করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার ঠিক আগে বাংলাদেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা একটি বিস্তৃত সম্প্রসারণ পরিকল্পনা হাতে নেয়। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ওষুধের চাহিদা বাড়ায় কোম্পানিটি প্রায় ১,০০০ কোটি টাকার একটি বিনিয়োগ প্রকল্প হাতে নেয়। কিন্তু এই উদ্যোগের মাঝপথেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কোভিড-১৯ যার পরিপ্রেক্ষিতে ভেঙে পড়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। এর ধাক্কা লাগে রেনাটার পরিকল্পনাতেও।
মহামারির রেশ না কাটতেই বিশ্ব অর্থনীতি আবারও বিপর্যয়ের মুখে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর দেশগুলোর ওপর পড়ে ব্যাপক চাপ যার প্রভাব বাংলাদেশেও গভীরভাবে পড়ে। ২০২২ সালের শুরুতে প্রতি ডলার ছিল ৮৫ টাকা কিন্তু ছয় মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ১১০ টাকায়। এরপর আরও ছয় মাসের মধ্যে তা পৌঁছে যায় ১২০ টাকায়। টাকার এই বড় ধরনের অবমূল্যায়নের ফলে রেনাটার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ১,৪০০ কোটি টাকায়। অর্থাৎ পরিকল্পিত ব্যয়ের চেয়ে ৪০০ কোটি টাকা বেশি খরচ করতে হয় কোম্পানিটিকে।

এতে প্রকল্পের আর্থিক কাঠামো সম্পূর্ণভাবে পাল্টে যায়। সুদের হার ও আমদানিকৃত কাঁচামালের দাম বাড়ার কারণে রেনাটার মুনাফার হারও আশঙ্কাজনক হারে কমে যায়। কয়েক বছর আগেও যেখানে কোম্পানির মুনাফার হার ছিল ১৮ শতাংশ বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ঋণ পরিশোধে বেড়ে যাওয়া চাপকে।
রেনাটার দেওয়া তথ্যানুসারে, ২০২১ সালের জুন মাসে কোম্পানিটির মোট ঋণের পরিমাণ ছিল ৪৮০ কোটি টাকা যা ২০২৪ সালের মার্চ মাসে গিয়ে দাঁড়িয়েছে ১,৯০০ কোটি টাকায়। এই ঋণের ভার আর্থিক স্থিতিশীলতার ওপর বড় চাপ ফেলেছে।
এই পরিস্থিতি ব্যাখ্যা করে রেনাটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির বলেন, “সরকারি বিধি অনুযায়ী ১১৭টি ওষুধ ছাড়া অন্য সবগুলোর দাম বাড়াতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। সেই নিয়ম অনুযায়ী আমরা কিছু ওষুধের দাম বাড়াতে চাই।” তিনি জানান, রেনাটার ৬২৬টি পণ্যের মধ্যে ১৯৪টি বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ সেগুলো আর লাভজনক নয়। তার ভাষায়, “দাম বাড়াতে না দিলে দু-একটি ব্যতিক্রম বাদে দেশে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি টিকে থাকতে পারবে না।”
বায়োইকুইভিলেন্ট পণ্য উৎপাদনে রেনাটার অগ্রগতি উল্লেখ করে কায়সার কবির বলেন, “আমরা বায়োইকুইভিলেন্ট পণ্য তৈরি করি এতে খরচ বেশি। আমাদেরই সর্বোচ্চ ৭৫টি বায়োইকুইভিলেন্ট প্রোডাক্ট আছে। এখন ড্রাগ ডেভেলপমেন্টে কোম্পানিগুলোর অনেক ব্যয় হচ্ছে। শুধু গত বছরই আমি এই খাতে ১০০ কোটি টাকা ব্যয় করেছি। এ বছর বাজেট ধরা হয়েছে ১৬৫ কোটি টাকা।”
মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ হালিমুজ্জামানও। তিনি বলেন, “চাল, ডাল, তেল, রিকশাভাড়া সবকিছুর দাম বাড়ছে। ওষুধ তো কোনো ভিন্ন জগতে তৈরি হয় না। কাঁচামাল, পরিবহন, কর, গবেষণা ও উন্নয়নসহ প্রতিটি পর্যায়ে খরচ বেড়েছে। অথচ দাম আগের মতোই রয়েছে। এই খাতে যদি দ্রুত মূল্য সমন্বয় না হয় তাহলে ফার্মাসিউটিক্যাল শিল্প ধ্বংস হয়ে যাবে।”
২০১৯ সালে উৎপাদন সক্ষমতা বাড়াতে ১,০০০ কোটি টাকার মূলধনী যন্ত্রপাতিতে বিনিয়োগের পরিকল্পনা নেয় রেনাটা। সেসময় কোম্পানিটির ব্যাংকে ৫০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট ছিল এবং বার্ষিক মুনাফা ছিল ৫০০ কোটি টাকার মতো। সেই আর্থিক ভিত্তিতেই কোম্পানিটি এই বড় ধরনের প্রকল্পে হাত দেয়।
তবে ২০২৩ সালের অক্টোবর মাসে সুদের হার আরও বাড়তে পারে এমন শঙ্কায় স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে রেনাটা জিরো-কুপন বন্ড এবং প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে ৮৫০ কোটি টাকা তোলার পরিকল্পনা করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ৬৬০ কোটি টাকার জিরো-কুপন বন্ড এবং ৩৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। কিন্তু ট্রেজারি বন্ডে উচ্চ মুনাফার হার থাকায় বিনিয়োগকারীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় তহবিল সংগ্রহের সে প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তীতে চলতি বছরের মার্চে বিএসইসি সাবস্ক্রিপশনের সময়সীমা বাড়ালে রেনাটা প্রেফারেন্স শেয়ার থেকে ২২৫ কোটি এবং জিরো-কুপন বন্ড থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়।
রেনাটার আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটি ৫০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছিল। তবে ২০২২-২৩ অর্থবছরে তা নেমে আসে ২৩৩ কোটিতে। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে মুনাফা কিছুটা বেড়ে দাঁড়ায় ৩৬১ কোটি টাকায়। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই মুনাফা ৩৫ শতাংশ হ্রাস পেয়ে ১৬৮ কোটিতে নেমে এসেছে। এই সময়ের মধ্যে কোম্পানির আর্থিক ব্যয় বেড়েছে ৫৬ শতাংশ যা রেনাটার আয়ের ওপর বিরূপ প্রভাব ফেলেছে।
এই আর্থিক চিত্র এবং বাজার পরিস্থিতি থেকে স্পষ্ট, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল শিল্প টিকিয়ে রাখতে হলে দ্রব্যমূল্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে ওষুধের মূল্য পুনর্নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। অন্যথায় রেনাটার মতো বড় কোম্পানিগুলোরও টিকে থাকা কঠিন হয়ে উঠবে।

