পোশাক শিল্পের কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের বর্তমান সভাপতি কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, বন্দর যদি ২৪ ঘণ্টা খোলা না থাকে তাহলে ঈদের আগেই শ্রমিকদের পাওনা মেটানোর দায়িত্ব মালিকরা নিতে পারবেন না।
বুধবার (২১ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিজিএমইএ নির্বাচনকেন্দ্রিক জোট ‘সম্মিলিত পরিষদ’-এর ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এ মন্তব্য করেন কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, “ঈদ আসছে। কিন্তু চট্টগ্রাম বন্দরে ঠিকভাবে কাজ হচ্ছে না। আমাদের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। চীন থেকে কাঁচামাল ১৪ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও সেখান থেকে ঢাকায় আসতে সময় লাগছে ১৮ দিন। এই পরিস্থিতিতে আমাদের ব্যবসা কীভাবে চলবে?”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের অনেক ইস্যু থাকতে পারে সংস্কারও করতে পারেন, কিন্তু সেটা যেন শিল্পকে ধ্বংস করে না হয়। আমাদের কবর দিয়ে নয়। আমদানি-রপ্তানির গতি বাড়াতে হলে বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা সচল রাখতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তা না হয় তাহলে শ্রমিকদের বেতন-ভাতা দিতে আমরা পারব না। রপ্তানি বন্ধ হয়ে যাবে, কনটেইনার সড়কে পড়ে থাকবে, আর আমাদের হাতে নগদ অর্থ থাকবে না। এমন অবস্থায় আমরা শ্রমিকদের পাওনা কীভাবে পরিশোধ করব?”
সম্মেলনে সম্মিলিত পরিষদের দলনেতা আবুল কালাম জোটের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। সেখানে শিল্পে টেকসই উন্নয়ন ও সংকট নিরসনে প্রয়োজনীয় পরিকল্পনার কথাও বলা হয়।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্ত ঘিরে রাজস্ব প্রশাসনে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত সপ্তাহ থেকে কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি পালন করছেন, যার প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রমেও। আজ থেকে এনবিআর চেয়ারম্যানকে অব্যাহত অসহযোগিতা এবং আগামী শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
সম্মেলনে পোশাকশিল্পের বর্তমান সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, “আজ শ্রমিকদের পাওনা মেটাতে অনেক মালিককে গাড়ি-বাড়ি বিক্রি করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টের এবং লজ্জার বিষয়। এই লজ্জা থেকে মুক্তি পেতে হলে যেসব মালিক পেরে উঠছেন না তাঁদের জন্য ‘নিরাপদ প্রস্থান নীতি’ বা এক্সিট পলিসি চালু করা জরুরি। আমরা দীর্ঘদিন ধরে এই নীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছি।”
অন্যদিকে শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে শ্রম, কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানান, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, কারখানা ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। একই সঙ্গে এই দুই প্রতিষ্ঠানের মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া ডার্ড গ্রুপ, জেনারেশন নেক্সট ও রোয়ার ফ্যাশনের মালিকরা বিদেশে পলাতক রয়েছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা, আমদানি-রপ্তানির জট এবং শ্রমিকদের বেতন পরিশোধে সংকট মিলিয়ে পোশাকশিল্প আজ এক গভীর অনিশ্চয়তায় দাঁড়িয়ে। এই সেক্টরকে টিকিয়ে রাখতে সরকার, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে বাস্তবভিত্তিক, সময়োপযোগী এবং কার্যকর সিদ্ধান্ত নিতে হবে এমনটাই মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা।

