Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতির খেলায় জনগন কেবল নীরব দর্শক?
    অর্থনীতি

    অর্থনীতির খেলায় জনগন কেবল নীরব দর্শক?

    কাজি হেলালমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কাজি হেলাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতিতে গত এক যুগে দৃশ্যমান অগ্রগতি ঘটেছে। বৈদেশিক রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মাথাপিছু আয়, রপ্তানি আয় ও অবকাঠামোগত উন্নয়নের মতো সূচকে এসেছে উল্লেখযোগ্য সাফল্য। সরকার ও বিভিন্ন মহল এই অগ্রগতিকে “উন্নয়নের মডেল” হিসেবে উপস্থাপন করছে—যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে। কিন্তু এই আর্থিক প্রবৃদ্ধির পেছনের একটি মৌলিক প্রশ্ন এখনও স্পষ্ট নয়, এই উন্নয়নের মূল অংশীদার কারা? সাধারণ জনগণ কি অর্থনীতির এই খেলায় সক্রিয় খেলোয়াড়, নাকি তারা কেবল পরিসংখ্যানের বাইরে থাকা একদল নীরব দর্শক?

    বর্তমান বাস্তবতায় দেখা যায় গার্মেন্টস শ্রমিকের অল্প মজুরি, কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য না পাওয়া, প্রবাসী শ্রমিকের মানবেতর জীবন এবং তরুণ শিক্ষিত বেকারের দীর্ঘ অপেক্ষা—সবই নির্দেশ করে যে উন্নয়নের সুফল এখনও সমাজের একটি বড় অংশের কাছে অধরা। অর্থনীতির মঞ্চে যাদের ঘামের বিনিময়ে প্রবৃদ্ধির সূচক উর্ধ্বমুখী, তারাই যেন নীতিনির্ধারণ ও সম্পদের বণ্টনে সবচেয়ে দূরে অবস্থান করছে। ফলে এই প্রশ্ন এখন সময়ের দাবি—বাংলাদেশের অর্থনৈতিক অর্জন কি সত্যিই অংশগ্রহণমূলক? নাকি জনগণ কেবল অর্থনৈতিক অগ্রগতির গ্যালারিতে বসে থাকা দর্শক?

    রেমিট্যান্স ও গার্মেন্টস: জনগণের ঘাম, অন্যের মুনাফা লাভের ক্ষেত্র। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে যেসব খাত সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তার মধ্যে রেমিট্যান্স ও তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প শীর্ষে। দেশের গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষদের ঘামে সেচ দেওয়া এই দুই খাত দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার জোগান, কর্মসংস্থান এবং দারিদ্র্য হ্রাসে প্রধান অবদান রাখলেও প্রশ্ন থেকে যায়—এই সাফল্যের প্রকৃত সুফল কি শ্রমজীবী মানুষ পাচ্ছে?

    প্রবাসীরা—বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপে অবস্থানরত বাংলাদেশিরা—যাঁরা পরিবার-পরিজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে কষ্টসাধ্য শ্রমে লিপ্ত, তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান রক্তধারা। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীরা দেশে মোট ১ হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

    তুলনামূলকভাবে ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে এবং ডলার সংকট মোকাবিলায় সহায়ক। একই সঙ্গে বহু পরিবারে রেমিট্যান্স আয়ের উপর নির্ভর করে চলেছে সন্তানদের পড়ালেখা, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন খরচ। তবুও দুঃখজনক হলেও সত্য অনেক প্রবাসী চরম দুর্ভোগে জীবন যাপন করেন, শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এবং রাষ্ট্রের নীতিগত সহায়তা পান না বললেই চলে।

    অন্যদিকে গার্মেন্টস শিল্প যা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, একাই রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি যোগান দেয়। প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে নিয়োজিত, যার মধ্যে অধিকাংশই নারী। অথচ এই শিল্পের পেছনের মূল শক্তি—শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। নিম্ন মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ, অতিরিক্ত কর্মঘণ্টা এবং শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ গার্মেন্টস শিল্পে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের শেষ দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়ন এবং কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনা এই খাতের অন্তর্নিহিত অসাম্যকে আবারও সামনে নিয়ে এসেছে।

