কোরবানির পশুর চামড়ার সঠিক দাম নিশ্চিত করতে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজারে সিন্ডিকেটের প্রভাব প্রতিরোধ এবং চামড়ার উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চীনের সঙ্গে কাঁচা চামড়া রপ্তানি বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’র বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে চিঠি পাঠানোর মাধ্যমে চীনকে কাঁচা চামড়া আমদানির জন্য অনুরোধ জানানো হবে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার (২২ মে) কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা করা হবে। এবার পূর্ববর্তী বছরের তুলনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হবে বাস্তবসম্মত এবং যৌক্তিক, যাতে চামড়া বিক্রেতা, ক্রেতা এবং প্রক্রিয়াজাতকারীরা সবাই লাভবান হতে পারেন।
তিনি বলেন, “বাজার ব্যবস্থাপনার মাধ্যমে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে কাঁচা চামড়া সরাসরি রপ্তানিও করা হবে।”
বাজারে সিন্ডিকেটের প্রভাব রোধ এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো যতদিন না পর্যন্ত উপযুক্ত দাম নিশ্চিত হচ্ছে, ততদিন মাদ্রাসা, এতিমখানা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চামড়া সংরক্ষণ করতে পারে সেজন্য তাদের বিনামূল্যে ৩০ হাজার টনের বেশি লবণ সরবরাহ করা হবে।
এছাড়া, সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি শেখাতে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে তা প্রচারেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদের পর অন্তত ১৫ দিন স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে আধা-সরকারি চিঠির মাধ্যমে। পাশাপাশি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ সারাদেশে ৭০ হাজার টন লবণ সরবরাহ করবে শিল্প মন্ত্রণালয় যার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।
গত বছর ঢাকায় গরু ও মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি বর্গফুটে ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা। খাসির চামড়া বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায় এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকায়। এ বছর সেই দর বাড়ানোর ঘোষণা আসছে।
চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭২-৭৩ অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় ছিল মাত্র ১৬.১৮ মিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১.২২ বিলিয়ন ডলারে। তবে পরের বছর তা কমে দাঁড়ায় ১.০৪ বিলিয়নে, যা আগের বছরের তুলনায় ১১.৬০ শতাংশ কম। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়কালে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৯৩২.৫৩ মিলিয়ন ডলারে যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.০৮ শতাংশ বেশি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে, চামড়া বাজারে সচ্ছতা, ন্যায্য মূল্য এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা এ বছরের কোরবানির মৌসুমে চামড়া ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

