Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্ভাব্য করহার ঘোষণার নীতিমালা অব্যাহত রাখার পরিকল্পনা এনবিআরের
    অর্থনীতি

    সম্ভাব্য করহার ঘোষণার নীতিমালা অব্যাহত রাখার পরিকল্পনা এনবিআরের

    ইভান মাহমুদমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    nbr
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত সম্ভাব্য বা প্রোসপেকটিভ করহার ঘোষণার নীতিমালা অব্যাহত রাখার পরিকল্পনা করছে। এর ফলে করদাতা ও ব্যবসায়ীরা করবর্ষ শেষ হওয়ার অপেক্ষায় না থেকে আগেভাগেই তাদের করের হার সম্পর্কে ধারণা পাবেন যা দীর্ঘমেয়াদে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিরতা নিয়ে আসবে।

    ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকেই এই উদ্যোগের সূচনা হয়েছে। সরকার বিনিয়োগ ও কর পরিকল্পনাকে আরও কার্যকর করতে প্রচলিত পশ্চাদমুখী (রেট্রোস্পেকটিভ) ব্যবস্থার বদলে আগাম কর নির্ধারণের (প্রোসপেকটিভ) দিকেই এগোচ্ছে।

    পূর্বের ব্যবস্থায়, একটি আয় বছর শেষ হওয়ার পর করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা সেই বছরের আয়ের ভিত্তিতে রিটার্ন দাখিল করতেন এবং পরবর্তী অর্থবছরে এনবিআর কর্তৃক নির্ধারিত করহারে কর পরিশোধ করতেন। যেমন- বর্তমান আয়কর বর্ষটি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত। আগের নিয়ম অনুযায়ী, এর জন্য কর হার নির্ধারিত হতো ২০২৫-২৬ অর্থবছরে। ফলে করদাতারা পূর্ব প্রস্তুতি নিতে পারতেন না এবং কর পরিকল্পনায় একধরনের অনিশ্চয়তা থেকে যেত।

    কিন্তু সম্ভাব্য কর ব্যবস্থায় ব্যক্তি ও ব্যবসায়ীরা আগেই করহার জেনে নিয়ে সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা ও কর পরিশোধের প্রস্তুতি নিতে পারবেন। এটি ভবিষ্যৎমুখী পরিকল্পনার পথকে সুগম করবে।

    অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, দীর্ঘদিন ধরেই করদাতারা আগাম কর হার জানার সুযোগ দাবি করে আসছিলেন। সে দাবি বিবেচনায় নিয়ে এনবিআর এই সম্ভাব্য পদ্ধতিকে স্থায়ী রূপ দিতে চায়। তিনি জানান, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের পর আরও দুই বছরের জন্য এই ব্যবস্থাকে অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারী ও কর বিশ্লেষকরা। তাদের মতে, এটি শুধু কর পরিকল্পনাকেই স্বচ্ছ করবে না বরং দেশি ও বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াবে এবং অর্থনৈতিক কাঠামোয় স্থিরতা আনবে।

    ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, “যদি সত্যিই এটি বাস্তবায়ন হয় তাহলে নিঃসন্দেহে এটি একটি দারুণ উদ্যোগ। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগেভাগেই পরিকল্পনা করতে পারবে এবং তাদের আর্থিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।”

    তিনি আরও বলেন, আগাম করের ধারণা কার্যকর করের হার হ্রাসেও সহায়ক হবে। আগের ব্যবস্থায় বছরের শেষে ব্যবসায়ীরা জানতে পারতেন যে করহার কত ছিল। এতে পূর্ব পরিকল্পনায় ঘাটতি থেকে যেত কারণ অনেক প্রতিষ্ঠান আগেই তাদের হিসাব চূড়ান্ত করে এবং লভ্যাংশ বিতরণ শেষ করে ফেলে।

    এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিস বড়ুয়া বলেন, কর হার আগাম জানার ফলে অনিশ্চয়তা কমবে। এতে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়েই সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণ ব্যবস্থাপনায় কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে।

    তবে তিনি সতর্ক করেন, আগাম করহার জানা সুবিধা দিলেও তা যৌক্তিক না হলে কিংবা কার্যকর কর হার যদি ঘোষিত হারের তুলনায় বেশি হয় তাহলে এর সুফল নষ্ট হয়ে যেতে পারে।

    সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের ভাইস প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “এই নীতিমালার ধারাবাহিকতা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইতিবাচক ভূমিকা রাখবে।” তার মতে, দেশে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

    এদিকে, চলতি অর্থবছরে দেশের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারীর সংখ্যা প্রায় এক কোটি ১৩ লাখ হলেও তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ এখনো রিটার্ন জমা দেননি। এই বাস্তবতায় কর ব্যবস্থায় স্বচ্ছতা ও পূর্বনির্ধারিত কাঠামো চালু থাকলে করদাতাদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত ১৫ মে এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছেন। এখন এটি কার্যকরভাবে বাস্তবায়ন ও অব্যাহত রাখাই মূল চ্যালেঞ্জ। তবে রাজস্ব বোর্ডের এই পদক্ষেপ কর সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.