বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে আম রপ্তানির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ মে আনুমানিক ৫০ টন আম চীনে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া।
বুধবার (২১ মে) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কৃষি সচিব জানান, দেশের বছরে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই মৌসুম শেষ হয়ে যায়। অথচ বিশ্বজুড়ে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে যা রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের সময় আম রপ্তানির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় চীনে এই প্রথম বাংলাদেশের আম রপ্তানির দরজা উন্মুক্ত হলো।
চীনের বিভিন্ন প্রদেশের সঙ্গে বর্তমানে সরকারের আলোচনা চলছে যাতে করে ভবিষ্যতে আম রপ্তানির পরিমাণ আরও বাড়ানো যায়। এছাড়া শুধু চীনেই নয়, অন্যান্য সম্ভাবনাময় দেশেও আম রপ্তানি বৃদ্ধির উপায় খোঁজা হচ্ছে বলেও জানান সচিব।
কৃষিপণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি প্রসারের অংশ হিসেবে কাঁঠাল রপ্তানির বিষয়েও পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সচিব জানান, আমের পাশাপাশি কাঁঠালও চীনে রপ্তানির সম্ভাব্যতা নিয়ে সরকার ভাবছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশের কৃষিপণ্য বিশ্ববাজারে প্রবেশের এ ধরণের উদ্যোগ ভবিষ্যতে কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

