চীনা পণ্যের ওপর ৩০ শতাংশ এবং অন্যান্য দেশের আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকলে চলতি বছর মার্কিন লাইফস্টাইল পণ্য কোম্পানি গ্যাপকে অতিরিক্ত ১০ থেকে ১৫ কোটি ডলার পর্যন্ত খরচ বহন করতে হতে পারে। এই শুল্ক নীতির কারণে প্রতিষ্ঠানটির ব্যয় বাড়ার শঙ্কা তৈরি হলেও পণ্যের দাম বাড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে কোম্পানিটি।
গ্যাপের অধীনে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড নেভি, বানানা রিপাবলিক এবং অ্যাথলেটা। মার্চে শেষ হওয়া তিন মাসে কোম্পানিটির বিক্রি টানা পঞ্চম প্রান্তিকে ২ শতাংশ বেড়েছে, যা বাজারে ইতিবাচক ইঙ্গিত দিলেও ভবিষ্যতে এই প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, ট্যারিফ বা আমদানি শুল্কের অনিশ্চয়তা গ্যাপের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে সব শঙ্কার মাঝেও গ্রাহকদের স্বস্তি দিয়ে গ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ডিকসন জানিয়েছেন, অতিরিক্ত শুল্ক ব্যয় চাপলেও পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই। তিনি বলেন, “আমরা চাই না ট্যারিফের বোঝা সরাসরি গ্রাহকের কাঁধে গিয়ে পড়ে।”
সংবাদ মাধ্যম সিএনবিসি-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব শুধু গ্যাপ নয়, গোটা খুচরা পোশাক খাতেই স্পষ্ট হতে পারে। উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে শুল্কজনিত বাড়তি খরচ কোম্পানিগুলোকে নানাভাবে ব্যয় সংকোচে বাধ্য করছে। তা সত্ত্বেও গ্যাপ বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে এবং প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে যথাসম্ভব খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের চলমান শুল্কনীতি শুধু চীন নয়, বৈশ্বিক সরবরাহ কাঠামোতেও প্রভাব ফেলছে। ফলে পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর পণ্যমূল্য ও ব্যবসায়িক কৌশলে পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে। গ্যাপের মতো কোম্পানিগুলোর জন্য এই পরিস্থিতি চ্যালেঞ্জের হলেও দীর্ঘমেয়াদে টিকতে হলে ট্যারিফের প্রভাব মোকাবেলায় স্থিতিশীল পরিকল্পনা প্রয়োজন হবে বলে মত দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

