আইএমএফের শর্তে বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর খোলাবাজারে আবারও ডলার উত্তপ্ত। মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকায়। অথচ ব্যাংকিং চ্যানেলে লেনদেন হচ্ছে গড়ে ১২২ টাকা ৫০ পয়সায়।
ডলার কিনতে এসে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, কিছু মানি এক্সচেঞ্জ ব্যাংক থেকে ডলার তুললেও তা বাজারে ছাড়ছে না। বরং মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা চলছে।
এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর মনোভাব দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার কারসাজির বিরুদ্ধে নেওয়া হচ্ছে মাঠপর্যায়ের উদ্যোগ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রেফারেন্স রেট এখন ১২২ টাকা ৪৩ পয়সা। যা একদিন আগেও ছিল ১২১ টাকা ৬৮ পয়সা।
বাজারে স্থিতি ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক গঠন করেছে সাতটি বিশেষ তদারকি দল। এসব দল ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখছে মানি এক্সচেঞ্জগুলোর কার্যক্রম।
মতিঝিল, পল্টন ও ফকিরাপুল ঘুরে দেখা গেছে, একাধিক এক্সচেঞ্জ বোর্ডে ডলারের দাম লিখেছে ১২৪ টাকা। কিন্তু সেই দামে ডলার মিলছে না। খোলসা করা হয়—ডলার নেই। তবে চুপিচুপি বেশি দাম দিলে ডলার মিলছে।
বিশেষ করে হজ মৌসুমের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় খোলাবাজারে তৈরি হয়েছে বাড়তি চাপ।
তবে ব্যাংকিং খাতে ডলার সংকট নেই বলেই জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ট্রেজারি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জানান, আমদানি চাহিদা এখন নিয়ন্ত্রিত। রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহও ইতিবাচক। ফলে ব্যাংকিং বাজারে ডলারের ভারসাম্য রয়ে গেছে।
তার তথ্য অনুযায়ী, দেশে প্রতি মাসে আমদানি বাবদ গড়ে সাড়ে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার দরকার হয়। অন্যদিকে রপ্তানি ও রেমিট্যান্স থেকে আয় আসে প্রায় সাত বিলিয়ন ডলার।
এ অবস্থায় খোলাবাজারে পাঁচ টাকা বেশি দামে ডলার বিক্রিকে অন্যায় বলছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ডলার সংকটকে পুঁজি করে কেউ বাজার অস্থির করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জরিমানার পাশাপাশি প্রয়োজনে লাইসেন্স বাতিলও করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ ব্যাংক বলছে, বাজার নিয়ন্ত্রণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

