জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির উদ্যোগের প্রতিবাদে আন্দোলনে থাকা কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ দাবি করে আজ বুধবার থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার, ২৪ মে থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ব্যতীত সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হলে আগামী সোমবার, ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে রাজস্ব সংশ্লিষ্ট সব কার্যক্রমে পূর্ণ কর্মবিরতি শুরু হবে।
আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা এসব কর্মসূচি ঘোষণা করেন। এর আগে তারা গত এক সপ্তাহ ধরে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি ও অবস্থান তুলে ধরে একটি স্মারকলিপি পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গতকাল অর্থ উপদেষ্টাসহ সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আন্দোলনরত কর্মকর্তাদের যে বৈঠক হয়েছে তা কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছায়নি। তারা জানান, এ বৈঠকে তাদের দাবি যথাযথ গুরুত্বে আমলে নেওয়া হয়নি।
এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবির পাশাপাশি রাজস্ব খাত সংস্কার সংক্রান্ত চলমান অধ্যাদেশ বাতিল, রেভিনিউ রিফর্ম কমিটির সুপারিশসমূহ জনসম্মুখে প্রকাশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুনভাবে রাজস্ব ব্যবস্থার সংস্কার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে ট্যাক্সের অতিরিক্ত কমিশনার হাছিনা আখতার, এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এনবিআরের অধিকাংশ জ্যেষ্ঠ সদস্য ও কমিশনাররা উপস্থিত ছিলেন। তাদের সবাই আন্দোলনের দাবির প্রতি সংহতি জানান এবং সরকারকে অনতিবিলম্বে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এর ফলে দেশের রাজস্ব ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত সমাধান না হলে এর প্রভাব রাষ্ট্রের সামগ্রিক রাজস্ব আহরণ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