    এই দু‘টি খাতকে ঘিরে অর্থনীতির গতি বাড়লেও এই গতি কাদের জন্য—সে প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রবৃদ্ধির যে চিত্র আমরা পরিসংখ্যানে দেখি তা প্রকৃতপক্ষে কতটা জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগছে, তা ভেবে দেখা প্রয়োজন। যেসব মানুষের ঘাম ঝরছে বিদেশের রোদে বা কারখানার গরম ছাদতলে, তাদের প্রাপ্তি যেন অনুপাতে অনেক কম। অন্যদিকে মধ্যস্বত্বভোগী, রপ্তানিকারক প্রতিষ্ঠান, রিক্রুটিং এজেন্সি বা কিছু ক্ষমতাবান গোষ্ঠী তুলছে অধিকাংশ মুনাফা। ফলে শ্রমিকদের সৃষ্ট মূল্য ও উৎপাদনের প্রকৃত সুবিধা সমাজের উপরতলার হাতে কেন্দ্রীভূত হচ্ছে, যা অর্থনৈতিক বৈষম্যকে আরও ঘনীভূত করছে।

    অতএব কেবল প্রবৃদ্ধি নয়, দরকার ন্যায্যতা ও অন্তর্ভুক্তি। রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য সুরক্ষা, সচেতনতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি জরুরি। একইভাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। একতরফা মুনাফার পরিবর্তে সমবণ্টিত উন্নয়নই টেকসই অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে পারে। অর্থনীতি তখনই মানুষের কল্যাণে আসে যখন জনগণের ঘামের প্রকৃত মূল্য দেওয়া হয় এবং তারা কেবল উৎপাদনের যন্ত্র নয়, বরং নীতিনির্ধারণে সম্মানিত অংশীদার হিসেবে স্বীকৃতি পায়।

    আয় ও উন্নয়নের ব্যবধান: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার, যা আগের সাময়িক হিসাবের তুলনায় ৪৬ ডলার কম। এই সংখ্যা অনেকের কাছেই দেশের অর্থনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে মনে হতে পারে। তবে মনে রাখতে হবে মাথাপিছু আয় একটি গড় হিসাব মাত্র—যা দেশের মোট আয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এতে ধনী মানুষের উচ্চ আয়ও যুক্ত থাকে। ফলে এটি বাস্তব জীবনের আয়বৈষম্যের আসল চিত্র তুলে ধরে না।

    বাস্তবতায় দেশের শহর বা গ্রামে ঘুরলে এখনো দেখা যায় অসংখ্য মানুষ দুর্দশায় দিন কাটাচ্ছে—কারও ঘর মাটির, কেউ বা কাজ না পেয়ে হতাশ, কেউ আবার চিকিৎসার খরচ চালাতে না পেরে জীবন নিয়ে শঙ্কিত। এসব দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের সুফল এখনো সবার ঘরে পৌঁছায়নি। মাথাপিছু আয়ের এই পরিসংখ্যান উন্নয়নের একটি দৃষ্টিভঙ্গি দিতে পারে ঠিকই, কিন্তু সেটি সার্বজনীন উন্নয়নের প্রতিচ্ছবি নয়।

    তাই গড় নয় মানুষের বাস্তব জীবনের পরিবর্তনই হওয়া উচিত প্রকৃত উন্নয়নের মানদণ্ড। দেশের প্রতিটি মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার সুযোগ নিশ্চিত না হলে অর্থনৈতিক অগ্রগতি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। উন্নয়নের মানে তখনই পূর্ণতা পায় যখন এর সুফল সমাজের প্রতিটি স্তরে সমভাবে পৌঁছায়।

    আয় ও উন্নয়নের মধ্যে এই ব্যবধানের মূল কারণ হলো উন্নয়নের সুফল সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায় না। সমাজের একটি অংশ উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। অপরদিকে বৃহৎ জনগোষ্ঠী সেই সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। এর ফলে কিছু মানুষ ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে গেলেও অন্যরা পিছিয়ে পড়ছে।

    বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় দুর্বল শিক্ষা ব্যবস্থা এখনও একটি বড় চ্যালেঞ্জ। প্রান্তিক ও গ্রামীণ এলাকায় শিক্ষার মান এবং সুযোগ সীমিত হওয়ায় অনেকেই শ্রমবাজারে টিকে থাকার মতো দক্ষতা অর্জন করতে পারে না। একইভাবে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা এখনো শহরকেন্দ্রিক ও ব্যয়বহুল হওয়ায় দরিদ্র জনগণ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়, যা তাদের আয় ও উৎপাদনক্ষমতাকে হ্রাস করে।

    রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতাও এই ব্যবধানকে আরও জটিল করে তোলে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির কারণে সরকারি প্রকল্প ও সামাজিক সেবা অনেক সময় প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছায় না। পাশাপাশি নগর ও গ্রামাঞ্চলের মধ্যে যে পরিষেবা ও অবকাঠামোগত বৈষম্য আছে, সেটিও আয় ও উন্নয়নের মধ্যকার ব্যবধানকে স্থায়ী করে তোলে।

