জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন ও রাজস্ব খাত সংস্কার সংক্রান্ত অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এ দাবিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তারা। তবে ওই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে আন্দোলনকারী পক্ষ।
মঙ্গলবার রাত সোয়া নয়টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা এবং দুজন উপদেষ্টার উপস্থিতিতে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল বুধবার দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। ওই প্রেস ব্রিফিংয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
এদিকে আগামীকাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় কর্মরত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে একই কর্মসূচি চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, এনবিআর পুনর্গঠন সংক্রান্ত সরকারপ্রণীত একটি অধ্যাদেশ সম্প্রতি জারি হওয়ার পর থেকেই এনবিআরের ভেতরে অসন্তোষ তৈরি হয়। কর্মকর্তারা মনে করছেন, এই সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে এবং তাদের পেশাগত স্বার্থ ক্ষুণ্ন হতে পারে। এসব আশঙ্কা থেকেই তারা আন্দোলনে নেমেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো এ নিয়ে সন্তোষজনক কোনও সমাধান আসেনি।

