বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসক নিয়োগের সাত মাস পর এবার নতুন নেতৃত্ব গঠনে ভোট হয়।
নির্বাচনে ৩৫টি পরিচালক পদের মধ্যে সর্বোচ্চ ১১৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফোরাম প্যানেলের নেতা মাহমুদ হাসান খান বাবু।
শনিবার, ৩১ মে ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলে ভোট।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। এতে দেখা যায়, ফোরাম প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন ৩৫টি পদের মধ্যে ৩১টিতে। বাকি ৪টি পদে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা।
ঢাকায় ফোরাম পেয়েছে ২৫টি পদ। চট্টগ্রামে পেয়েছে ৬টি। অন্যদিকে সম্মিলিত পরিষদ ঢাকায় পেয়েছে ১টি এবং চট্টগ্রামে ৩টি পদ।
ঐক্য জোটের কেউ বিজয়ী হতে পারেননি। ঢাকায় সম্মিলিত পরিষদের একমাত্র জয়ী প্রার্থী বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনটি প্যানেলের মোট ৭৬ জন প্রার্থী। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ছিল ৩৫টি পরিচালক পদ।
মোট ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ১ হাজার ৬৩১ জন ভোট দেন। যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ।
ফোরাম প্যানেলের জয় নিশ্চিত হওয়ার পর মাহমুদ হাসান খান বাবু বলেন, “ভোটারদের যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, বিজিএমইএর এই ফলাফল সংগঠনটির ভবিষ্যৎ দিকনির্দেশনায় বড় প্রভাব ফেলবে।

