Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইতিহাসের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে শিল্পায়নের উত্থান
    অর্থনীতি

    ইতিহাসের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে শিল্পায়নের উত্থান

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, ইতিহাসের ধারাবাহিকতায় আজ পরিণত হয়েছে বাংলাদেশের অন্যতম শিল্পভিত্তিক অঞ্চল হিসেবে। হাজার বছরের পুরনো এই বন্দরের আশেপাশেই গড়ে উঠেছে দেশের প্রথম চা বাগান, প্রথম ইস্পাত কারখানা, একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার, শিপইয়ার্ড এবং তৈরি পোশাক শিল্পের সূচনা। বন্দরসুবিধা ও ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্বই চট্টগ্রামকে পরিণত করেছে অর্থনীতির লাইফলাইন হিসেবে।

    চট্টগ্রামের বন্দর অতীতে শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল না বরং এটি ছিল ভিন্ন ভাষাভাষী ও বর্ণের ব্যবসায়ীদের মিলনস্থল। প্রাচীন রেশম ও মসলার বাণিজ্যে এই বন্দরের ভূমিকা ছিল অনন্য। বহু শতাব্দী আগেই এখানে ভিড়তো চীনের ‘জাঙ্ক’, আরবদের ‘ঢো’ এবং পর্তুগিজদের ‘ক্যারাক’। খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নাবিকরা বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রামকে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে ব্যবহার করতেন। দ্বিতীয় খ্রিষ্টীয় শতাব্দীতে গ্রিক-রোমান ভূগোলবিদ ক্লডিয়াস টলেমি তার মানচিত্রে চট্টগ্রামকে পূর্ব গোলার্ধের অন্যতম সেরা বন্দর হিসেবে চিহ্নিত করেন। এরপর চীনা পর্যটক হিউয়েন সাং এবং ভেনিসের মার্কো পোলোও এই বন্দরের সৌন্দর্য ও বাণিজ্যিক বৈভব দেখে মুগ্ধ হন।

    প্রাচীন ‘রেশমপথ’ বা সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ বিরতিস্থল ছিল চট্টগ্রাম। স্থলপথে আগত পণ্য এখান থেকে সাগরপথে চলে যেত দূরদেশে। নবম শতাব্দী থেকে আরব বণিকদের বাণিজ্যিক আধিপত্য পরবর্তীকালে পর্তুগিজদের হাতে গিয়ে পৌঁছায় ‘পোর্তো গ্র্যান্ডে দে বেঙ্গালা’ নামে পরিচিতিতে।

    বন্দরনির্ভর শিল্প গড়ার শুরুটা হয় চা উৎপাদনের মাধ্যমে। যদিও বর্তমানে সিলেট চা উৎপাদনে এগিয়ে, তবে ১৮৪৩ সালে বাংলাদেশের প্রথম চা বাগান গড়ে ওঠে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। পরে ১৯৪৯ সালে দেশের একমাত্র চা নিলাম কেন্দ্রও গড়ে ওঠে চট্টগ্রামে। এরপর ১৯৫২ সালে ইস্পাত শিল্পের সূচনা হয় নাসিরাবাদে। দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। এটি বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহায়ক প্রতিষ্ঠান। এছাড়াও, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের মতো শিল্পপ্রতিষ্ঠান বন্দরের কাছেই গড়ে উঠেছে।

    ১৯৭৭ সালে কালুরঘাট শিল্পাঞ্চলে দেশের প্রথম তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম তৈরি পোশাক শিল্পেরও সূচনা করে। বর্তমানে এই খাত থেকেই দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি আয় হয়। ১৯৮৩ সালে দক্ষিণ হালিশহরে গড়ে ওঠে দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। এরপর থেকেই চট্টগ্রামের শিল্পে নতুন মাত্রা যুক্ত হয়।

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাটি বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। প্রায় ৫০০ বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চলে মহাসড়কের পাশ দিয়ে গড়ে উঠেছে দুই শতাধিক শিল্পকারখানা। এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজভাঙা শিল্প, যেখান থেকে বিশ্বের প্রায় অর্ধেক পুরাতন জাহাজ ভাঙা হয়। পাশাপাশি আছে ইস্পাত রি-রোলিং প্ল্যান্ট, ঢেউটিন তৈরির কারখানা, সিমেন্ট কারখানা, যানবাহন সংযোজন ইউনিট, কাঁচ কারখানা, পাটকল ও কনটেইনার ডিপো। এখানে আবুল খায়ের, বিএসআরএম, জিপিএইচ ও কেএসআরএমসহ প্রায় ৩০টি ইস্পাত কারখানা দেশের মোট চাহিদার ৫০ শতাংশের বেশি পূরণ করে।

