চীনের অর্থনৈতিক গতি হ্রাস এবং অতিরিক্ত উৎপাদনের ফলে তৈরি হওয়া মূল্যহ্রাসের প্রতিযোগিতা ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সাম্প্রতিক এক বার্ষিক জরিপে উঠে এসেছে, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো চীনে তাদের খরচ ও বিনিয়োগ কমিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছে। এই জরিপের তথ্য প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন চায়না, যার প্রতিবেদন “বিজনেস কনফিডেন্স সার্ভে ২০২৫” শিরোনামে প্রকাশিত হয়েছে। জরিপভিত্তিক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চীনে ইউরোপীয় কোম্পানিগুলো যেসব চ্যালেঞ্জের মুখে পড়ছে, সেগুলো মূলত দেশটির সামগ্রিক অর্থনৈতিক সংকটের প্রতিফলন। রিয়েল এস্টেট খাতের দীর্ঘমেয়াদি দুরবস্থা, ভোক্তা ব্যয়ের নিম্নগতি এবং অতিরিক্ত উৎপাদনের ফলে সৃষ্টি হওয়া প্রতিযোগিতা চীনের বাজারে ব্যবসার পরিবেশকে আরও কঠিন করে তুলেছে।
চীন বর্তমানে দেশীয় চাহিদার ঘাটতি পুষিয়ে নিতে রফতানি নির্ভর কৌশল গ্রহণ করছে। তবে ইউরোপ ও আমেরিকা উদ্বেগ প্রকাশ করে বলছে, এভাবে চীনা পণ্যের বন্যা দেশগুলোর নিজস্ব শিল্পখাতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফলে ইউরোপ ও আমেরিকা বিভিন্ন সময় চীনা পণ্যের ওপর শুল্ক ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা আরোপ করেছে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়ন গত বছর চীনের ইলেকট্রিক যান (ইভি) রপ্তানির ওপর শুল্ক আরোপ করে, অভিযোগ ছিল—চীন ইভি খাতে সরকারিভাবে অন্যায্য ভর্তুকি দিচ্ছে।
জরিপে দেখা গেছে, অর্থনৈতিক যে গতিপ্রবাহ চীনকে রফতানিমুখী করছে, সেই একই প্রবণতা দেশটির অভ্যন্তরীণ বাজারে ব্যবসা পরিচালনায় আস্থার ঘাটতি তৈরি করছে। চীনা সরকার প্রণোদনার মাধ্যমে নির্দিষ্ট খাত—বিশেষ করে ইভি শিল্পে বিপুল বিনিয়োগ আকৃষ্ট করেছে। এতে উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেড়ে গেছে, যার ফলে বাজারে অতিরিক্ত সরবরাহ এবং তীব্র মূল্য প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই অবস্থায় দেশটির কোম্পানিগুলো বিদেশি বাজারে প্রবেশ করতে বাধ্য হচ্ছে, যা ইউরোপের স্থানীয় শিল্প ও কর্মসংস্থানের ওপর চাপ সৃষ্টি করছে।
এই প্রেক্ষাপটে ইউরোপীয় কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, চীন থেকে ক্রমবর্ধমান আমদানি ইউরোপীয় অঞ্চলের নিজস্ব উৎপাদনশীলতা ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপের পেছনে মূল ভাবনা ছিল—চীনা কোম্পানিগুলোর সঙ্গে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা।
এ বিষয়ে ইউরোপীয় চেম্বারের সভাপতি জেনস এস্কেলুন্ড সম্প্রতি বলেন, “দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক থেকে যে উপকার পাওয়া যাচ্ছে, তা ন্যায্যভাবে ভাগাভাগি হচ্ছে না।” একই সঙ্গে তিনি চীনের ভোক্তা ব্যয় বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করলেও, সরকারের প্রতি আহ্বান জানান—এমন নীতি গ্রহণ করার জন্য যাতে সরবরাহের প্রবৃদ্ধি চাহিদাকে অতিক্রম না করে।
জরিপে অংশ নেয়া প্রায় ৫০০টি ইউরোপীয় কোম্পানি জানায়, ২০২৪ সালে চীনে তাদের মুনাফার ওপর চাপ আরও বেড়েছে এবং সামগ্রিকভাবে ব্যবসায়িক আস্থা কমে গেছে। এই আস্থা হ্রাসের ধারাবাহিকতা এখনো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
চীনের অর্থনীতি পুনরুদ্ধারে নীতিনির্ধারকদের গৃহীত পদক্ষেপগুলো এখন ইউরোপীয় বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কতটা কার্যকর হতে পারে, তা নির্ভর করছে ভবিষ্যতের নীতিনির্ধারণী প্রবণতার ওপর। ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য এখন চীন একটি কঠিন সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে—যেখানে বিনিয়োগ চালিয়ে যাওয়া, না কমিয়ে আনা, সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

