অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়ে ৩ দশমিক ৮৫ শতাংশে নামিয়ে এনেছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন হার। মঙ্গলবার দুদিনব্যাপী নীতিনির্ধারণী বৈঠকের পর ব্যাংকটি এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।
সুদহার কমানোর কারণ ব্যাখ্যা করে আরবিএ জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতির চলমান অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতির মন্দাভাবকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটি বলেছে, অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ঝুঁকি কমে এসেছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলেও সতর্কতা প্রকাশ করেছে তারা।
যদিও ভবিষ্যতে সুদের হার আরও কমবে কিনা সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি রিজার্ভ ব্যাংক। বরং তারা জানায়, অর্থনীতির সার্বিক গতিপথ, মূল্যস্ফীতির গতি এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো হবে ধাপে ধাপে, তথ্যভিত্তিক এবং সতর্কভাবে।
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন মূল্যস্ফীতি ঠেকাতে সুদহার বাড়ানোর নীতি গ্রহণ করছে, ঠিক তখন অস্ট্রেলিয়ার এই হার কমানোর সিদ্ধান্ত বৈশ্বিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বিশেষ করে দেশটির ভোক্তা চাহিদা, শ্রমবাজার এবং রপ্তানি খাতে যে দুর্বলতা দেখা দিচ্ছে তা এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
রয়টার্স প্রকাশিত খবর ও ছবির ভিত্তিতে জানা যায়, অস্ট্রেলিয়া এখন অপেক্ষাকৃত সতর্ক ও ব্যালান্সড আর্থিক নীতির পথে হাঁটছে যেখানে মূল লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করা এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব মোকাবিলা করা। এই সিদ্ধান্ত বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করলেও সামগ্রিকভাবে এটি দেশটির অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

