আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রায় ৪০ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি ও কর কমানোর পাশাপাশি দলিলমূল্য নির্ধারণে বর্তমান ‘মৌজা মূল্য’ পদ্ধতির পরিবর্তে বাজারমূল্য ভিত্তিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এই কৌশলী পদক্ষেপের লক্ষ্য হলো আবাসনখাতে কালো টাকার প্রবাহ কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো।
বর্তমানে জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশনে বিভিন্ন ধরনের ফি ও কর মিলিয়ে অঞ্চলভেদে ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত খরচ হয়। এই হার কমিয়ে ৮ থেকে ৯ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব আলোচনায় এসেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আইন, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

প্রচলিত ব্যবস্থায় জমির মূল্য নির্ধারণ করা হয় ‘মৌজা মূল্য’ ভিত্তিক, যা সাধারণত প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম। এই ব্যবধানের সুযোগ নিয়ে অনেক ক্রেতা ও বিক্রেতা দলিলে কম মূল্য দেখিয়ে লেনদেনের বাকি অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেন করেন, যার বেশিরভাগই কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ। এর ফলে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ২০২৩-২৪ অর্থবছরে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন থেকে মোট ১২ হাজার ৬৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে উৎসে কর বা গেইন ট্যাক্স থেকে এসেছে ৬ হাজার ৩৯৪ কোটি টাকা, স্থানীয় সরকার কর বাবদ ৩ হাজার ৯৪৪ কোটি টাকা এবং রেজিস্ট্রেশন ফি থেকে ১ হাজার ৫৯৮ কোটি টাকা। তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মতে, বাজারমূল্যের তুলনায় কম দামে দলিল হওয়ায় সরকার প্রতি বছর প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব হারায়।
এই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে, করহার কমিয়ে দলিলমূল্যে বাজারমূল্য নির্ধারণ বাধ্যতামূলক করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, “কালো টাকা সাদা করার কোনো সুযোগ এবার থাকছে না। বরং আমরা মৌজা মূল্য বাড়িয়ে করহার কমিয়ে দেব, যাতে বাজারমূল্যে রেজিস্ট্রেশন হয় এবং টাকা সাদা থাকে।” তিনি উদাহরণ দিয়ে বলেন, গুলশানে এক কাঠা জমির মৌজা মূল্য ১৫ লাখ টাকা হলেও বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এই ব্যবধানের কারণে বিক্রেতাও অজান্তেই কালো টাকার মালিক হয়ে যাচ্ছেন।
অর্থনীতিবিদ ও সাবেক এনবিআর কর্মকর্তারা সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এতে একদিকে রাজস্ব আয় বাড়বে অন্যদিকে কালো টাকার প্রবাহ কমবে এবং আবাসন খাতে স্বচ্ছতা ফিরবে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, “এখন দলিল মূল্য ও বাজারমূল্যের মাঝে যে বিশাল ব্যবধান রয়েছে তা কালো টাকার লেনদেনে সহায়তা করে। এই ব্যবধান কমলে বাজারমূল্যও যৌক্তিক পর্যায়ে আসবে এবং ঘুষ-দুর্নীতির উৎসও অনেকটা বন্ধ হবে।”
তবে তিনি সতর্ক করে দেন, “নীতি বাস্তবায়নের প্রাথমিক ধাপে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ তখন ক্রেতাকে পুরো টাকা কর পরিশোধ করা অর্থে দিতে হবে যা অনেকের পক্ষে তাৎক্ষণিকভাবে সম্ভব নাও হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে।”
এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মজিদও সরকারের উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। তবে তিনি বলেন, “শুধু কর কমালেই হবে না ক্রেতা-বিক্রেতাকে বাজারমূল্যে দলিল করতে বাধ্য করাও জরুরি। তা না হলে রাজস্ব আহরণ কমে যেতে পারে।”