    ঢেউটিন শিল্পেও চট্টগ্রাম অগ্রগণ্য। পাঁচটি প্রধান ঢেউটিন প্রস্তুতকারকের মধ্যে চারটি প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ, পিএইচপি ফ্যামিলি, কেডিএস গ্রুপ ও টিকে গ্রুপ সীতাকুণ্ডেই অবস্থিত। এদের মাধ্যমে দেশের মোট ঢেউটিন চাহিদার ৭০ শতাংশ পূরণ হয়। এই শিল্পখাত চট্টগ্রামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

    ইস্পাত শিল্পে চট্টগ্রামের অবদান বিশাল। ১৯৫২ সালে গুজরাটের ব্যবসায়ীদের উদ্যোগে এখানে ছোট রড তৈরির কারখানা গড়ে উঠলেও সবচেয়ে বেশি সফল হয় আকবর আলি আফ্রিকাওয়ালার বিএসআরএম। ১৯৬৭ সালে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম স্টিল মিলসে দেশে প্রথম বিলেট তৈরির কার্যক্রম শুরু হয় যদিও পরে সেটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দেশের প্রায় ৪২টি ইস্পাত কারখানার মধ্যে চারটি প্রধান প্রতিষ্ঠান বিএসআরএম, একেএস, জিপিএইচ ও কেএসআরএম চট্টগ্রামভিত্তিক এবং তারা সম্মিলিতভাবে দেশের মোট চাহিদার প্রায় ৫৩ শতাংশ পূরণ করে। বিগমিন্টের গবেষণা অনুযায়ী বিএসআরএম ২৫ শতাংশ, একেএস ১৪, জিপিএইচ ৮ এবং কেএসআরএম ৬ শতাংশ বাজার দখলে রেখেছে।

    চট্টগ্রাম ইস্পাত শিল্পে প্রধান স্থান দখল করে আছে কাঁচামাল আমদানির জন্য বন্দরের কাছাকাছি অবস্থানের কারণে। বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন জানান, বন্দরসংলগ্ন হওয়ায় পরিবহন খরচ কমে আসে যা শিল্প পরিচালনায় বড় সুবিধা। অন্যদিকে ঢাকায় কারখানা স্থাপন করলে কাঁচামাল পরিবহনে খরচ বাড়ে ফলে প্রতিযোগিতামূলক সুবিধা হারিয়ে যায়।

    ঢেউটিন শিল্পের শুরু হয় ১৯৬৭ সালে চট্টগ্রাম স্টিল মিলসের মাধ্যমে। তবে সরকারি উদ্যোগ পুরো চাহিদা মেটাতে না পারায় আশির দশকের মাঝামাঝি সময়ে বেসরকারি শিল্পগোষ্ঠীগুলো উদ্যোগ নেয়। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ সালের মধ্যে চট্টগ্রামের পাঁচটি বড় শিল্পগোষ্ঠী কাঁচামাল তৈরির বড় কারখানা স্থাপন করে যারা বর্তমানে বাজারের ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

    চট্টগ্রাম জাহাজ নির্মাণ শিল্পেও পিছিয়ে নেই। যদিও দেশে ২০০টির বেশি নিবন্ধিত জাহাজ নির্মাণ কারখানা সক্রিয় এবং বেশিরভাগ নারায়ণগঞ্জভিত্তিক তবু আধুনিক সমুদ্রগামী জাহাজ নির্মাণে চট্টগ্রাম অগ্রণী। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড মিলে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৪৪টি জাহাজ তৈরি করেছে যার মধ্যে ৩৪টি ওয়েস্টার্ন মেরিন একাই তৈরি করেছে।

    ১৯৮৩ সালে চট্টগ্রামে গড়ে ওঠা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এখন একটি পূর্ণাঙ্গ শিল্পশহরে পরিণত হয়েছে। শুরুতে কয়েকটি প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে এখানে ১৪৪টি কারখানা চালু আছে, যার ৭৮টিই তৈরি পোশাক শিল্পের। বরাদ্দপ্রাপ্ত ৫০১টি প্লটের সবগুলোই গত ১৫ বছর আগে শেষ হয়ে গেছে। ফলে বর্তমানে কারখানাগুলো সুউচ্চ ভবন নির্মাণের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে।

    সার্বিকভাবে, চট্টগ্রাম আজ শুধু একটি সমুদ্রবন্দর নয় বরং বাংলাদেশের শিল্প-অর্থনীতির কেন্দ্রস্থল। ইতিহাসের গর্ভে জন্ম নেওয়া এই অঞ্চল সময়ের ধারায় রূপ নিয়েছে শিল্পায়নের প্রধান চালিকাশেন্দ্রে। উৎপাদন, রপ্তানি, আমদানি এবং কর্মসংস্থানের দিক থেকে চট্টগ্রাম দেশের অর্থনীতিতে যে অবদান রাখছে তা যে কোনো উন্নয়ন পরিকল্পনায় অন্যতম বিবেচ্য হওয়া উচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.