার্কআউট করছি। যখন চূড়ান্ত হবে তখন কেবিনেটে যাবে এরপর প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন। তারপরই তা প্রকাশ করা যাবে।”
সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা না পেয়ে হতাশ কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “হতাশ হওয়ার সুযোগ নেই। আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি।” এ সময় প্রশ্ন উঠে, তবে কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে? জবাবে তিনি বলেন, “এমনভাবে কিছু বলার প্রয়োজন নেই, তবে আমরা অবশ্যই বিষয়টি বিবেচনায় রেখেছি।”
এদিন সভা শেষে অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন উপদেষ্টা। স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের প্রভাব এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। আমি এখনই কিছু বলতে পারছি না। ওনারা আমার সঙ্গে এ বিষয়ে কথা বলতে আসবেন।”
এনবিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এনবিআরের বিষয়ে এখন কিছু বলব না। একইসঙ্গে মন্ত্রণালয় থেকেও এনবিআরকে কিছু বলার অনুমতি দেব না। যদি কেউ এনবিআরের পক্ষ নিয়ে কোনো কাভারেজ করেন আমি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।”
এসময় তিনি আরও বলেন, “আমি যখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম, ব্যাংকারদের স্পষ্ট জানিয়ে দিতাম কোনো ব্যাংকের চেয়ারম্যান বা কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কিছু বলবেন না। আগের সময় যেমন আতিউর রহমানের সময় দেখা গেছে, অনেক চেয়ারম্যান বাইরে গিয়ে নানা মন্তব্য করেছেন। আমি এমনটি হতে দেব না। এনবিআর যদি কিছু বলতে চায় তাহলে বাইরে গিয়ে বলবে, মন্ত্রণালয়ের ভেতর থেকে নয়।”
সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, “আজকের বৈঠকে আমরা দ্রুত এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি। পাশাপাশি সিলেট ও হবিগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়টি অনুমোদিত হয়েছে। এছাড়া যশোর মেডিকেল কলেজের জন্য হাসপাতাল নির্মাণ এবং কক্সবাজার মেডিকেল কলেজে হাসপাতাল সংযুক্তির সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়েছে। কারণ হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ কার্যকর হয় না। এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।”
বৈঠকে এসব গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন ছাড়াও কিছু ‘ভূতাপেক্ষ’ বা দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পও পুনরুজ্জীবনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
সরকারি নীতিমালায় স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা বজায় রেখে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “সবকিছু আমরা নিয়মতান্ত্রিকভাবে করব যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়।”