অন্যদিকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) রেজিস্ট্রেশন খরচ কমানোর প্রস্তাবকে ইতিবাচক বললেও, বাজারমূল্য ভিত্তিক দলিল বাধ্যতামূলক করার পরিকল্পনার বিরোধিতা করেছে। রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন খরচ ৯ শতাংশের মধ্যে রাখার দাবি জানিয়ে আসছিলাম। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিলে তা প্রশংসনীয় হবে।” তবে মৌজা মূল্য ও বাজারমূল্যের সমন্বয় বিষয়ে মন্তব্য করতে তিনি বিরত থাকেন।
তবে আবদুল মজিদ রিহ্যাবের ভূমিকার সমালোচনা করে বলেন, “আবাসন ব্যবসায়ীদের কেউ কেউ টাকা নিয়েও রেজিস্ট্রেশন দিচ্ছে না। অতীতে কর কমানোর পরও তাদের আচরণ পাল্টায়নি। তাই সরকারকে নিশ্চিত করতে হবে যেন বাজারমূল্যে দলিল বাধ্যতামূলক হয়।”
মৌজা মূল্য নির্ধারণের বিদ্যমান নিয়মকে আরও কার্যকর করতে সরকার নতুন বিধান সংযোজন করতে যাচ্ছে। ২০১০ সালের ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা’র আওতায় গত দুই বছরের নিবন্ধিত দলিলমূল্যের ভিত্তিতে জমির মৌজা মূল্য নির্ধারণ করা হয়। তবে দীর্ঘদিন ধরে এই মূল্য হালনাগাদ না হওয়ায় তা বাস্তবতার সঙ্গে মিলছে না। সর্বশেষ ২০২১ সালে গণপূর্ত মন্ত্রণালয় কিছু হালনাগাদ করেছে।
নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সিটি করপোরেশন এলাকায় এবং জেলা প্রশাসকের নেতৃত্বে পৌরসভাগুলোর জন্য বাজারমূল্য নির্ধারণ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি দুই বছরের দলিলমূল্যের গড়, গোপন ও প্রকাশ্য তদন্ত এবং গণশুনানির মাধ্যমে প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করবে। যদি সর্বনিম্ন মূল্য গড়ের চেয়ে অনেক বেশি হয়, তবে তা ভূমি ও আইন সচিবকে জানাতে হবে। একই মৌজায় জমির দামে ভিন্নতা থাকলে মৌজাকে বিভক্ত করে একাধিক ক্লাস্টার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে প্রতি বছর বাজারমূল্য হালনাগাদ করে তা ভূমি মন্ত্রণালয়ের ডাটাবেজে প্রকাশ করা হবে।
বর্তমানে রেজিস্ট্রেশন ফি ১ শতাংশ রয়েছে এবং এটি অপরিবর্তিত থাকবে। স্ট্যাম্প ফি ১.৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব রয়েছে। স্থানীয় সরকার করহারে পরিবর্তন না এনে, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ৩ শতাংশ এবং পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য ২ শতাংশ রাখা হতে পারে।
উৎসে কর বা গেইন ট্যাক্স ঢাকার ক-ঘ শ্রেণিতে ৮ শতাংশ থেকে ৪ শতাংশে এবং চট্টগ্রামসহ অন্য শ্রেণিতে ৬ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। অন্যান্য পৌরসভায় ৪ শতাংশ উৎসে কর ২ শতাংশ এবং ইউনিয়ন পর্যায়ে ২ শতাংশ থেকে ১ শতাংশ করার চিন্তা রয়েছে।
বর্তমানে কাঠা প্রতি সর্বোচ্চ ১৫ লাখ টাকা ও সর্বনিম্ন ২০ হাজার টাকা উৎসে কর নির্ধারণ আছে। বাজারমূল্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে এই সীমাবদ্ধতা প্রয়োজন হবে না বলে এনবিআরের ধারণা।
ফ্ল্যাট রেজিস্ট্রেশনে বর্তমানে ১,৬০০ বর্গফুট পর্যন্ত ভ্যাট ২ শতাংশ এবং তার বেশি হলে ৪.৫ শতাংশ। প্রস্তাব অনুযায়ী, ১,৬০০ বর্গফুট পর্যন্ত ভ্যাট ১ শতাংশ, ১,৬০১–২,৪০০ বর্গফুটে ২ শতাংশ এবং ২,৪০০ বর্গফুটের বেশি হলে ৩ শতাংশ হতে পারে।
এছাড়া ভূমি উন্নয়ন ফি ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে একদিকে সরকার রাজস্ব আহরণে সফল হবে অন্যদিকে কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণে আসবে এবং আবাসন খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