    আসলে একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সমাজের প্রতিটি মানুষ সেই উন্নয়নের সুফল ভোগ করতে পারে। শুধুমাত্র গড় মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি দিয়ে দেশের সার্বিক অগ্রগতি পরিমাপ করা যায় না, যদি সেই উন্নয়ন সীমিত পরিসরে কেন্দ্রীভূত থাকে। সুতরাং এই ব্যবধান ঘোচাতে হলে দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা। যেখানে প্রতিটি নাগরিককে অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তবেই কেবল অর্থনৈতিক খেলায় জনগণ দর্শক নয়, প্রকৃত খেলোয়াড় হয়ে উঠতে পারবে।

    অর্থনীতির খেলায় জনগণের ভূমিকা: অর্থনীতি কোনো জটিল তাত্ত্বিক বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, চাকরির সুযোগ, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ কিংবা সঞ্চয় ও বিনিয়োগের সিদ্ধান্ত—সবই অর্থনীতির অন্তর্গত এবং এসব সিদ্ধান্তে দেশের কোটি কোটি মানুষ সরাসরি অংশ নেন। তাই জনগণকে অর্থনীতির কেবল পর্যবেক্ষক হিসেবে দেখার সুযোগ নেই। বরং তাঁরা এই ব্যবস্থার চালিকাশক্তি, যাঁদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

    প্রতিদিনই আমরা ক্ষুদ্র ও ব্যক্তিগত অর্থনৈতিক সিদ্ধান্ত নেই—কী কিনব, কতটুকু সঞ্চয় করব, কোথায় বিনিয়োগ করব। এসব সিদ্ধান্তের সম্মিলিত প্রভাবই দেশের বাজার ব্যবস্থাকে চালিত করে। ক্রেতার চাহিদা, মূল্যবোধ ও সচেতনতা বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। তাই ভোক্তার দৃষ্টিভঙ্গি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    একইভাবে কর্মসংস্থান ও উৎপাদন খাতেও জনগণের অংশগ্রহণ অপরিহার্য। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হয়, যখন তা নতুন চাকরি সৃষ্টি করে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, তরুণদের একটি বড় অংশ এখনও কর্মহীন কিংবা অপ্রতুল দক্ষতার কারণে পিছিয়ে আছে। এই পরিস্থিতি বদলাতে হলে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে হবে।

    সরকারের নীতিনির্ধারণ প্রক্রিয়ায়ও জনগণের মতামত ও প্রত্যাশা গুরুত্বপূর্ণ। বাজেট, করনীতি, ভর্তুকি কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচি—এসবই যদি বাস্তব চাহিদার প্রতিফলন না হয়, তবে উন্নয়ন অসম ও একমুখী হয়ে পড়ে। গণতান্ত্রিক সমাজব্যবস্থায় নীতি তৈরিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ সরকারকে আরও জবাবদিহিমূলক ও বাস্তবমুখী করে তোলে।

    অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস করা সম্ভব। যখন জনগণ সচেতন হয় তখন তারা শুধুমাত্র নিজের স্বার্থ নয়, সামাজিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে পারে। নিম্নআয়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে জনগণের সংগঠিত চাপই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে।

    বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে অর্থনীতি যেমন অস্থিরতার মুখে, তেমনি সুযোগেও ভরপুর। ডিজিটাল লেনদেন, ই-কমার্স, কৃষি প্রযুক্তির ব্যবহার, নারী উদ্যোক্তা বৃদ্ধি—সবই এই পরিবর্তনের অংশ। তবে এই সুযোগগুলোর সঠিক ব্যবহার তখনই সম্ভব যখন সাধারণ মানুষ আর্থিকভাবে সচেতন, তথ্যপ্রবাহে যুক্ত এবং অংশীদারিত্বমূলক দৃষ্টিভঙ্গির অধিকারী হন।

    পরিশেষে বলা যায় অর্থনীতির খেলায় জনগণ কেবল গ্যালারির দর্শক হলে চলবে না। তাদের মাঠে নামতে হবে—জ্ঞান, দক্ষতা ও সচেতনতা নিয়ে। কেবলমাত্র সক্রিয় ও দায়িত্বশীল জনগণের অংশগ্রহণেই একটি স্থিতিশীল, সমতাভিত্তিক এবং টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

    নীতিনির্ধারণে জনগণের ভূমিকা কোথায়? নীতি নির্ধারণে জনগণের ভূমিকা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। আদর্শভাবে, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া উচিত। নির্বাচন, গণভোট কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জনগণ সরাসরি নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, নাগরিক সমাজ কিংবা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা সরকারের সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়ে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

    তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক সময় জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে মেঘা প্রকল্প গ্রহণ করা হয়। যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও স্বাস্থ্য, শিক্ষা কিংবা সামাজিক নিরাপত্তার মতো মৌলিক খাতে বরাদ্দ থাকে সীমিত। জনশুনানি বা পরামর্শ প্রায় অনুপস্থিত। ফলে জনগণ অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও, নীতিনির্ধারণের ক্ষেত্রে তারা যেন কেবল দর্শক হয়ে থাকে।
    এই বাস্তবতা বদলাতে হলে সরকারকে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই নীতিগুলো হবে বাস্তবমুখী, গ্রহণযোগ্য এবং সকলের কল্যাণে উপযোগী।

    অর্থনৈতিক খেলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা: অর্থনীতির অগ্রযাত্রায় জনগণের কেবল দর্শক হয়ে বসে থাকলে চলবে না। তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আজ সময়ের দাবি। এটি শুধু উন্নয়নের গতি বাড়াবে না বরং সমাজে ন্যায়বিচার, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের ভিত্তিও শক্ত করবে। তবে এই অন্তর্ভুক্তির পথ সুগম করতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।

    প্রথমতঃ জনগণকে অর্থনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হলে যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয় বরং দক্ষতা উন্নয়ন, কারিগরি জ্ঞান ও আর্থিক শিক্ষা মানুষের জীবনে বাস্তব প্রয়োগযোগ্য করে তুলতে হবে। এই শিক্ষার মাধ্যমেই একজন নাগরিক তার অর্থনৈতিক অধিকার ও সুযোগ সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে।

    দ্বিতীয়ত: অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দেশে ধনী-গরিবের মাঝে যেভাবে আয়ের বৈষম্য বাড়ছে, তাতে সাধারণ মানুষ দিন দিন প্রান্তিক হয়ে পড়ছে। এই বৈষম্য হ্রাসে ন্যায্য মজুরি নিশ্চিত, প্রগতিশীল করনীতি গঠন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ অত্যন্ত জরুরি। একতরফাভাবে কিছু শ্রেণি সব সুযোগ ভোগ করলে গণতান্ত্রিক অর্থনীতি কখনোই গড়ে উঠবে না।

    তৃতীয়ত: অর্থনৈতিক নীতিনির্ধারণে জনগণের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাজেট ঘোষণার আগে নাগরিক পরামর্শ গ্রহণ, স্থানীয় পর্যায়ে অর্থ বরাদ্দ ও ব্যয়ের পরিকল্পনা নির্ধারণে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। এতে করে উন্নয়নের রূপরেখা হবে জনকেন্দ্রিক এবং তা বাস্তবায়নের ক্ষেত্রেও জনগণের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হবে।

    চতুর্থতঃ কৃষক, শ্রমিক, প্রবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য উপযুক্ত সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আজও বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী মৌলিক অধিকার থেকে বঞ্চিত—কখনো শ্রমের ন্যায্য মূল্য না পেয়ে, কখনো চিকিৎসা-শিক্ষা ব্যয়ে জর্জরিত হয়ে। এই শ্রেণিগুলোর জন্য শক্তিশালী সামাজিক নিরাপত্তা কর্মসূচি গড়ে তুললে তারা অর্থনৈতিক মূলধারায় আরও শক্তভাবে যুক্ত হতে পারবে।

    সবশেষে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা ছাড়া কোনও দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। বাজেট বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প পরিচালনা, ঋণ ও অনুদানের ব্যবহার—সব ক্ষেত্রেই জনগণের নজরদারি ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর হলে জনগণের আস্থা বাড়বে এবং তারা নিজেরাই এই ব্যবস্থার রক্ষক হিসেবে দাঁড়াবে।

    সার্বিকভাবে অর্থনীতির শক্ত ভিত্তি গড়তে হলে কেবল সংখ্যায় বড় জনগোষ্ঠী নয় সচেতন, অংশগ্রহণমূলক ও অধিকার সম্পর্কে সচেতন জনগণ তৈরি করতে হবে। তখনই এই বিশাল জনসংখ্যা দেশের জন্য বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। অর্থনৈতিক খেলায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে একটি গণতান্ত্রিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রকৃত পথ।

    অর্থনীতি কোনো বিচ্ছিন্ন বা কেবলমাত্র বিশেষজ্ঞদের বিষয় নয়, এটি জনগণের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই অর্থনীতির খেলায় জনগণকে কেবল গ্যালারির দর্শক হিসেবে রাখা চলবে না। বরং নীতিনির্ধারণ থেকে বাজেট প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি থেকে সম্পদের বণ্টন—সব ক্ষেত্রেই জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে হলে দরকার জনগণের মতামত, চাহিদা ও অধিকারকে সম্মান জানানো। কেবলমাত্র তখনই অর্থনৈতিক অগ্রগতি হবে অর্থবহ ও সবার জন্য কল্যাণকর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.